ডা. দিদারুল আহসান।।
প্রকৃতি এখন একদম বৈরী। সারা দেশে বইয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় আমাদের ত্বক। সূর্যের অতিবেগুনি রশ্মি এই ক্ষতিটা করে। এ কারণে ত্বক বুড়িয়ে যায়, বিবর্ণ হয়। এ থেকে ত্বক ক্যানসারও হতে পারে। রোদের প্রভাবে ত্বকের কোষগুলো মরে যায়। ফলে ত্বক হারায় স্বাভাবিক ঔজ্জ্বল্য। তাই সতর্ক থাকতে হবে।
অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলুন : ত্বক সুন্দর, তরতাজা, উজ্জ্বল রাখতে অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে। নইলে ত্বক বুড়িয়ে যেতে পারে। এ সময় একটি ছাতা বা টোকাজাতীয় টুপি ব্যবহার করতে পারেন। ত্বকের রঙ বিবেচনায় উৎকৃষ্ট সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করুন। বাজারে অনেক রকমের সানস্ক্রিন আছে। তাতে সান প্রটেকশন ফ্যাক্টর, যেমনÑ সান ১৫, ৩০, ৪৫, ৬০ ইত্যাদি আছে। তবে তা ১৫-এর নিচে ও ৩০-এর বেশি ব্যবহার না করা ভালো। কালো ত্বকের জন্য এসপিএফ ৮ থেকে ১২ হলেই যথেষ্ট। কারণ এ ত্বকের গায়ে যে মেলানিন থাকে, যা প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে।
ঘাম ও ঘামাচি থেকে বাঁচুন : ঘর্মগ্রন্থির রোগ ঘামাচি, যা অতিরিক্ত আর্দ্রতা ও গরমে লোমকূপ বন্ধ হয়ে সৃষ্টি করে। গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়, যা ঘর্মগ্রন্থির ছিদ্রপথে বেরিয়ে আসতে সক্ষম হয়। ফলে ওই নিঃসরণ ঘর্মগ্রন্থি ফুটো করে ত্বকের নিচে এসে জমা হতে থাকে। সেই স্থান ফুলে ওঠে। একইসঙ্গে প্রচণ্ড চুলকানি ও সামান্য জ্বালাপোড়া ভাব থাকে। এজন্য গরমকালে ঠাণ্ডা পরিবেশে অবস্থান করতে হবে, যাতে ত্বকের সংস্পর্শে বাতাস খেলতে পারে।
অতিরিক্ত ঘাম নয় : হাত-পায়ের তালুসহ শরীর থেকে অল্প পরিমাণ ঘাম হওয়া স্বাভাবিক দৈহিক ক্রিয়া। কিন্তু তা বেশি পরিমাণ বেরোলে, দুর্গন্ধযুক্ত হলে বলে হাইপারহাইড্রোসিস। এটা রোগ-শোক, দুশ্চিন্তাগ্রস্ত ও আবেগচালিত ব্যক্তিদেরই বেশি হয়। এ সমস্যা থাকলে ২০ শতাংশ অ্যালুমিনিয়াম ক্লোরাইড তিন-চার সপ্তাহে তিনবার প্লাস্টিক হ্যান্ড গ্লোবসের মাধ্যমে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
আরও যা করবেন : দিনে দুবার কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করুন। ভালো কোনো বেবি সোপ বা গ্লিসারিন সাবান ব্যবহার করতে পারেন। তবে একদম সাবান ব্যবহার না করা ঠিক নয়। এতে ত্বকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হতে পারে। ত্বক শুষ্ক হলে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তাই ত্বকের আর্দ্রতা রক্ষা করুন। এজন্য প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। অতিরিক্ত অ্যান্টিসেপটিক ক্রিম বা লোশন ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বক মোটা ও খসখসে হয়ে যায়। গরমে ঘামে পোশাক ভিজে গেলেই তা বদলে শুষ্ক ও পাতলা কাপড় পরে নিতে হবে। গোসলের পর দেহের ভাঁজগুলোয় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। কেননা দেহের ভাঁজের স্যাঁতসেঁতে স্থানগুলো ছত্রাক জন্মানোর উর্বর ক্ষেত্র। গরমকালে তেল ব্যবহার না করা ভালো। পাউডারের সঙ্গে ঘাম মিশে স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হতে পারে বলে দেহের ভাঁজযুক্ত স্থানগুলোয় পাউডার ব্যবহার না করা ভালো। ত্বক ভালো রাখতে ভিটামিন-এ যুক্ত খাবার খান। ঝাল খাবার, টমেটো, সস, চকোলেট, চা-কফি, গরম স্যুপ খাবেন না। এগুলো খাবার খেলে বেশি ঘামতে পারেন।
লেখক : চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ
সিনিয়র কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক
আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা
০১৭১৫৬১৬২০০, ০১৮১৯২১৮৩৭৮











































