Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশ পাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশ পাশের সব খবরা খবর

109
গরমের কারণে ইলেকট্রিক দোকানগুলোতে ফ্যান বিক্রি বেড়েছে। ক্রেতারা ফ্যান কিনতে দোকানে ভিড় করছেন--সংগৃহীত

মাগুরাতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে দুই দিন ব্যাপি ওএনএসএস বিষয়ক প্রশিক্ষণ

নওয়াব আলী মাগুরাঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে সম্ভব্য প্রার্থী/রাজনৈতিক দলের প্রতিনিধি/সরকারি দপ্তরে কর্মরত আইসিটি জ্ঞান সম্পন্ন কর্মচারীদের ২দিন ব্যাপি অনলাইন নোমিনেশন সাবমিশান সফটওয়্যার (ওএনএসএস) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকাল ১০টায় মাগুরা জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মাগুরা জেলা নির্বাচন অফিসার মোঃ মাছুদুররহমান প্রধান প্রশিক্ষক ছিলেন শালিখা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মতিউর রহমান।

প্রশিক্ষণে অংশনেন শালিখা ও মহম্মাদপুর উপজেলা থেকে সম্ভব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান পুরষ ও মহিলা প্রার্থী।এবং তাদের সাথে আসা প্রস্তাবকারী ও সমর্থনকারী,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী,সাংবাদিক হোসেন আলী প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ল

ঢাকা অফিস

সারা দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আরও এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার এ সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সকল  সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১/৪/২০২৪ তারিখে খোলার পরিবর্তে আগামী ২৮/৪/২০২৪ তারিখে যথারীতি খুলবে।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল, ২০২৪ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

প্রসঙ্গত, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রোববার ক্লাসে ফেরার কথা ছিল শিক্ষার্থীদের।

প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ:

এদিকে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠেছে। গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। চলমান তাপদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এ অবস্থায় পরিস্থিতি বিবেচনায় আগামী সাতদিন না খুলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। তবে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেই বলে শনিবার সকালে জানিয়েছিল শিক্ষা প্রশাসন। এরপর দুপুরে নতুন সিদ্ধান্ত জানানো হয়।

খুলনায় সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

ঢাকা অফিস

খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাসযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহ’র জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

তিনি জানান, এই চোরাচালানের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

চুরির অভিযোগে যুবককে মারধর, চুল কাটার ভিডিও ভাইরাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

‘বিপদে পড়ে খোকন মেম্বরের কাছে আশ্রয় চেয়েছিলাম। কিন্তু মেম্বর আমার দায়িত্ব নেয়নি। পরে জমিওয়ালা এসে আমাকে অনেক মারধর করে। আরেকজন মাথার চুল কেটে দেয়। একজন আবার সেটা ভিডিও করেন।’

শুক্রবার এভাবেই নিজের নির্যাতিত হওয়ার বর্ণনা দিচ্ছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাঈম শেখ। ১৭ এপ্রিল রাতে কলা চুরির অভিযোগে তাঁকে বেধড়ক মারধরের পর চুল কেটে দেওয়া হয়। পরদিন রাতে এই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

নাঈম শেখ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মানিক শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। তবে ফেসবুকে ভিডিও ছড়ালেও এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ১৭ এপ্রিল রাত ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা বাজার থেকে এক অজ্ঞাত ব্যক্তি গোপকগ্রাম যাওয়ার কথা বলে নাঈমের ভ্যানটি ভাড়া নেন। পথে ওই ব্যক্তির সঙ্গে তাঁর আরও দু’জন সহযোগী যুক্ত হন। একপর্যায়ে জোরপূর্বক ভ্যান থামিয়ে ওই ব্যক্তিরা কলাভর্তি একটি সাদা বস্তা ভ্যানে তোলেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ভ্যানচালক নাঈমকে আটক করেন এবং তাঁকে মারধর করেন। এ সময় সেখানে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. খোকন উপস্থিত ছিলেন। ঘটনার বর্ণনায় একই তথ্য জানিয়েছেন নাঈম।

নাঈম জানান, সে সময় তিনি খোকনের কাছে আশ্রয় চেয়েছিলেন। পরে জমির মালিক রওশন আলী, সিরাজুল ইসলাম, রেজাউল ইসলামসহ কয়েকজন তাঁকে মারধর করেন। এদের মধ্যে সিরাজুল ইসলাম কাচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেন।

এদিকে এ ঘটনার পর থেকে রওশনসহ অন্যরা গা ঢাকা দিয়েছেন। তাই চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশাকেও ফোনে পাওয়া যায়নি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক হাবীব চৌহান জানান, ফেসবুকে তিনি ভিডিওটি দেখেছেন। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনা যাই হোক তাঁকে (নাঈম) পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এমপি দোলনের গাড়িতে হামলা, মৎস্যজীবী লীগ নেতা আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন শ্যামনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। ঘটনাস্থল থেকে বাবু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শ্যামনগরের সোনারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক বাবু পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার হুগলি গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে।

এমপি দোলনের ব্যক্তিগত সহকারী এস এম নুরুজ্জামান টুটুল জানান, তারা উপজেলা সদর থেকে গোমানতলী গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত ৯টার দিকে গোডাউনমোড় এলাকা অতিক্রমকালে এমপির গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েক যুবক ইট ছোড়ে। এ সময় গাড়ির বাঁ পাশের কাচ ভেদ করে বড় একটি ইট মাঝের আসনে বসা মারুফ হোসেনের বুকে লাগে। হামলার শিকার গাড়িতে সংসদ সদস্যও রওনা হয়েছিলেন। তবে পথে ওষুধ কেনার জন্য তিনি নেমে মোটরসাইকেলে নকিপুর বাজারে যান।

আহত মারুফ হোসেন জানান, ইট ছুড়ে তিন যুবক দৌড়ে সোনারমোড়ের দিকে পালিয়ে যায়। এমপির ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

এমপি দোলন বলেন, ওই সড়কে মেরামত কাজ চলছে। এ কারণে ঘোরানোর সুযোগ না থাকায় তিনি গাড়ি থেকে নেমে মোটরসাইকেল নিয়ে ওষুধ কিনতে যান।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বাবু নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদে হামলার উদ্দেশ্যসহ সহযোগীদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে নিহত

 সাতক্ষীরা প্রতিনিধি

ঢাকা অফিস

সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। শনিবার বন বিভাগ এ তথ্য জানিয়েছে।

নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সঙ্গে সুন্দরবনের গহিনে মধু আহরণ করতে যায়। সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বন বিভাগের একটি দল তার লাশ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

সময় কম দেওয়ায় স্বামীর বিশেষ অঙ্গ কর্তন, দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

 সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় দ্বিতীয় স্ত্রীকে সময় কম দেওয়ায় আজহারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন বিষপানে আত্মহত্যা করেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতের কোনো একসময় উপজেলার কেড়াগাছি ইউনিয়নের পাচপোঁতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, আজহারুল ইসলাম বিগত চার মাস এই গ্রামে ভাড়া থাকতেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে কেমন যেন শব্দ শুনতে পায়। পরে আমাকে খবর দিলে চৌকিদার নিয়ে ঘরে ঢুকে দেখি দুজনে অচেতন হয়ে পড়ে আছে। পরে কলারোয়া থানাপুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সঙ্গে স্বামী আজহারুলের নানা সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে কম সময় দিতেন। তারই রাগ ও ক্ষোভে শুক্রবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে বিশেষ অঙ্গ কেটে ফেলেন। প্রথমে তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝর্ণা খাতুনকে মৃত ঘোষণা করেন। স্বামী আজহারুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলামের বাড়ি উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। তার দুই স্ত্রী। বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্ণা খাতুন।

গরমে নাকাল, পানি-স্যালাইন নিয়ে শ্রমজীবীদের পাশে এক ঝাঁক তরুণ

 যশোর অফিস

তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে।

এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত যশোরে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছে এক ঝাঁক তরুণ।

শুক্রবার দুপুরে শহরের দড়াটানা, জজকোর্ট মোড়ে রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঐক্য-বন্ধন।

এ সময় উপস্থিত ছিলে ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, সদস্য ইনজামামুল হক রিমু, মানজুরুল ইসলাম, শিহাব হাসান, আশিকুজ্জামান, আরাফাত হাসান, রুহুল আমিন, ফরহাদ ইসলাম, বায়জিদ হাসান, রত্ন রাজ রায়।

ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে ঐক্য-বন্ধন যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, যশোরে তীব্র তাপপ্রবাহে আমরা ঐক্য-বন্ধনের সদস্যদের নিয়ে চেষ্টা করছি যারা পথচারী ও রিকশাচালক আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। এ জন্য পানি ও স্যালাইন বিতরণ করেছি। এদিন দেড় শতাধিক দিনমজুর রিকশাচালকদের ঠাণ্ডা পানি ও স্যালাইন দিয়েছি। এখন বোরো মৌসুমে ধান কাটার মৌসুম চলছে। গ্রামে কৃষক ও দিনমজুরদের মাঝেও পানি স্যালাইন বিতরণ করা অব্যাহত থাকবে। এই গরমে স্বাস্থ্য সচেতন না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২. ৬ ডিগ্রি

যশোর অফিস

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার দুপুরে যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত যশোরে তাপমাত্রা রেকর্ড হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। কিন্তু শনিবার (২০ এপ্রিল) গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা দাঁড়ায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শহরে লোকজনের উপস্থিতি কম হলেও শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। স্বস্তি পেতে রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ কিছু সময় পর পর হাতে মুখে পানি দিয়ে নিজেকে শীতল রাখার চেষ্টা করছেন।

এদিকে, শনিবার ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৮ শতাংশ। জেলার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে দিনদিন বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা।

তীব্র দাবদাহের কারণে জেলা প্রশাসন থেক জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। জনসাধারণকে সতর্ক করতে জেলার ৪ উপজেলায় হিট অ্যালার্ট জারির মাইকিং করা হচ্ছে। গরমে স্বাস্থ্য সতর্কতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষাণাগারের সিনিয়র পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৫৮ শতাংশ। দুপুর ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা চিল ১৮ শতাংশ। বেলা ৩টায় তাপমাত্রার পারদ আরো বেড়ে দাঁড়ায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৮ শতাংশ।

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে জাকির হোসেন (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে তিনি মাঠে গেলে হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। তিনি পেশায় ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।

জাকির হোসেনের বাবা আমির হোসেন ও দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

আমির হোসেন বলেন, ‘তীব্র গরমে মাঠের ধান মরার মতো অবস্থা। ধানের জমিতে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে মাঠে যায় জাকির হোসেন। মাঠে যাওয়ার ঘণ্টাখানেক পর খবর পাই ছেলে স্ট্রোক করেছে। মাঠের অন্য কৃষকরা ছেলেকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথেই সে মারা যায়।’

সাতক্ষীরার শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

সাতক্ষীরা প্রতিনিধি

চলতি মৌসুমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এসব এলাকায় চাষের জমিতে ধান চাষের পর তরমুজ চাষ করা হয়েছে। বাজারে দেশের অন্য অঞ্চলের তরমুজের সরবরাহ কমায় এসব তরমুজের ব্যাপক চাহিদা আছে। ফলে কৃষকেরা তরমুজ ভালো দামে বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়নে ৬৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। প্রতি বিঘায় ৬০-৮০ মণ তরমুজ উৎপাদন হয়েছে। আগামীতে এ উপজেলায় তরমুজ চাষ আরও বাড়বে।

আটুলিয়া গ্রামের তরমুজ চাষি কেনারাম মন্ডল বলেন, ‘এ বছর এলাকায় ড্রাগন ও জাম্বু গোয়ালিয়া জাতের তরমুজ চাষ করা হয়েছে। এতে আশানুরূপ ফলন পেয়েছি। বিঘাপ্রতি ৬০-৭০ মণ তরমুজ হয়েছে। বিঘাপ্রতি খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। প্রতি বিঘা থেকে ৪০-৫০ হাজার টাকার তরমুজ বিক্রি হচ্ছে।’

একই এলাকার চাষি সুরজ মন্ডল বলেন, ‘এবার ফলন ভালো হয়েছে। তবে পানির অভাবে পর্যাপ্ত সেচ দিতে পারিনি। সময়মতো সেচ দিতে পারলে ফলন আরও ভালো হতো। কৃষি অধিদপ্তরের মাধ্যমে খাল খনন অথবা ডিপ টিউবওয়েল স্থাপন করা হলে পানির সমস্যা থাকবে না।’

আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান বলেন, ‘কৃষকদের সহযোগিতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরমুজ চাষিদের জন্য বরাদ্দ পেলে আগামীতে সেচ, বীজ, সার ও কীটনাশকের ব্যবস্থা করা হবে।’

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘আকারে কিছুটা ছোট হলেও এখানকার তরমুজ অত্যন্ত সুস্বাদু। এটি বরিশালের তরমুজ শেষ হওয়ার পর বাজারে আসে। এজন্য কৃষকেরা ভালো দামে বিক্রি করতে পারেন। প্রতিকূল আবহাওয়ায় ভালো উৎপাদন হওয়ায় কৃষকেরা দিন দিন এটি চাষে আগ্রহী হচ্ছেন।’

গরমে পুড়ছে খুলনা অঞ্চল

স্টাফ রিপোর্টার

খুলনা অঞ্চলে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে গোটা খুলনা বিভাগ। টানা তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এ বিভাগের চুয়াডাঙ্গা জেলায়। বৃহস্পতিবারও সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। আর খুলনা জেলায় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এ দিন।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে গত তিন দিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত গত তিন দিন ধরে চুয়াডাঙ্গা জেলাতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আর তা থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এর মধ্যে ১৯ এপ্রিল ওঠে ৪১.৩, ১৮ এপ্রিল ছিল ৪০.৪ ও ১৭ এপ্রিল ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা তীব্র তাপপ্রবাহ হিসেবেই বিবেচনা করা হয়। ১৯ এপ্রিল খুলনায় তাপমাত্রা ওঠে ৪০.৫, ১৮ ও ১৯ এপ্রিল ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার যশোরে ৪১ দশমিক ২, মোংলায় ৪১, সাতক্ষীরায় ৪০ ও কুষ্টিয়ার কুমারখালিতে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

টানা তাপদাহে অতিষ্ঠ এখানকার জনপদ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণীকুল। তীব্র তাপে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে মানুষ ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না। দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপে গরম অনুভূত হচ্ছে। তীব্র প্রখরতায় উত্তাপ ছড়াচ্ছে চারপাশে। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। বাইরে নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, ইজিবাইকচালক ও রিকশা ভ্যানচালকদের গরমে নাভিশ্বাস উঠেছে। হা-হুতাশ করতে দেখা গেছে তাদেরকে।

খুলনার রিকশা চালক আব্দুল মজিদ বলেন, সকালে রিকশা নিয়ে বের হয়ে বেলা ১০টা পর্যন্ত তাপমাত্রা সহনীয় পর্যায়ে ছিল। এরপর তাপ বাড়তে থাকে। গা পুড়তে শুরু করে।

ঠেলাগাড়িতে কাঠ বিক্রেতা গোলাম হোসেন বলেন, এখন কাঠের ব্যবহার কমে গেছে। কিন্তু উপায় নেই। কাঠ না বেচলে পেট চলে না। গরমের মধ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারছেন না। দুই কদম হাঁটলে আর পা চলে না।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে পরিবেশবান্ধব শহর গড়তে হবে। যে শহরে থাকবে পর্যাপ্ত গাছপালা। খুলনা শহর ঘুরে সড়কের পাশে ছায়া পাওয়ার মতো কোন গাছ পাওয়া কঠিন। একসময় শহরে প্রচুর পুকুর ডোবা নালা ছিল। এখন তা খুঁজে পাওয়া যায় না।

এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে হিট অ্যালার্ট জারি করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়িত সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আরও কয়েকদিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। তবে এখনই এই এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তিনি বলেন, গ্রীষ্ম মৌসুমে চুয়াডাঙ্গায় স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড হয়। এর মধ্যে ৬ এপ্রিল ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মাঝখানে কিছুদিন তাপমাত্রা কম ছিল। এরপর ১৬ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে।

তিনি বলেন, গত ৪-৫ বছর ধরে চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে তাপমাত্রা। গত বছর এই সময়ে জেলার তাপমাত্রা ছিল ৪১ থেকে ৪২ ডিগ্রি। চুয়াডাঙ্গায় ২০১৪ সালের ২১ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

জামিনুর রহমান বলেন, বেশ কয়েকটি কারণে চুয়াডাঙ্গায় এমন তাপমাত্রা রয়েছে। যখন হিট ওয়েভ শুরু হয় তখন যদি এটা দ্রুত রিলিজ হতে না পারে তাহলে সেখানে গরম বেড়ে যায়। তাপ দ্রুত রিলিজ না হওয়ার অন্যতম কারণ হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, গাছপালা কমে যাওয়া, জলাধার কমে যাওয়া এসব কারণেই মূলত তাপটা রিলিজ হয় না। ফলে তাপমাত্রাটা বাড়তে থাকে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বিহার, কলকাতা হিট ওয়েভ চলছে। ওখানে যখন তাপমাত্রা বেশি থাকে এখানেও বাড়তে থাকে। এর কারণ ভৌগলিকভাবে চুয়াডাঙ্গা পশ্চিমবঙ্গের কাছাকাছি। পশ্চিমবঙ্গের তাপমাত্রা যখন বেশি থাকে এখানে তাপমাত্রা বেশি থাকবে। আর একটা হিট ওয়েভ যখন পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করে তার একটা অংশ চুয়াডাঙ্গা হয়েও বাংলাদেশে প্রবেশ করে- এটাও অন্যতম কারণ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, একসময় ঈশ্বরদীর আশেপাশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতো। এর অন্যতম কারণ হচ্ছে পদ্মায় পানি ছিল না। এখন চুয়াডাঙ্গাতেও একই অবস্থা। একসময় এ অঞ্চলে প্রচুর জলাভূমি ছিল। এ ছাড়া এর আশপাশে হাওর-বাওর ছিল। যা তাপকে শোষণ করতে পারতো। এখন এর পরিমাণ কমে গেছে । মূলত এটাও একটা বড় কারণ তাপমাত্রা বেশি অনুভূত হওয়ার।

বাঘ সংরক্ষণে ‘গল্প বলা’র উদ্যোগ ওয়াইল্ড টিমের

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রচারের জন্য ‘গল্প বলা’র উদ্যোগ চালু করেছেন ওয়াইল্ড টিম।শুক্রবার মোংলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোলে ওয়াইল্ড লাইফ কনজারভেশন বায়োলজি সেন্টারে ‘গল্প বলা’র এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

ওয়াইল্ড টিম মুলত সুন্দরবন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী ও আবাসস্থল সংরক্ষণে কাজ করে থাকেন। সম্প্রতি তাদের চলমান কাজের অংশ হিসেবে একটি নতুন গল্প বলার কার্যক্রম চালু করেছেন। এই উদ্যোগটি পরিবেশ সুরক্ষা ও বাঘ সম্পর্কে সচেতনতা বদ্ধিৃতে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন সংস্থাটি। বিভিন্ন ধরণের ছবি, ভিডিও ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং আইকনিক রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষার গুরুত্ব বুঝানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, বনবিভাগের কর্মকর্তা অপু কুমার ঘোষ ও সংস্থাটির নির্বাহী সদস্য সুমাইয়া নাজনীন।

চেয়ারম্যান পদপ্রার্র্থবী এসএম হাবিবের রূপসায় গণসংযোগ

রূপসা প্রতিনিধি

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব চেয়ারম্যান পদপ্রার্থী শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গণসংযোগ পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে  শুরু করে রূপসা বাসস্ট্যান্ড, পূর্ব রূপসা বাজার, মাছ বাজার, বাগমারা বাজার হয়ে পূর্ব রূপসা ব্যাংকের মোড় এলাকায় এসে শেষ হয়।

গণসংযোগকালে তিনি বলেন, ‘জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে এগিয়ে আসবেন। বাকিটা জীবন তিনি গ্রামবাসীর সেবক হিসেবে থাকতে চান।’

এ সময় উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ বেনজির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জেসমিন, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহিদ হাসান, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব শেখ,

কৃষক লীগ নেতা ফারুক মল্লিক, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, উপজেলা শ্রমিক লীগের সদস্য হাসান ব্যাপারি, মোঃ কবির শেখ, মোঃ সোহেল হোসেন লিটন, মোঃ ইসহাক শেখ, ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন তুষার, যুবলীগ নেতা শেখ সাগর, মোঃ রেজাউল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

পাইকগাছায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মারামারি, জেলা পরিষদ সদস্য সহ আহত ৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় আধিপত্য বিস্তার নিয়ে খুলনা জেলা পরিষদ সদস্য ও তার ভাইপো’র সাথে স্হানীয় আবির হোসেন ও তার সঙ্গীদের দফায় দফায় মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্ধা বাজার এলাকায়।আহতরা হলেন জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম ররি(৫১), আজাদুর রহমান গাজী(৪২) এবং অপর গ্রুপের আহতরা হলেন, সাগর সানা(২৬), আবির হোসেন(২৬) ও ইমরান গাজী(৩০)।স্হানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা পরিষদ সদস্য ও তার ভাইপো কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি সহ প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছায় একটি অনুষ্টানে জেলা পরিষদ সদস্য’র ভাইপো আজাদুর রহমান গাজী কে আবির হোসেন মারপিট করে। পরে শুক্রবার রাতে চারবান্ধা বাজারে আবির ও তার সঙ্গীদের দেখতে পেয়ে মারপিট করার বিষয়টি জানতে চায় আজাদুর রহমান। এক পর্যায়ে তারা তেড়ে

উঠে আজাদুর রহমান কে মারপিট করে আহত করে। ঐ সময় আবির ও তার সঙ্গীরা এলাকায় জনরোষের স্বীকার হয়। এতে ভিলেজ পাইকগাছার শফিকুল সানার ছেলে সাগর সানা, পারবয়ারঝাপা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবির হোসেন গাজী ও একই এলাকার লাল মিয়া গাজীর ছেলে ইমরান গাজী আহত হয়। পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে আনুমানিক রাত ৮টার দিকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। আহত আজাদুর রহমানের অবস্হার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাচী শিকদার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ঐসময় জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি ভাইপো আহত আজাদুর রহমান কে নিয়ে খুলনায় যাওয়ার পথে পৌরসদরের হাসপাতাল মোড় নামক স্হানে ৩টি মোটর সাইকেল যোগে ৬ জন দুর্বৃত্ত এসে অতর্কিতভাবে  হামলা করে  প্রাইভেটকার ভাংচুর করে ও জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি কে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে ঐ রাতেই জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম ও তার ভাইপো আজাদুর রহমান কে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আবির হোসেন জানান,আমরা আজাদুর রহমান কে মারপিট করিনি। বরং তারাই আমাদের মারপিট করে আহত করেছে। সর্বোপরি, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি’র সহোদর সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মারামারির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে কত জন আসামী হবে এ বিষয়ে তিনি জানাতে চাননি।

কুষ্টিয়ায় পিস্তলসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

 কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুলমাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা বিশ্বাস (৪৭) বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বহলবাড়ীয়া এলাকায় মাদক অভিযানে যায় পুলিশ। এ সময় খাদিমপুর স্কুলের মাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সোহেল রানা বর্তমানে যুবলীগের কোনো দায়িত্বে নেই বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন। তিনি বলেন, ‘সোহেল রানা বর্তমান কমিটির কেউ নন। তিনি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।’

খুলনার রেলওয়ে মাঠে চরমোনাই পীরের বিশাল ওয়াজ মাহফিল আজ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলার উদ্যোগে ও সদর থানার ব্যবস্থাপনায় বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ রবিবার (২১ এপ্রিল ) বিকাল ৪ টায় থেকে খুলনা মহানগরীর সদর থানার রেলওয়ে খেলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। 

বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির আলোচনা করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মাহফিলে আরও মূল্যবান নসিহত পেশ করবেন পীর সাহেব চরমোনাই রহ: এর সুযোগ্য খলিফা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলার ছদর মাওলানা ফরিদ আহমদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জাহিদুর রহমান ও মুফতি ইমরান হোসাইনসহ বিশিষ্ট উলামায়ে কেরাম।

আজকের বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে খুলনার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা সাধারণ সম্পাদক মোঃ হাদীসুর রহমান তুষার, মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ আক্কাস আলী, সদস্য সচিব আলহাজ্ব মোঃ আবু তাহের, যুগ্ম সদস্য সচিব ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুল মান্নান।

বি:দ্র: গরমের তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য মাহফিলে পীর সাহেব চরমোনাই বিশেষ দোয়া করবেন।

টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী

খুলনাঞ্চল রিপোর্ট

কুমিল্লায় মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন আবুল খায়ের নামের এক স্বামী। পরে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে ওই তিন জন।

বুধবার (১৭ এপ্রিল) জেলার বরুড়া উপজেলার শাকপুর এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার (১৯ এপ্রিল) এঘটনায় ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ জানালে ৩ জনকে আটক করে বরুড়া থানা পুলিশ।

ধর্ষকরা হলেন, বরুড়া উপজেলার শাকপুর এলাকার মাদক কারবারি নূরু, মনির এবং মহিন।

স্থানীয়রা জানান, শাকপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসক্ত। গত বুধবার মাদক সেবনের টাকা না থাকায় একই এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মাহিনের কাছে মাত্র ৫ হাজার টাকায় নিজের স্ত্রীকে বন্ধক রেখে মাদকের টাকা জোগাড় করেন স্বামী আবুল খায়ের। পরে বন্ধক নিয়ে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নূরু, মনির ও মাহিন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তার পরিবারের লোকজন নিয়ে বরুড়া থানায় এসে অভিযোগ জানালে পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেবরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরি বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে তোলার প্রক্রিয়া চলছে। 

ফকিরহাটবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলাবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক ফকিরহাটের ঐতিহ্য ধরে রাখতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার শাহ্ আউলিয়া বাগ জামে মসজিদে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই দোয়া অনুষ্ঠিত হয়। পরে ফকিরহাট বিশ্বরোড মোড়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র ব্যক্তিগত সহকারী ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বিশৃঙ্খলপূর্ণ জনপদকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ শান্তি, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক ফকিরহাটের রূপান্তরিত করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে সরকার বাংলাদেশের একমাত্র স্মার্ট উপজেলা হিসেবে ফকিরহাটে পাইলট প্রকল্প গ্রহণ করেছে। মহামারির সময়ে জীবন রক্ষাকারী করোনাভাইরাসের শতভাগ টিকা প্রদানে দেশের মধ্যে প্রথম হয়েছে ফকিরহাট। বর্তমানে ফকিরহাট বাসীর উন্নয়ন ও কল্যানে নিরলসভাবে কাজ করায় স্বপন দাশকে পুণরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার অঙ্গিকার ব্যক্ত করেন। #

ফকিরহাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা আহত-৫

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একই পরিবারের নারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রথমে ফকিরহাট উপজেলা সরকারী হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য খুমেকে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের পাগলা-শ্যামনগর এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে সাতক্ষীরা আশাশুনি থেকে একই পরিবারের পাঁচজন মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এসে পৌঁছালে একটি পরিবহণ মাইক্রোবাসটিকে অতিক্রম করার সময় মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা সাতক্ষীরা আশাশুনি এলাকার মো. রাফি (২৫), বাদশা আলম (৩০), মেরিনা বেগম (৩০), শহিদুল ইসলাম (৩৬) এবং অন্তু (১৭) আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ। সেখান থেকে তাদের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিপিবি’র খুলনা মহানগরের সম্মেলন সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগরের সম্মেলন সফলের লক্ষ্যে ১৮ এপ্রিল ’২৪ বৃহস্পতিবার বিকেল ৫:৩০টায় লোয়ার যশোর রোড, জলিল মার্কেট, পিসি রায় রোড, চশমা মার্কেট এলাকায় প্রচারপত্র বিলি করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, সহ-সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কমরেড এইচ এম শাহাদাৎ, আহ্বায়ক কমরেড এস এম চন্দন, সদস্য সচিব কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড সুজিত সাহা, কমরেড আফজাল হোসেন রাজু, কমরেড মৌফারশের আলম লেনিন প্রমুখ।

জি,এইচ,জিপি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড বাতিল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরের জি,এইচ,জিপি মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন কারনে শুক্রবারের(১৯ এপ্রিল) নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারনে ও প্রধান শিক্ষক শিক্ষকের খামখেয়ালি পনার কারনেই শুক্রবারের নিয়োগ বোর্ডটি বাতিল করা হয়েছে।

এদিকে নিয়োগ বোর্ড বাতিল হওয়ার কারনে জি,এইচ,জিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান দিশেহারা হয়ে পড়েছে। প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া লাখ লাখ টাকার ও কোন হদিস নেই।

পরিছন্নতা কর্মী পদে আবেদন কারী গোপালপুর গ্রামের আলমগীর হোসেন জানান, আমাকে বিদ্যালয়ের পরিছন্নতা কর্মী পদে নিয়োগ দেবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান আমার কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নিয়েছে প্রায় দেড় বছর পর্বে। তিনি আরো জানান, এর আগেও আরো একটি নিয়োগ বোর্ড বাতিল হয়েছে। আবার শুক্রবারের(১৯ এপ্রিল) নিয়োগ বোর্ডও বাতিল হয়ে গেলো। তাহলে আমাদের উপায় কি এখন।

নিয়োগ বন্ধের বিষয়ে জি,এইচ,জিপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, শুক্রবার নিয়োগ বোর্ড বসার কথা থাকলেও কি কারনে নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে তা শিক্ষা অফিস আমাকে এখনও জানাইনি। শুধু বোর্ড বসবেনা বোর্ড বাতিল করা হয়েছে এটাই জানিয়েছে অফিসথেকে।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুল ইসলাম জানান, নিয়োগ বোর্ড হওয়ার কথা থাকলেও এমপি সাহেব নিয়োগ বোর্ডটি বাতিল করে দিয়েছেন। কিন্তু কি কারনে এমপি সাহেব নিয়োগ বোর্ড বাতিল করেছেন তা তিনি বলেন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল জানান, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারনে নিয়োগ বোর্ডটি বাতিল করা হয়েছে। পরর্বতিতে কবে হবে বলা যাচ্ছেনা।

সাতক্ষীরার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত 

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন দাতা সদস্য মোঃ সরোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হালিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি সমীতোষ কুমার রায়, মোঃ শফিকুল ইসলাম, আলোকা মন্ডল। শনিবার ২০ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে “মনিন্দ্র ও সরোয়ার” ২টি প্যানেলের মধ্যে ৪টি সদস্য পদে মোট ১২ জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় ব্যালট পেপার এর মাধ্যমে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট প্রদানের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে মোট ২২১ ভোটারদের মধ্যে ১৩৯ জন ভোট প্রদানের  মাধ্যমে গৌর চন্দ্র গাইন চেয়ার প্রতীক নিয়ে ১১২,  মোঃ মঈনুল হোসেন দেয়াত কলম প্রতীক নিয়ে ১০৮, শেখ খাইরুল ইসলাম বই প্রতীক নিয়ে ১০৩, মোঃ রনি আক্তার টেলিভিশন প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে সরোয়ার প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে  নির্বাচিত হয়। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী,  ঢাকা জর্জ কোর্টের আইনজীবী উদয় কুমার বসাক, বিশিষ্ট রাজনৈতিক বিদ ঢালী মোঃ শামসুল আলম, মোঃ আশরাফুর রহমানসহ নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করতে হবে।

‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহে’ মুরগীর ডিম-মাংস-দুধের পাইকারী বাজার স্থাপনের দাবী

খবর বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ উদ্বোধন কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্ভাবনাময় এ খাতগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানকে আরও এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে বাজার ব্যবস্থাপনায় উৎপাদক ও ভোক্তার কল্যাণে পাইকারী ডিম, মাংস ও দুধের বজার স্থাপন এখন সময়ের দাবী। এখানে সরকারের উদ্যোগে প্রকল্প তৈরি ও বাস্তবায়নে বেসরকারি উদ্যোক্তরা ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনায় বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে শনিবার বিকেলে এভাবে কথাগুলো বলে এক বিবৃতিতে দ্রুত পাইকারী বাজার স্থাপনের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কেসিসি’র মেয়র ও খুলনা-২ আসনের সংসদ সদস্যের পদক্ষেপ গ্রহণের দাবী জানান খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।

প্রথম জাতীয় পতাকার নকশাকারী শিবনারায়াণ দাসের মৃত্যুতে শোকসভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকারী শিবনারায়ণ দাসের মৃত্যুতে শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। জাসদ খুলনা মহানগর সভাপতি মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে শোকসভায় বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মণ্টু, ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ সাহা প্রমুখ। শোকসভার শুরুতে প্রয়াত শিবনারায়ণ দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।