Home আঞ্চলিক রূপসায় সড়কে অবৈধ ট্রলির দাপট বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু

রূপসায় সড়কে অবৈধ ট্রলির দাপট বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু

31


স্টাফ রিপোর্টার
নিয়মনীতির তোয়াক্কা না করে খুলনার রূপসা উপজেলার সড়ক-মহাসড়কে অবাধে চলেছ অবৈধ যান ‘ট্রলি’। ‘মৃত্যুদূত’ হিসেবে পরিচিত দ্রুতগতির এই যানে নেই জরুরি ব্রেক। ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গত পাঁচ বছরে অন্তত ১১ জন নিহত এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় অধিকাংশ মানুষ এই অবৈধ যান চলাচলের বিরুদ্ধে থাকলেও পুলিশ কিংবা উপজেলা প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে তৈরি করা হয় তিন চাকার এই ‘ট্রলি’। এগুলো মূলত ইটভাটা থেকে ইট নিয়ে রূপসা এবং পার্শ্ববর্তী ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন গ্রামে পৌঁছে দেয়। এ ছাড়া বালু-মাটিসহ বিভিন্ন পণ্যও পরিবহন করা হয়। উপজেলায় দুই শতাধিক ট্রলি চলাচল করছে। চালকদের বেশির ভাগই অদক্ষ এবং নেই ড্রাইভিং লাইসেন্স।

শ্রীফলতলা ইউনিয়নে ৩০ থেকে ৩৫টি ইটভাটা রয়েছে। এ ইউনিয়নে প্রায় অর্ধশত ট্রলি চলাচল করে। নৈহাটি ইউনিয়নে ২০ থেকে ২৫টি ইটভাটা থাকায় সেখানেও ট্রলির সংখ্যা প্রায় অর্ধশত। ঘাটভোগ ইউনিয়নে ইটভাটা রয়েছে ৭ থেকে ৮টি। এখানে চলাচল করে ২৮ থেকে ৩০টি ট্রলি। আইচগাতী ইউনিয়নে ইটভাটার সংখ্যা কম থাকায় এখানে ১০ থেকে ১২টি ট্রলি চলাচল করে। এ ছাড়া টিএসবি ইউনিয়নেও ট্রলি চলাচল করছে।

এ ব্যাপারে আইচগাতী ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল বলেন, অবৈধ যান ‘ট্রলি’ বন্ধের ব্যাপারে প্রশাসনকে বারবার অবহিত করেছি। এ নিয়ে সংবাদ সম্মেলন-মানববন্ধনও করেছি। কিন্তু প্রশাসন এগুলো বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না।
রূপসা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, উপজেলা প্রশাসন বেশ কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়েছিল, দিনের বেলা চলতে পারবে না। কিন্তু ট্রলি মালিক ও চালকরা নিয়ম না মেনে রাতদিন চালাচ্ছেন।

জানা যায়, গত ২৪ জানুয়ারি উপজেলা সদরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে নিহত হন মোটরসাইকেলচালক ও ওয়ার্কশপ মালিক সাইফুল ইসলাম মোল্লা। গত ১৩ মার্চ
থানার মোড় এলাকায় ট্রলিচাপায় প্রাণ যায় মোটরসাইকেলচালক আবির মোল্লার।

ট্রলিচাপায় ২০১৯ সালের জানুয়ারিতে বাগমারা গ্রামের সাইফুল ইসলাম, মার্চে ঘাটভোগ এলাকার মাদ্রাসা ছাত্রী আঁখিমনি এবং জুনে নিহত হন ভ্যানচালক আব্দুল ওহাব। ট্রলি দুর্ঘটনায় আহত হন নেহালপুর গ্রামের মাইনুল ইসলাম। দীর্ঘদিন চিকিৎসার পর তাঁর একটি পা কেটে ফেলা হয়।
২০২১ সালের মার্চে পাঁচানি মোড়ে ট্রলির আঘাতে নিহত হন গৃহবধূ আলেয়া বেগম। ২০২২ সালের অক্টোবরে আলাইপুর এলাকায় ট্রলির ধাক্কায় নিহত হন চাঁদপুর কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, এপ্রিলে আলাইপুর বাজারে সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যূথী পালের প্রাণহানি ঘটে।
তবে ট্রলিচালক টিএসবি ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের দাবি, ‘আমরা ইচ্ছা করে কাউকে চাপা দিই না। জরুরি ব্রেক সিস্টেম না থাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। ঝুঁকি জেনেও পেটের দায়ে
ট্রলি চালাই।’

এ ব্যাপারে রূপসা থানার ওসি শওকত কবীর বলেন, অবৈধ এই ট্রলি দ্রুতগতিতে চলায় দুর্ঘটনা বেশি ঘটে। স্থানীয় সংসদ সদস্য এবং ইউএনওর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। ইউএনও কোহিনুর জাহান বলেন, ট্রলি-নছিমনসহ অবৈধ যান বন্ধে অভিযান চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ যান জব্দ করে জরিমানাও করা হচ্ছে।