ঢাকা অফিস
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। যদি পরিস্থিতি স্বাভাবিকের দিকে গড়ায় তাহলে সেপ্টেম্বরের শুরুতে বা মাঝামাঝির দিকে খোলা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কবে নাগাদ খোলা হবে তা নিয়ে বিভিন্ন অপ্রচারও চলছে। অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় বুধবার (২২ জুলাই) রাতে প্রতিবাদও জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টি করে বলা হয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এর প্রতিবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছি না। পরিস্থিতি ভালো হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবো। দুই মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন,‘দুই মন্ত্রণালয় বৈঠক করে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এখনও বেশ কয়েকদিন ছুটি রয়েছে। তাছাড়া ঈদের পরও কয়েক দিন পাওয়া যাচ্ছে। এরমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বা কবে নাগাদ খোলা যাবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।











































