খুলনাঞ্চল রিপোর্ট
কয়রা উপজেলায় একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে। গত তিন বছরে ১১ জনকে খুন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের তিন মাসে খুন হয়েছেন দু’জন। এসব ঘটনায় এখনও তদন্ত চলছে। হত্যাকাণ্ড বন্ধ না হওয়ার কারণ হিসেবে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাকে দায়ী করেছেন অনেকে। যে কারণে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
সর্বশেষ হত্যাকাণ্ডটি ঘটেছে গত ৯ এপ্রিল। মাদারবাড়িয়া গ্রামের একটি বাড়ির বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে হোসনেয়ারা খাতুন (৭০) নামে এক নারীকে খুন করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের আসবাব ভাঙচুর ও স্বর্ণালংকার লুট হয়। এ ঘটনায় ৯ জনের নামে হত্যা মামলা করেন নিহতের ছেলে। এরপর দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত ২৬ জানুয়ারি ছয় বছরের শিশুকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলারচর গ্রামের একটি মাছের ঘেরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, ২০২১ সালের ২৫ অক্টোবর রাতে বামিয়া গ্রামের এক পরিবারের তিনজনকে হত্যা করা হয়। বাড়িতে ঢুকে হাবিবুর রহমান, তাঁর স্ত্রী বিউটি খাতুন ও মেয়ে হাবিবা সুলতানাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের রহস্য এখনও উদ্ঘাটন হয়নি বলে দাবি স্বজনদের।
গত বছরের ২৯ নভেম্বর ইসলামপুর গ্রামে সাগর সাহা নামে যুবককে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন তিনি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইমরান হোসেন নামে ভ্যানচালককে খুন করা হয়। একই বছরের ২৮ এপ্রিল সীমানা পিলার নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছায়রা খাতুন নামে নারীকে পিটিয়ে হত্যা করেন তাঁর স্বামী। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর হড্ডা গ্রামে উত্ত্যক্তের কারণে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেন তনুশ্রী মাঝি নামে কলেজছাত্রী। আত্মহত্যার আগে চিরকুটে মৃত্যুর কারণ লিখে যান তিনি। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর কিনুকাটি গ্রামের একটি খাল থেকে কার্তিক সরদার নামে দিনমজুরের লাশ উদ্ধার করা হয়।
২০২০ সালের ৩ মার্চ আরও একটি হত্যাকাণ্ড ঘটে। কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর নিজ গ্রাম বামিয়া এলাকায় একটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে
স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। সে সময় ২০ জনের নামে হত্যা মামলা করেন তাঁর বাবা আব্দুস সাত্তার সানা। তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। এ মামলার ২০ নম্বর আসামি হোসনেয়ারা খাতুনও খুন হয়েছেন সম্প্রতি।
এ ছাড়া ২০১৯ সালের ১৫ জুন ফতেকাটি গ্রামে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়। ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি আমাদি গ্রামে ঘের নিয়ে দ্বন্দ্বে খুন হন যুবলীগ নেতা জাহাবাজ আলী। ২০১৩ সালের ৯ মার্চ দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত হন পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম।
একের পর এক হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রহস্য উদ্ঘাটন ও অপরাধী শনাক্তে দীর্ঘসূত্রতার কারণেই অপরাধ বেড়ে চলেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদার বলেন, ‘এ উপজেলার পরিস্থিতি এ রকম ছিল না। গত কয়েক বছরে একের পর এক হত্যাকাণ্ড ঘটায় মানুষের মাঝে উৎকণ্ঠা বাড়ছে।’
কথা হয় সুশাসনের জন্য নাগরিক-সুজনের কয়রা শাখার সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সঙ্গে। তাঁর ভাষ্য, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারলে অপরাধ-প্রবণতা কমে আসবে। আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অপরাধীকে দ্রুত শাস্তির আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ কারণে অপরাধ বেড়ে চলেছে।
তবে কয়রা থানার ওসি মিজানুর রহমানের দাবি, সম্প্রতি যে দুটি ঘটনা ঘটেছে, তা থেকে বলা যাবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে। যে কোনো অপরাধ দমনে গুরুত্বের সঙ্গে কাজ করে থাকে পুলিশ।
বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও এবিএম তারিক উজ জামানের সঙ্গে। তাঁর ভাষ্য, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় এলাকার মানুষের মাঝে উৎকণ্ঠা বাড়ছে, এটা ঠিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।











































