বিনোদন প্রতিবেদক।।
তারকা বলে কথা। প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে বাইরের কোন অনুষ্ঠানে গেলেই দর্শকরা ভিড় জমাতো। দর্শক চাপে হিমশিম খেতো নিরাপত্তাকর্মীরা। সেসময় স্ত্রীর হাত ধরেই তড়িঘড়ি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হতো তাদের। এমন ঘটনার বেশ কয়েকটি ভিডিও চিত্রও সামনে এসেছিল। এবার পরীমণি নয়, দর্শক চাপে চিত্রনায়িকা বুবলীর হাত ধরে ভোঁ দৌড় দিতে দেখা গেলো শরিফুল রাজকে।
বিষয়টি একটু খোলাসা করা যাক। ঈদে মুক্তি পেয়েছে পরিচালক মিশুক মনিরের সিনেমা ‘দেয়ালের দেশ’। এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও নায়ক শরিফুল রাজ। ভিন্নধর্মী গল্প হওয়ায় প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সেগুলোতে শো হাউজফুল যাচ্ছে। তৃতীয় দিন সিনেমাটির প্রমোশনের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে গিয়েছিল টিম ‘দেয়ালের দেশ’। সেখানে গিয়ে দর্শক ও সংবাদকর্মীদের ভিড়ের মাঝে পরে যান তারা। এক পর্যায়ে বুবলীর হাত ধরে দৌড়ে সিনেপ্লেক্সের প্রশাসনিক কক্ষে ঢোকার চেষ্টা করেন।
এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিশুক মনিরসহ বুবলী ও শরিফুল রাজ। বুবলী বলেন, ‘দেয়ালের দেশ’ সিনেমার পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের যেভাবে সাড়া পাচ্ছিলাম তাতে মনে হয়েছিল ভালো কিছু হতে যাচ্ছে। ঠিক যেন তাই হল। গত দুই দিনে তার প্রমাণ পেয়েছি। চিন্তাও করিনি দর্শকের এতোটা ভালোবাসা পাবো। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি আসলে গল্প ও শিল্পীদের পরিশ্রমের কারণে এগিয়ে যাচ্ছে। আমি চাই সবাই সিনেমা হলে গিয়ে ‘দেয়ালের দেশ’ দেখুক।











































