স্টাফ রিপোর্টার।।
খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া ও যুবলীগ নেতা নাসিম মোল্লা সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আজ শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন লিটুম মোল্লা , দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ ভূঁইয়া , যুবলীগ নেতা নাসিম মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ২ থেকে ৩ জনের একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে লিটু, সজিব ও নাসিম আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গুলিবিদ্ধ ৩ জনকে দ্রুত খুলনায় নিয়ে যায় স্থানীয় লোকজন। ২ জনেরই পেটে গুলি লেগেছে। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।
অভয়নগর থানা পুলিশ জানায়, লিটু সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর এবং ইতোপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের ৫ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।











































