বাগেরহাট প্রতিনিধি।।
এক মাস সিয়াম সাধনা শেষে অনুষ্ঠিত হয় মুসলমানদের অন্যতম উৎসব ঈদুল ফিতর। বছর ঘুরে দিনটির অপেক্ষায় থাকে স্বজন, পরিবার ও প্রতিবেশী সবাই। তাই শহর ছেড়ে গ্রামীণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন পরিবার-পরিজনের সঙ্গে। তবে এমন আনন্দের দিনেও পরিবার ছেড়ে বাইরে থাকতে হয় বিভিন্ন ব্যাংকের এটিম বুথের নিরাপত্তায় কর্মীদের।
বাগেরহাটের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুথে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন মল্লিক আসলাম হোসেন। তিনি বলেন, ‘এটিএম বুথে নিরাপত্তার দায়িত্বে যারা থাকি তাদের কয়েকজন ঈদে ছুটি কাটাতে পারে। বেশিরভাগকে দায়িত্ব পালন করতে হয়। আমি ঈদে বাড়ি যেতে পারিনি। তাই ছেলেদের জামা কিনে দিয়েছি। জেলা শহরে থাকার পরও পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। কী আর করার, টাকার মেশিন পাহারা দিয়েই সময় কেটে যায়।’
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুথে দায়িত্বরত মো. রফিকুল ইসলাম বলেন, ‘বুথে আমরা তিনজন কাজ করি। যে কোনো একজন ঈদে বাড়ি যাওয়ার সুযোগ ছিল। সেখান থেকে একজন চলে যাওয়ায় আমার যাওয়া হয়নি। ঈদের পর যাব। তবে বাড়িতে মা-বাবার জন্য টাকা পাঠিয়ে দিয়েছি। যেতে পারলে ভালো লাগত। একসঙ্গে ঈদ উদ্যাপন করতে পারতাম।
ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী তানভির হাসান বলেন, ‘পরিবারের জন্য টাকা আয় করা হয়, অথচ পরিবারের সঙ্গে ঈদ পালন করা হয় না। মাঝে মাঝে ইচ্ছে হয় পরিবারের সঙ্গে ঈদ করার। কিন্তু কর্মক্ষেত্রের কারণে যেতে পারি না। এই পেশায় আগে কাজ, তারপর উদ্যাপন।’
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক কর্মকর্তা বলেন, জিফোরএস, ‘এলিট ফোর্সসহ বিভিন্ন সিকিউরিটি কোম্পানির কাছ থেকে ব্যাংক সিকিউরিটির সার্ভিস নিয়ে থাকে। তাদের ছুটি ব্যাংকের হাতে থাকে না। তাদের ছুটির সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যাংক গ্রাহকদের কারণে তাদের ছুটি দেয়া হয় না।’











































