Home জাতীয় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামবে কবে

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামবে কবে

82

খুলনাঞ্চল রিপোর্ট।।

  • এবার মারা গেলেন চট্টগ্রামের সেই চিকিৎসক বাবা
  • ছুরিকাঘাতে কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াসের মৃত্যু
  • ১৫ বছরে ৮৬ খুন, হত্যাকাণ্ড ঘটানো হয় নৃশংসভাবে
  • রাজধানীতে সক্রিয় ৮০ কিশোর গ্যাং
  • নেপথ্যে ক্ষমতাসীন দলের নেতা-বড় ভাই
  • আতঙ্কে সাধারণ মানুষ, কঠোর অবস্থান নেয়ার দাবি
  • ৮০০ মামলায় হাজারের বেশি আসামি
  • যা বলছে প্রশাসন

শহর-নগর কেন্দ্রিক কিশোর গ্যাং ভয়ঙ্কর আকার ধারণ করেছে। রাজধানীতে এই ভয়াবহতা অবর্ণনীয়। বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা-অলি-গলিতে কিশোর গ্যাংয়ের অত্যাচার-বিশৃঙ্খলায় অতিষ্ঠ স্থানীয় সাধারণ বাসিন্দারা। বেপরোয়া কিশোর গ্যাং খুনোখুনি থেকেও পিছিয়ে নেই। অভিযোগ রয়েছে- স্থানীয় রাজনৈতিক নেতা-জনপ্রতিনিধি এইসব গ্যাং পুষে থাকেন। সবশেষ চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত কোরবান আলী নামে একজন দন্ত চিকিৎসক মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভুক্তভোগীরা বলছেন, এমন কোনো অপরাধ নেই, যা কিশোর গ্যাংয়ের সদস্যরা করে না। সারাদিন মোড়ে মোড়ে গলিতে গলিতে একসঙ্গে আড্ডা দেয়। মহল্লার সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে বেড়ায়। তাদের কিছু বলাও যায় না। কারণ, অনেক নেতা-জনপ্রতিনিধি তাদের আশ্রয়-প্রশ্রয় দেন। এ অবস্থায় আমাদের কন্যা সন্তানরা বাইরে গেলে দুশ্চিন্তা বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে-মধ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অনেককে আটক করলেও তা যথেষ্ট নয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর অবস্থানে যেতে হবে। উল্লেখ্য, সারাদেশে দুইশ’রও বেশি গ্যাং রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কিশোর গ্যাংয়ের এমন অপরাধ ছড়িয়ে পড়ছে সারাদেশে। তাদের কাছে ক্রমে জিম্মি হয়ে পড়ছে সাধারণ মানুষ। মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মারধর থেকে শুরু করে খুনের মতো বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে কিশোর গ্যাং সদস্যরা।

এবার মারা গেলেন চট্টগ্রামের সেই চিকিৎসক বাবা:
চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাং সদস্যদের হামলায় গুরুতর আহত হন কোরবান আলী নামে একজন দন্ত চিকিৎসক। তিনি মারা গেছেন। বুধবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তির স্বজন জসিম উদ্দিন জানান, টানা পাঁচদিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার ভোরে কোরবান আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সম্প্রতি কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল করেন কোরবান আলীর ছেলে আলী রেজা রানা। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ এপ্রিল রাতে রানাকে মারধর করতে গেলে ছেলেকে বাঁচাতে কিশোর গ্যাং সদস্যদের হামলার মুখে পড়েন চিকিৎসক কোরবান আলী। গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুরু থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

ছুরিকাঘাতে কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াসের মৃত্যু:
গত ৭ মার্চ রাত ১০টার দিকে উত্তর মুগদায় লিটন এঞ্জেল গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন কবি নজরুল কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিয়াস ইকবাল নূর (২৩)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নূরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন শামীম (২৪) নামের আরেক ভুক্তভোগী। এ ঘটনার তিনদিন পর রাজধানী ও পাশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করে র‌্যাব।

১৫ বছরে রাজধানীতে ৮৬ খুন:
ঢাকার শিশু আদালতের বিচারিক কার্যক্রমের নথি অনুযায়ী, গত ১৫ বছরে রাজধানীতে কিশোর গ্যাং কালচার ও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ৮৬টি খুনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, নারীদের উত্ত্যক্তের প্রতিবাদ প্রভৃতি ঘটনা। এসব হত্যাকাণ্ড ঘটানো হয় খুব নৃশংসভাবে। ছুরিকাঘাত করার পর ইট ও লাঠি দিয়ে মেরে পুরো শরীর, মুখ, মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করা হয়। মৃত্যুর পর লাশ গুমের উদ্দেশ্যে খণ্ডবিখণ্ড করার মতো নৃশংস ঘটনাও আছে।

রাজধানীতে সক্রিয় ৮০ কিশোর গ্যাং:
শুধু রাজধানীতেই রয়েছে ৮০টির বেশি কিশোর গ্যাং রয়েছে বলে খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দেওয়া তথ্য মতে জানা গেছে। গ্যাংগুলো রাজধানীর উত্তরা, তুরাগ, খিলগাঁও, দক্ষিণখান, টঙ্গী, সূত্রাপুর, ডেমরা, সবুজবাগ, খিলক্ষেত, কোতোয়ালি, বৃহত্তর মিরপুর এলাকা, মোহাম্মদপুর, ধানমন্ডি, আগারগাঁও, মতিঝিল, যাত্রাবাড়ী ও হাতিরঝিলে সক্রিয়। এসব বাহিনীর মধ্যে জুয়েল বাহিনী, কামরুল বাহিনী, অতুল বাহিনী, শাহিন শরীফ, গাংচিল বাহিনী, ভাস্কর বাহিনী, রুবেল বাহিনী, অনিক বাহিনী, পাটালি গ্রুপ, রাকিব গ্রুপ, মাউরা গ্রুপ, এলেক্স গ্রুপ, আর্মি আলমগীর ও নবী গ্রুপ, ডাইল্লা গ্রুপ, আনোয়ার গ্যাং, সাইফুলের গ্যাং, সাব্বির গ্যাং, বাবু রাজন গ্যাং, রিপন গ্যাং, মোবারক গ্যাং, নয়ন গ্যাং, তালাচাবি গ্যাং, নাইন এমএম, একে ৪৭ ও ফাইভ স্টার গ্রুপ, স্টার বন্ড গ্রুপ, মোল্লা রাব্বির গ্রুপ, গ্রুপ টোয়েন্টিফাইভ, লাড়া দে, লেভেল হাই, দেখে ল-চিনে ল, ল ঠেলা গ্রুপ, আশরাফ গ্রুপ, কোপাইয়া দে, শাহীন-রিপন গ্যাং, নাজিম উদ্দিন গ্যাং, শা গ্যাং, মেহেদী গ্যাং, সোলেমান গ্যাং, রাসেল ও উজ্জ্বল গ্যাং, বাংলা ও লাভলেট গ্যাং, জুম্মন গ্যাং, চান-জাদু, ডেভিল কিং ফুল পার্টি, ভলিউম টু, ভাণ্ডারি গ্যাং, টিকটক গ্যাং, পোঁটলা সিফাত পাওয়ার বয়েজ, ডিসকো বয়েজ, বিগ বস, নাইন স্টার ও নাইন এমএম বয়েজ, এনএনএস, এফএইচবি, জিইউ, ক্যাকরা, ডিএইচবি, ব্যাক রোজ, রনো, কেনাইন, ফিফটিন গ্যাং, পোঁটলা বাবু, সুজন ফাইটার, আলতাফ জিরো, ক্যাসল বয়েজ, ভাইপার, তুফান, থ্রি গাল গ্যাং, লাগবি নাকি, মাঈনুদ্দিন গ্রুপ, বিহারি রাসেল গ্যাং, বিচ্ছু বাহিনী, পিচ্চি বাবু, কবজি কাটা গ্রুপ, রাব্বি-বাতেন-রাকিব গ্রুপ অন্যতম। প্রতিটি গ্যাংয়ের সদস্যের সংখ্যা ১৫ থেকে ২০ জন করে।

নেপথ্যে ক্ষমতাসীন দলের নেতা-বড় ভাই:
সম্প্রতি কয়েকটি কিশোর গ্যাংয়ের ওপর পর্যবেক্ষণ করে জানা গেছে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এসব কিশোর গ্যাংকে সরাসরি আশ্রয় ও প্রশ্রয় দেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা কথিত ‘বড় ভাই’। তাদের দেওয়া শেল্টারে দিনদিন মরিয়া হয়ে উঠছে এসব গ্যাং। এসব গ্যাংকে প্রশ্রয় দেওয়ার ঘটনায় অনেক এলাকার স্থানীয় কাউন্সিলর নেপথ্যে রয়েছেন।

অনুসন্ধানে দেখা গেছে, মোহাম্মদপুর থানায় ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে ২০ সদস্যের একটি কিশোর গ্যাং চলে। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। মিরপুরেও সবচেয়ে বড় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির এক সদস্য। তার সহযোগী অতুল বাহিনীর প্রধান অতুলের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগ।

আদাবর থানার মনসুরাবাদ এলাকার অন্যতম কিশোর গ্যাং রাব্বি-বাতেন-রাকিব গ্রুপ। আদাবর এলাকার আরেকটি কিশোর গ্যাং গড়ে তুলেছেন থানা ছাত্রলীগের এক নেতা। তার বাহিনীতে রয়েছে ২০ জনের বেশি সক্রিয় সদস্য। এই গ্যাংয়ের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, ফুটপাত, নির্মাণাধীন ভবন থেকে চাঁদা তোলার অভিযোগ। এই ছাত্রলীগ নেতাকে আবার আশ্রয়-প্রশ্রয় দেন একজন কাউন্সিলর।

রাজধানীর যাত্রাবাড়ীতেও একজন যুবলীগ নেতা গড়ে তুলেছেন কিশোর গ্যাং। স্থানীয়দের কাছে এই গ্যাং ত্রাস হিসেবে পরিচিত। এই গ্যাংয়ের সদস্যরা মাদক ব্যবসার পাশাপাশি যাত্রাবাড়ীর ফুটপাতের ব্যবসায়ী, নির্মাণাধীন ভবন, বাজার এবং পরিবহন খাত থেকে নিয়মিত চাঁদা তোলে।

আতঙ্কে সাধারণ মানুষ, কঠোর অবস্থান নেয়ার দাবি:
গত বছরের ২৯ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় অস্ত্রের মুখে গণছিনতাইয়ের ঘটনা ঘটায় কিশোর গ্যাং। সে সময় ২০ জনকে কুপিয়ে আহত করা হয়। বেশ কয়েকটি মোবাইল ফোনসহ টাকা-পয়সা ছিনতাই করা হয়। ২০২৩ সালে মোহাম্মদপুরের বসিলায় একই কায়দায় কমপক্ষে তিনবার গণছিনতাই করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বেশিরভাগ ক্ষেত্রে এসব অপরাধের শিকার ভুক্তভোগীরা আতঙ্কে মুখ খোলার সাহস পান না। এ অবস্থায় আরো কঠোর অবস্থান নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি করেন তারা।

৮০০ মামলায় হাজারের বেশি আসামি:
এসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রায় ৮০০টি মামলা রয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি আসামি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসব গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা বলেছেন।

যা বলছে প্রশাসন:
এসব বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যেকোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাদের নামে মামলা হচ্ছে, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। কিশোর গ্যাং কালচার নির্মূলে মদদদাতাদেরও ছাড় দেওয়া হচ্ছে না।