- ডেনমার্ক-কোরিয়ার ভ্যাকসিন তৈরি হতো কেরাণীগঞ্জে
- মাত্র ১০ টাকা খরচে তৈরি ভ্যাকসিন বিক্রি হতো সাড়ে ৪ হাজারে
- কুমিল্লায় তৈরি হতো নকল অ্যান্টিবায়োটিক, মজুত বরিশালে
- কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো আটা-ময়দা-সুজি
- বছরের পর বছর ধরে প্রতারণা
- আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ
খুলনাঞ্চল রিপোর্ট।।
হেপাটাইটিস ‘বি’ রোগ প্রতিরোধে ব্যবহৃত হতো কোরিয়ান ভ্যাকসিন হেপাবিগ ‘বি’। মানুষের জীবন রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ এ ভ্যাকসিন নকল করতো একটি চক্র। মাত্র ১০ টাকার টিটেনাস ইনজেকশন দিয়ে তৈরি করা এ নকল ভ্যাকসিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হতো সাড়ে ৪ হাজার টাকায়। শুধু হেপাবিগ নয়, ভিটামিন ডি-৩ অ্যাম্পুল ইনজেকশন, রেসোগাম পি, ক্লোপিকজল ডিপোর্ট, ফ্লুয়ানজল ডিপোর্টসহ বিভিন্ন দেশি-বিদেশি ভ্যাকসিন ও নকল অ্যান্টিবায়োটিক তৈরি করতো চক্রটি। এইসব চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত অবস্থান নেয়া ও বেশি বেশি অভিযান পরিচালনার পরামর্শ সচেতন মহলের।
সম্প্রতি রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ও কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ঐ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে অন্তত কোটি টাকার নকল ভ্যাকসিন।
গত সপ্তাহেও আটা-ময়দা ও সুজি দিয়ে নকল অ্যান্টিবায়োটিক তৈরি ও বিক্রির অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেই সময় প্রায় ২ কোটি টাকার নকল অ্যান্টিবায়োটিক উদ্ধার করা হয়। চক্রটি ঢাকার সাভারে ও কুমিল্লায় কারখানা স্থাপন করে নকল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট-ক্যাপসুল তৈরি করতো। পরে তা ট্রাক বা পিকআপে করে বরিশালে মজুত করতো। সেখানে গুদামজাত করে ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করা হতো। ৮-১০ বছর ধরে চক্রটি এভাবের প্রতারণা করে আসছিল।
ডেনমার্ক-কোরিয়ার ভ্যাকসিন তৈরি হতো কেরাণীগঞ্জে:
ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ বলেন, হেপাবিগ ভ্যাকসিনটি ব্যবহার হতো হেপাটাইটিস ‘বি’ রোগ প্রতিরোধে। দেশের বাজারে প্রায় সাড়ে ৪ হাজার টাকা দামের কোরিয়ান এ ভ্যাকসিন কেরাণীগঞ্জে তৈরি করতো চক্রটি। গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ এ ওষুধ মাত্র ১০ টাকার টিটেনাস দিয়ে নকল সিল বসিয়ে বাজারে বিক্রি করতো তারা।
হারুন-অর রশিদ বলেন, এ চক্র মিটফোর্ডে থাকা সহযোগীর মাধ্যমে ওষুধের কাঁচামাল সংগ্রহ করতো। এরপর তা দিয়ে তারা নকল ইনজেকশন তৈরি করে দেশি-বিদেশি সিল লাগিয়ে বাজারজাত করতো। যেমন- টিটেনাস দিয়ে তৈরি হতো হেপাটাইটিস ‘বি’, এক্টোপিক সকেট দিয়ে তৈরি হতো ভিটামিন বি-৩, ইন্ডিয়ান ড্রাইকিজাম অ্যাম্পুল দিয়ে তৈরি হতো ক্লোপিকজল।
হুবহু প্যাকেজিং, চেনার উপায় নেই:
তিনি আরো বলেন, চক্রটি এই নকল ওষুধগুলো অধিক লাভে বিক্রি করতো। টিটেনাস ১০ টাকা দিয়ে কিনে হেপাবিগ বানিয়ে ৪ হাজার ৬০০ চাকায়, ৫ টাকা খরচ করে ক্লোপিকজল বানিয়ে ডেনমার্কের ওষুধ বলে ৪৫০ টাকায় বিক্রি করতো। একইভাবে গর্ভবতী নারীদের ভ্যাকসিন রোসোগাম পি তৈরি হতো ১০ টাকার অ্যাট্রোপাইন দিয়ে। এরপর তা বিক্রি হতো সাড়ে ৪ হাজার টাকায়। এভাবে বিভিন্ন নকল ভ্যাকসিন বাজারে ছেড়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিল চক্রটি। ভ্যাকসিনগুলোর প্যাকেজিং হুবহু আসল ওষুধের মতো হওয়ায় মানুষের চেনার উপায় থাকতো না।
ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, সম্প্রতি রাজধানীর মতিঝিল ও বরিশাল থেকে নামী ফার্মাসিউটিক্যালসের নামে আটা, ময়দা, সুজি দিয়ে নকল অ্যান্টিবায়োটিক তৈরি ও বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪ লাখ ৯৬ হাজার পিস নকল অ্যান্টিবায়োটিক উদ্ধার করা হয়েছে।
কুমিল্লায় কারখানা, গুদাম বরিশালে:
তিনি বলেন, গ্রেফতাররা ঢাকার সাভারে ও কুমিল্লায় কারখানা স্থাপন করে নকল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট-ক্যাপসুল তৈরি করতেন। পরে তা ট্রাক বা পিকআপে করে বরিশালে মজুত করতেন। সেখানে গুদামজাত করে ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করতেন। চক্রটি গত ৮-১০ বছর ধরে এ প্রতারণা করে আসছিল।
ডিবি পুলিশের এ কর্মকর্তা বলেন, চক্রটি বাজারে থাকা ও বাজার থেকে বিলুপ্ত এমন ওষুধের মধ্যে রিলামক্স-৫০০ ট্যাবলেট, মক্সিকফ-২৫০, সিপ্রোটিম-৫০০ এমজি, এমোক্সস্লিন, জিম্যাক্স, মোনাস-১০ নকল করে বাজারে ছাড়তো। তারা কাফকা ফার্মাসিউটিক্যালস, ডক্টর টিমস ফার্মাসিউটিক্যালস, জেনিথ ফার্মাসিউটিক্যালস, কুমুদিনী ফার্মাসিউটিক্যালস, ইউনিয়ন ফার্মাসিউটিক্যালসের ওষুধ নকল করতো।
অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ আরো বলেন, এসব চক্রের বিরুদ্ধে গোপন নজরদারি চলছে। গ্রেফতারকৃতদের তথ্যে বাকি সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রশাসনের কঠোর অবস্থান ও নির্দেশনা:
নকল ও ভেজাল জীবন সুরক্ষাসামগ্রীর বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ওষুধ-ভ্যাকসিন মানুষের জীবন বাঁচায়। এসব গুরুত্বপূর্ণ সুরক্ষাসামগ্রী নিয়ে যারা প্রতারণা করে তাদের প্রতিরোধ করতে হবে। হাসপাতালগুলোতে যেন নকল ওষুধ বা ভ্যাকসিন ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এই সতর্কতা সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, ভেজাল ও নকল ওষুধ ঠেকাতে কঠোর অবস্থানে আছে ঔষধ প্রশাসন অধিদফতরও। জানা গেছে, গত ১৫ বছরে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী ৪৫টি কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া অসংখ্য প্রতিষ্ঠানের উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল বা বাতিল, উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়েছে। প্রশাসনের সাপ্তাহিক ও মাসিক সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।











































