বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে হাত-পা ও মুখ বাঁধা শিশু আহসান বিশ্বাসের (৫) মরদেহ উদ্ধারের ঘটনার একদিন পর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আর এ ঘটনায় শিশুটির দুই চাচাতো মামা আকবর শেখ (২৩) ও হিজবুল্লাহ শেখকে (২৪) গ্রেফতার করা হয়েছে। জমি বিরোধে পরিকল্পিতভাবে শিশুটি হত্যা করে তার মরদেহ গুম করার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (৫) এপ্রিল বিকেলে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে বাড়ির উঠানে খেলার সময় শিশু আহসান নিখোঁজ হয়। এরপর থেকে আধুনিক ডিভাইসের মাধ্যমে খুনিদের শনাক্ত করে পুলিশ। রোববার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করা হয়।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকবর শেখ জানিয়েছেন, শিশু আহসানের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ঐ বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু আহসানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে শিশু আহসান নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের পানের বরাজের পাশের একটি গর্ত থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। অবশেষে একদিন পর শিশুটির হত্যাকারী দুই চাচাতো মামাকে গ্রেফতার করে পুলিশ।











































