*কর্মসংস্থান হবে প্রায় ৫ লাখ মানুষের *তৈরি হবে ৪৩৮ শিল্প প্লট *সচল হবে অর্থনীতির চাকা *পরিবর্তন হবে মানুষের জীবনমান
যশোর অফিস
যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্যবর্তী ভবদহ বিল পাড়ের ১২০ গ্রামের অন্তত ৫ লাখ মানুষ যুগযুগ ধরে স্থায়ী জলাবদ্ধতার শিকার। ঐ এলাকার অনেকের বাড়ির উঠানে প্রায় সারা বছর পানি থাকে। কাজের অভাবে এলাকা ছেড়েছে বহু লোক। সেই অঞ্চলেই হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজেড। এতে প্রত্যক্ষভাবে দেড় লাখ ও পরোক্ষভাবে আরো তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে। নিজ এলাকায় কর্মের সুযোগ হবে স্থানীয় বাসিন্দাদের। সেই রকমই আশার আলো দেখছেন যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহপাড়ের বাসিন্দারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যশোর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজেড বাস্তবায়ন ধীরে ধীরে এগিয়ে চলেছে। সর্বশেষ অধিগ্রহণকৃত জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে বেপজাকে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে বেপজার অনুকূলে প্রায় ৫০৩ একর জমির দখল হস্তান্তর করেন। বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলমের উপস্থিতিতে বেপজার পক্ষে যশোর ইপিজেড প্রকল্পের প্রকল্প পরিচালক ইউসুফ পাশা অধিগৃহীত জমির দখল গ্রহণ করেন। আর এরইমধ্যে দিয়ে আরেক ধাপ এগিয়ে গেল ইপিজেড স্থাপনের কাজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০১৯ সালের ১২ নভেম্বর বেপজার ৩৪তম বোর্ড সভায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে যশোরে ইপিজেড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর একনেকে অনুমোদন হয় প্রকল্পটি। সরকারের নিজস্ব অর্থায়নে ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল-বেপজা।
প্রস্তাব অনুয়ায়ী, প্রায় ৫৬৬ একর জমিতে এই প্রকল্পে মোট ৪৩৮ শিল্প প্লট তৈরি করা হবে। ২০২৬ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের প্রধান কাজ হচ্ছে চারটি ছয়তলা বিল্ডিং নির্মাণ, চারতলা একটি সিকিউরিটি ভবন, দ্বিতীয়তলা একটি আবাসিক মসজিদ নির্মাণ, ১০তলা একটি বি-ক্যাটাগরির আবাসিক ভবন, ১০তলা একটি ডি-টাইপের আবাসিক ভবন নির্মাণ, ছয়তলা একটি অফিসার্স ডরমেটরি ভবন ও ছয়তলা একটি স্টাফ ডরমেটরি ভবন, একটি চারতলা পুলিশ আউট পোস্ট ভবন নির্মাণ, একটি চারতলা কাস্টমস ভবন, একটি হেলিপ্যাডও নির্মাণ করা হবে। এসব ভবনের যাতায়াতে লিফট, সাবস্টেশন, জেনারেটরসহ আরো অনেক কিছু নির্মাণ করা হবে। এছাড়া কর্মকর্তাদের বেতন, বাড়িভাড়া, উৎসবভাতা, ভ্রমণভাতা, নববর্ষভাতা রয়েছে। এভাবে বিভিন্ন খাতে সব কাজ শেষ করতে ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয় করা হবে।
এই এলাকার জমির দাম কম হওয়ায় ভূমি অধিগ্রহণ খাতে খরচ কম হবে। তারপরও প্রকল্পের একক খাত হিসেবে ৫৬৬ একর ভূমি অধিগ্রহণেই সবচেয়ে বেশি ২৬৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যা মোট ব্যয়ের ২৫ দশমিক ৪০ শতাংশ। এরপরই খরচ হচ্ছে ভূমি উন্নয়ন খাতে। ৮২ হাজার বর্গমিটার ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৩ লাখ, যা মোট ব্যয়ের ১৪ দশমিক ৬৬ শতাংশ।
এই এলাকায় ইপিজেড স্থাপিত হলে লাখো মানুষ কাজ পাবে। ইপিজেডের কারখানা মালিকরাও সস্তায় শ্রমিক পাবেন। এতে উভয়ই লাভবান হবে। যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধ বিলসহ আশপাশের অকৃষি জমি অধিগ্রহণ করে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নেয় সরকার।
প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিনা বিশ্বাস বলেন, ভবদহের ২৭টি বিলের পানি জমে থাকে। বিলপাড়ের মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। কৃষিজমি পানির নিচে থাকায় হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। এই এলাকায় ইপিজেড চালু হলে লাখো মানুষ কাজ পাবে। ইপিজেডের কারখানা মালিকেরাও সস্তায় শ্রমিক পাবেন। এতে উভয় লাভবান হবেন।
তিনি জানান, জলাবদ্ধ এই বিলসহ আশপাশের অকৃষি জমি ইপিজেড স্থাপনের জন্য অধিগ্রহণ করেছে। দ্রুত জমির মালিকরা অধিগ্রহণের টাকা পেয়ে যাবেন বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছেন।
প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দীন বলেন, যুগ যুগ ধরে যশোরের দুঃখ হয়ে আছে ভবদহ। বিলপাড়ের মানুষ বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত। এখন ইপিজেড স্থাপিত হচ্ছে। এলাকার অর্থনীতির চাকা সচল হবে। আশপাশের মানুষের জীবনমান পরিবর্তন হবে। এলাকার মানুষ সেই আশায় বুক বেধেছে।











































