স্পোর্টস ডেস্ক
নারীদের ক্রিকেট বিশ্বকাপের গত ১২ আসরের মধ্যে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিয়ে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘরের মাঠেই নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি হেরে যায়। শুধু হেরে যাওয়াই নয়! সিরিজের তিন ম্যাচের একটিতেও ১০০ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
আগামীকাল থেমে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ ট্রফির সঙ্গে ফটোসেশন শেষে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, যেসব ভুল আমরা ওয়ানডে সিরিজে করেছি, সেগুলো অবশ্যই করতে চাইব না।
তিনি আরও বলেন, যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, ভালো ক্রিকেটটা খেলতে চাইব। ওয়ানডেতে আলাদাভাবে কেউই পারফরম করতে পারিনি, সে জিনিসটা যেন আবার না হয়। হারা জেতা থাকবেই, অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি, দিনশেষে আমরা যেন বলতে পারি, আমরা চেষ্টা করেছি; কিন্তু অল্পের জন্য হয়নি।
নিগার বলেন, টি-টোয়েন্টি সিরিজে কী দশা হবে সেটা বলতে পারছি না। আমার এ মুহূর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা আমাদের দায়িত্ব বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কিভাবে ফেরানো যায়।











































