বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলীর (রহ.) মাজারে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় প্রধান খাদেম শের আলী ফকিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে মাজারের সামনে কোহিনুর ইসলাম রুহি নামের একজন এই হামলা করে। হামলায় আহত শের আলী ফকির বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত কোহিনুর ইসলাম রুহী ফকির খান জাহান আলীর (রহ.) মাজারের খাদেম বাচ্চু ফকিরের ছেলে।
প্রধান খাদেম শের আলী ফকির অভিযোগ করে বলেন, ‘চৈত্র মাসের পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। অনেক লোকের সমাগম হওয়ায় কিছু অতিরিক্ত দোকানও বসে। স্থানীয় রুহি ফকির অনৈতিকভাবে জোরপূর্বক চাঁদাবাজি করছিল। দোকান মালিকরা অভিযোগ করলে মেলা প্রাঙ্গণে গিয়ে রুহিকে চাঁদাবাজি করতে নিষেধ করি। এ সময় রুহি ফকির এবং তার চাচা নজরুল ফকির আমার ওপর উত্তেজিত হয়ে যায়। রুহি ফকির আমার মুখে এবং বুকে আঘাত করে, অজ্ঞান হয়ে পড়ে যাই। পরবর্তীতে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।’
আহত শের আলী ফকিরের ছেলে ফকির তাজ আলী বলেন, আমার বাবা খানজাহান মাজারের প্রধান খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা তাকে অনেক সম্মান করেন। খানজাহান আলীর মাজারে আগত দর্শনার্থীদের সম্মান ও নিরাপত্তার জন্য বাবা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছিলেন। চাঁদাবাজিতে বাধা প্রয়োগ করায় আমার বাবার ওপর এই হামলা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাইদুর রহমান বলেন, হামলার বিষয়টি মাজারের খাদেম শের আলী ফকির আমাদের জানিয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত রুহি ফকির আত্মগোপনে রয়েছেন।











































