স্পোর্টস ডেস্ক||
প্রায় চার মাস হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সাকিব আল হাসান। এক বছর পর আগামীকাল ফের টেস্টে ফিরতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় টাইগাররা।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিব আল হাসানের ফিটনেস দেখে মুগ্ধ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। তিনি বলেন, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন।’
তিনি আরও বলেন, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। দলকে নিংড়ে দেয়, ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।’
এক বছর পর সাকিবের টেস্টে ফেরা নিয়ে পোথাস বলেন, ‘সাকিব দলকে শান্ত রাখে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। এত বছর ধরে সে একজন পেশাদার ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে বিশ্বসেরা।’











































