Home আঞ্চলিক একাত্তরে দাবায়ে রাখা যায়নি যে বটগাছ

একাত্তরে দাবায়ে রাখা যায়নি যে বটগাছ

16

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

একাত্তরের মার্চ মাস, চারদিকে সশস্ত্র সংগ্রামের গুঞ্জন। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে কালজয়ী বক্তৃতা করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘ভাইয়েরা আমার, … এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে ভাষণ শুরুর পর পাকিস্তানি শাসকদের হুঙ্কার দিয়ে বললেন, ‘… সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছে, তখন কেউ আমাদের দমাতে পারবে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’ এই জাতিকে আসলেই তারা রুখতে পারেনি। জয় ছিনিয়ে এনেছেন বীর সন্তানেরা, জন্ম নিয়েছে একটি স্বাধীন পতাকা-ভূমি। সেই বীরগাথার সাক্ষী হয়ে আছে নড়াইলের একটি বটগাছ। বোমার আঘাতও এটিকে ধ্বংস করতে পারেনি।

বঙ্গবন্ধুর ভাষণের পর চারপাশে যুদ্ধের দামামা বাজতে শুরু করে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা নড়াইলেও চলছিল জোরদার প্রস্তুতি। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধও গড়ে তোলেন। এরই মধ্যে ৬ এপ্রিল সকাল ৮টায় পাকিস্তানি বাহিনীর দুটি জেট বিমান থেকে নড়াইল আদালত চত্বরে একের পর এক বোমা হামলা এবং মেশিনগানের গুলি চালানো হয়। বিমান থেকে ১৫-২০টির মতো বোমা নিক্ষেপ করে আদালত চত্বর, ডাকবাংলো ও তৎকালীন এসডিওর বাসার ওপর।

বিস্ফোরিত বোমার আগুনে আদালত চত্বরের বড় বটগাছ, কাঞ্চিরাম ও ট্যাংরা কুণ্ডুর মিষ্টির দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। আহত হন জাতীয় পরিষদ সদস্য এবং নড়াইল মহকুমা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আইনজীবী খন্দকার আবদুল হাফিজুর রহমানসহ কয়েকজন। বোমার আঘাতে শতবর্ষী বটগাছটি প্রায় পুড়ে অঙ্গার হয়ে যায়। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে নতুন সূর্য ওঠে, বাংলাদেশের অভ্যুদয় হয়। নতুন কুশি গজিয়ে ওঠে পোড়া গাছটির গোড়া থেকেও। ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে আজও টিকে আছে পাকিস্তান হানাদারদের ধ্বংসযজ্ঞের স্মৃতি নিয়ে। স্বাধীনতার ৫৩ বছর পর বৃক্ষটি যেন আরও সবুজ, আরও সজীব।

নড়াইল আদালত চত্বরে বধ্যভূমির পাশের বট গাছটির গোড়া পাকাকরণ এবং আদালতসংলগ্ন এলাকার মুক্তিযুদ্ধকালীন ইতিহাস ও গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা সংবলিত দেয়াল তৈরি করা হয়েছে। এ বিষয়ে জেলা ও দায়রা জজ মো. আলমাচ হোসেন মৃধা বলেন, বটগাছটি স্বাধীনতার স্মৃতি বহন করছে। এই স্মৃতিকে রক্ষা করতে গাছের গোড়া পাকাকরণ, মুক্তিযুদ্ধের নিদর্শন ও ঐতিহাসিক তথ্যকণিকা তৈরির জন্যই একটি দেয়াল নির্মাণ করা হয়।

আওয়ামী লীগ নেতা খন্দকার মাসুদ হাসান বলেন, ‘ওই দিন বোমার আঘাতে আমার বাবা খন্দকার আবদুল হাফিজুর রহমান গুরুতর আহত হন। এসডিওর বাসার নিচতলায় ছিল তাঁর অফিস। ঘটনার সময় তিনি লঞ্চ থেকে নেমে অফিসের দিকে যাচ্ছিলেন। বোমা ও গুলির আঘাতে তাঁর দুই পা, পিঠ ও মাথায় জখম হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়।’

মুজিব বাহিনীর নড়াইল জেলার লোহাগড়া ও সদর থানা কমান্ডার অ্যাডভোকেট শরীফ হুমায়ুন কবির বলেন, যুদ্ধের সময় নড়াইল মহকুমার শান্তি কমিটির লোকজনের সহযোগিতা ও নির্দেশে নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা ভারতগামী শরণার্থী, নিরীহ বাঙালি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সমর্থক, হিন্দু সম্প্রদায়ের মানুষকে এখানে ধরে আনা হতো। পরে হাত-পা বেঁধে নড়াইল লঞ্চঘাটের পন্টুনের ওপর এনে জবাই ও গুলিতে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হতো।