ক্রীড়া প্রতিবেদক।।
ঘরের মাঠে টি-২০ সিরিজে না পারলেও শ্রীলংকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ দল। এখন টাইগারদের চোখ ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্ট সিরিজে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সকাল ১০টায়।
এর আগে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। লঙ্কানদের এই সফরের টি-২০ ট্রফি উন্মোচন করা হয়েছিল লাক্কাতুরা চা বাগানে।
তবে টেস্ট সিরিজের আগে এমন চমক রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হয়েছে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। যেখানে হাজির ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা।
২০২২ সালে ভারতের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর ২০২৩ সালে কোন টেস্ট সিরিজ হারেনি বাংলাদেশ। ২০২৪ সালে নিজেদের প্রথম টেস্ট সিরিজে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখতে চাইবে স্বাগতিকরা।
এদিকে শ্রীলংকার বিপক্ষে সিরিজটি দিয়েই টেস্টে নিয়মিত অধিনায়ক হিসেবে নতুন অ্যাসাইনমেন্ট নাজমুল হোসেন শান্তর। গেল বছর ঘরের মাঠে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর অধীনে জয় পেয়েছিল বাংলাদেশ।
এখন পর্যন্ত সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে ২৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে কলম্বোতে নিজেদের শততম টেস্টে লঙ্কানদের বিপক্ষে প্রথম ও শেষ জয় পেয়েছিল বাংলাদেশ। অ
একমাত্র জয়ের সঙ্গে শ্রীলংকার বিপক্ষে ১৮টিতে হার এবং পাঁচটি টেস্ট ড্র করেছে টিম টাইগার্স। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ১০ বার মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে লঙ্কানদের জয় ৭টিতে এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়।











































