স্টাফ রিপোর্টার।।
রমজানের শিক্ষা নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ ও সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গণ-ইফতারের আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতারের আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ ইফতারে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকে। এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামি বিভিন্ন পরিবেশনা করতে থাকে। দোয়া মোনাজাত পর্বের পর মাগরিবের আজান পড়লে সবাই এক সঙ্গে ইফতারি করেন ।
গণ ইফতারির অন্যতম আয়োজক সাইফুল্লাহ খালিদ জানান, রমজানের মাহাত্ম্য নিজেদের মধ্যে ভাতৃত্ব তুলে ধরতে ও ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এই ইফতার কর্মসূচি। এতে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।











































