Home Uncategorized সোমালীয় উপকূল মুখে ২৩ নাবিকসহ অপহৃত জাহাজ: স্বজনদের উদ্ধারে পরিবারের আকুতি

সোমালীয় উপকূল মুখে ২৩ নাবিকসহ অপহৃত জাহাজ: স্বজনদের উদ্ধারে পরিবারের আকুতি

58

খুলনাঞ্চল রিপোর্ট||
ভারত মহাসাগরে বাংলাদেশী একটি কয়লাবাহী জাহাজ (বাল্কশিপ) জিম্মি করেছে জলদস্যুরা। বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০-১৫ জন জলদস্যু এমভি আবদুল্লাহ নামে ওই জাহাজটিতে উঠে ক্যাপ্টেনকে জিম্মি করে। এরপর জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। জাহাজে জিম্মি আছেন ক্যাপ্টেনসহ ২৩ নাবিক। তাদের সুস্থ ফেরত আনতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। জানা গেছে, এমভি আবদুল্লাহ ৪ মার্চ মোজাম্বিকের মাফুতো বন্দর থেকে ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সংযুক্ত আমিরাতে (শারজাহ) আনলোড করার জন্য যাচ্ছিল। কিন্তু পথে জলদস্যুদের কবলে পড়ে। প্রথমে একটি ছোট বোট থেকে তিন জলদস্যু একে-৪৭ রাইফেল টাইপের ভারী অস্ত্র নিয়ে জাহাজের হুড বেয়ে উঠে পড়ে। তারা প্রথমেই ক্যাপ্টেনকে জিম্মি করে বন্ধ করে দেয় জাহাজ চলা। এরপর সব নাবিককে তাদের সামনে আসতে বলে। নাবিকরা সামনে আসার পর আরেকটি ছোট বোট দ্রুত জাহাজের দিকে এগিয়ে আসে। ওই বোট থেকে নেমে ১০-১৫ জন অস্ত্রধারী জাহাজে উঠে পড়ে। এ সময় তারা সবার কাছে থাকা ডলারসহ যার কাছে যা আছে তা বের করে দিতে বলে। এক গ্রুপ নাবিকদের এক জায়গায় জড়ো হয়ে থাকতে বলে। আরেক গ্রুপ জাহাজে যার যার অবস্থানে চলে যেতে বলে। নিজেদের স্থানে যাওয়ার পর নাবিকরা ওয়াইফাই ও মোবাইল ব্যবহার করে মালিকপক্ষ ও স্বজনদের সাথে ফোনে বা ভয়েস রেকর্ডে যোগাযোগ করেন। জিম্মি করার পর বাংলাদেশ সময় বেলা সোয়া ১টার দিকে নাবিকদের সাথে যোগাযোগ হয় জাহাজের মালিকপক্ষের। ওই সময় তারা জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি জানতে পারেন। চট্টগ্রামভিত্তিক কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ মূলত বাল্ক ক্যারিয়ার (খোলা পণ্যবাহী)।

জাহাজটিতে থাকা নাবিকরা হলেন-মোহাম্মদ আবদুর রশিদ (মাস্টার), মোহাম্মদ আতিক উল্লাহ খান (চিফ অফিসার), মোজাহেরুল ইসলাম চৌধুরী (সেকেন্ড অফিসার), মোহাম্মদ তারেকুল ইসলাম (থার্ড অফিসার), হোসাইন মোহাম্মদ শাহরিয়ার (ডেক ক্যাডেট), এ এস এম সাঈদুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার), মোহাম্মদ তৌফিকুল ইসলাম (সেকেন্ড ইঞ্জিনিয়ার), মোহাম্মদ রোকন উদ্দিন (থার্ড ইঞ্জিনিয়ার), আহমেদ তানভির (ফোর্থ ইঞ্জিনিয়ার), আইয়ুব খান (ইঞ্জিন ক্যাডেট), ইব্রাহিম খলিলুল্লাহ (ইলেকট্রিশিয়ান), মোহাম্মদ আনোয়ারুল হক, (এবি), মাহমুদ জয় (ওএস), মো: নাজমুল হক (ওএস), আইনুল হক (অয়েলার), মোহাম্মদ শামসুদ্দিন (অয়েলার), আলী হোসাইন (অয়েলার), মোশাররফ হোসাইন শাকি (ফায়ারম্যান), মো: শফিকুল ইসলাম (চিফ কুক), মোহাম্মদ নুর উদ্দিন (জিএস), সালেহ আহমেদ।

অপহরণ হওয়া জাহাজ উদ্ধারের অগ্রগতি জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, আমাদের কথা হচ্ছে যেকোনোভাবে তাদের আমরা বাংলাদেশে ফেরত আনতে বদ্ধপরিকর। বলা হচ্ছে জাহাজটি ভারত মহাসাগরে, সোমালিয়া থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে। জলদস্যু কারা এটাই এখনো আইডেন্টিফায়েড নয়। ওই অঞ্চলটি সোমালিয়ান অঞ্চল সেটি বলা যেতে পারে। তবে সেটা কে তা (সোমালীয় জলদস্যু) বলা মুশকিল, সেটা আপনি হতে পারেন আমিও হতে পারি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সামাজিক জীব, পরিবার নিয়ে বসবাস করি। যে পরিবারগুলোর সদস্যরা সেখানে আটকে আছে, তাদের কিভাবে দিন যাচ্ছে সেটা আমরা অনুভব করছি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। অন্য জায়গাগুলোতে তিনি কথা বলেছেন। নাবিকদের নিরাপদে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

নাবিকদের ফিরিয়ে আনতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, যারা এখন জাহাজটি নিয়ন্ত্রণ করছেন তারা তো মানুষ না তারা জলদস্যু। মানুষের সাথে কথা বললে আমি সময় নির্ধারণ করতে পারব, এতগুলো মিটিং করলে আমরা শেষ করতে পারব। এটা জলদস্যুদের বিষয়। জলদস্যু আর মানুষ এক নয়। তাই সময়টা এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে না। ডিপার্টমেন্ট অব শিপিং, মেরিটাইম যতগুলো উইং আছে তারা কাজ করছে। সমন্বিতভাবে আমরা এটি নিয়ে আসতে পারব। আমরা বসে নেই মঙ্গলবার বিকেল থেকেই এটা থেকে এক মুহূর্ত বিচ্যুত নই, সবসময় সংযুক্ত আছি।

প্রতিমন্ত্রী বলেন, নাবিকরা এখনো নিরাপদে আছেন ও সুস্থ আছেন। জাহাজ উদ্ধারে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা কিভাবে সহযোগিতা করবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উইংগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

জলদস্যুদের সাথে যোগাযোগ হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, জলদস্যুদের সাথে যোগাযোগ করার জন্য কিছু সংগঠন আছে। জলদস্যুদের সাথে আমাদের কোনো কার্যক্রম নেই। আমাদের সাথে বিভিন্ন দেশের যোগাযোগ আছে। এর আগে ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল এসআর শিপিংয়ের জাহাজ এমভি ‘জাহান মণি’। ওই জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়েছিল। দাবি করা হয়েছিল মুক্তিপণ। তখন জাহাজটি মুক্ত করার জন্য মেহেরুল করিমের নেতৃত্বে ব্যাপক তৎপরতা চালানো হয়েছিল। ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছিলেন জাহান মণির নাবিকরা। পরে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

জাহাজের ক্যাপ্টেন আবদুর রশিদ মঙ্গলবার বেলা দেড়টার দিকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন চট্টগ্রামের এসআর শিপিংয়ের কর্মকর্তাদের জানান, জলদস্যুরা তাদের জাহাজে আক্রমণ করছে। ওই সময় শিপিংয়ের কর্মকর্তারা সেই আক্রমণ যেকোনো মূল্যে ঠেকানোর পরামর্শ দেন। কিন্তু এর ১৫ মিনিট পরই ক্যাপ্টেনের একটি ই-মেইল বার্তা আসে চট্টগ্রামে। সেখানে তিনি জানান, জলদস্যুরা জাহাজের দখল নিয়ে ফেলেছে। এরপর দুবাইগামী এ জাগাজের গতিপথ পরিবর্তন করে সোমালিয়ার দিকে ঘুরিয়ে নেয় জলদস্যুরা। এরপর ওই দিন সন্ধ্যা ৭টার দিকে নাবিকদের সাথে সর্বশেষ যোগাযোগ হয় কেএসআরএম কর্তৃপক্ষের। ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে জাহাজের ইন্টারনেট সংযোগও। ছিনিয়ে নেয়া হয়েছে নাবিকদের কাছে থাকা মোবাইল, সাথে থাকা ডলারও।

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) মো: আতিক উল্লাহ খান মঙ্গলবার মাগরিবের পর মুঠোফোনে স্ত্রীর কাছে একটি অডিওবার্তা পাঠিয়েছেন। ওই অডিওবার্তায় তিনি বলেন, ‘এই বার্তাটা সবাইকে পৌঁছে দিয়ো। আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, এখানে যদি টাকা না দেয়, আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলেছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সবদিকে পৌঁছে দিয়ো।’
আতিকের বাড়ি চন্দনাইশের বরকল এলাকায়। মা, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি থাকেন শহরের নন্দনকানন এলাকায়। মা শাহানুর আকতার ছেলের চিন্তায় অস্থির। তিনি কখনো কাঁদছেন, কখনো-বা নামাজে দাঁড়িয়ে ছেলের জন্য দোয়াদরুদ পড়ছেন।

শাহানুর বলেন, মাগরিবের সময় ছেলের সাথে শেষ কথা হয়। তখন আতিক বলেছে, তাদের ৫০ জন জলদস্যু ঘিরে রেখেছে। একটা কেবিনে বন্দী সবাই। তাদের সোমালিয়া নিয়ে যাচ্ছে। আড়াই দিনের মতো লাগবে ওখানে পৌঁছাতে। সবার জন্য দোয়া চেয়েছে আতিক। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শাহানুর।
জাহাজের আরেক নাবিক স্ত্রীকে ভিডিও পাঠালে সেখান থেকে মিনা আজমিনসহ পরিবারের সদস্যরা ঘটনা জানতে পারেন। সবাই তখন কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার মাগরিবের পর আতিক যখন শেষবার ফোন করেন, সে সময় স্ত্রী মিনা নামাজে দাঁড়ানোয় মেজ মেয়ে উনাইজা ফোন ধরে। আতিক মেয়েকে তখন শুধু বলেন, ‘আম্মুকে বোলো দোয়া করতে। আমাদের ফোন নিয়ে নিচ্ছে।’ অতটুকু বলেই ফোন কেটে দেন। এরপর হোয়াটসঅ্যাপে অডিও ভয়েস পাঠান। আর ফোন খোলা পাওয়া যায়নি আতিকের।

‘আমাদের জাহাজ জলদস্যুরা ঘিইরা ফালাইছে। প্রচুর গোলাগুলিও করতাছে। মোবাইল কাইড়া নিতাছে। মনে হয় আর কথা বলতে পারব না। দোয়া করিও’ এ কথা বলতে বলতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই ছিল স্ত্রী তানিয়া আক্তারের সাথে শেষ কথা নাবিক রোকন উদ্দিনের (৩২)। মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে ওই কথা হয়। এর পর থেকে তার ফোন বন্ধ।

‘আম্মু, ওরা মোবাইল নিয়ে নিচ্ছে। এখনো ইফতার করি নাই। তারা খাবার দিলে ইফতার করব। কবির গ্রুপের চাচার সাথে যোগাযোগ করেন। যেভাবেই হোক, আমাদের ছাড়ানোর ব্যবস্থা করেন, আম্মু।’
মঙ্গলবার রাত ৮টায় সর্বশেষ মুঠোফোনে মা জোছনা বেগমকে এই আকুতি জানিয়েছেন এমভি আবদুল্লাহ জাহাজের চতুর্থ প্রকৌশলী তানভীর আহমেদ। এরপর বুধবার পর্যন্ত ছেলের সাথে কোনো যোগাযোগ হয়নি।
ছেলের চিন্তায় জোছনা বেগম গতকাল সকালে ছুটে আসেন চট্টগ্রামের আগ্রাবাদে কবির গ্রুপের কার্যালয়ে। এ সময় ছেলের চিন্তায় উৎকণ্ঠায় থাকা এই মা- তিনি সাংবাদিকদের কাছে বারবার আকুতি জানান, যেভাবেই হোক তার ছেলেকে যেন ফিরিয়ে আনা হয়। তিনি বলেন, মোবাইল কেড়ে নেয়ার আগে ছেলের সাথে কিছুক্ষণ কথা হয়। জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে দস্যুরা। তবে তারা কারো গায়ে হাত তোলেনি। জাহাজে পানির পরিমাণ কম। নাবিকদের জন্য দোয়া করতে বলেছে।

জিম্মি নাবিক আইনুল হকের মা লুৎফে আরা বেগম এক সন্তানকে নিয়ে গতকাল সকালে ছুটে আসেন কবির গ্রুপের কার্যালয়ে।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, এমভি আবদুল্লাহ জাহাজের আরেক নাবিক তারেকুল ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীর ছকড়িকান্দিতে চলছে আহাজারি। তাকে নিরাপদে ফিরে পেতে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন পরিবারের সদস্যরা।
বুধবার দুপুরে তার গ্রামের বাড়িতে গিয়ে এ চিত্র দেখা যায়। বাড়ির সামনে দেখা যায় তার বাবা দেলোয়ার হোসেন নিবিষ্টচিত্তে কুরআন তিলাওয়াত করছেন। এ সময় সন্তানকে ফিরে পাওয়ার জন্য সবার সহায়তা কামনা করেন তিনি। একইসাথে সরকার যাতে ওই জাহাজের সবাইকেই জীবিত উদ্ধার করতে পারে সেই আর্জিও জানান। তারেকুলের মা ছেলের ছবি দেখে কান্না করছেন আর তাদের ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ করছেন।

সদ্য বিবাহিত স্ত্রীর হাতের মেহেদি মুছে যাওয়ার আগেই এমভি আবদুল্লাহর নাবিক (ওয়েলার) হিসেবে যোগ দিয়েছিলেন বরিশালের বানারীপাড়ার হোসাইন মোহাম্মদ আলী (২৬)। বাবা ইমাম হোসেন মল্লিকের সাথে আলীর সব শেষ কথা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস্যরা। তখন আলী বলেছিলেন, বেঁচে ফিরলে কথা হবে। এর পর থেকেই চরম দুশ্চিন্তায় পড়েছে তার সদ্য বিবাহিত স্ত্রী ইয়ামিনসহ বাবা-মা, পরিবার। বাবা ইমাম হোসেন মল্লিক জানান, ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এর আগে বেলা ৩টার দিকে ফোন দিয়ে সে জানিয়েছিল জাহাজ জলদস্যুদের কবলে পড়ার ঘটনা। সর্বশেষ সন্ধ্যায় ফোন দিয়ে জানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সোমালিয়ার দিকে। আরো জানায়, এখন থেকে মোবাইলসহ জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে জলদস্যুরা। ফলে বেঁচে না ফেরা পর্যন্ত আর কথা হবে না পরিবারের কারো সঙ্গে। তাই সরকারের কাছে যে কোনো উপায়ে তার সন্তানসহ অপহৃত হওয়া জাহাজের ২৩ নাবিককে উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।

স্ত্রী মোসাম্মৎ ইয়ামনি জানান, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দু’জন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন। এমন ঘটনার কথা কখনো ভাবেননি। স্বামীকে ফেরত পাওয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই তার।

জিম্মি জাহাজের ২৩ নাবিকের মধ্যে তৌফিকুল ইসলাম নামে খুলনারও একজন রয়েছেন। তিনি ওই জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। খুলনা মহানগরীর ছোটবয়রা করীমনগর এলাকার এ বাসিন্দা জলদস্যুরা হামলা চালানের পর মঙ্গলবার বিকেল ৫টার পর মোবাইল ফোনে পরিবারের সাথে সর্বশেষ কথা বলেন। স্ত্রীর সাথে কথা বলার পর মায়ের সাথে কথা বলার সময় তার ফোনটি কেড়ে নেয়া হয় বলে ধারণা করছেন পরিবার। তৌফিকুল ফোনে বলেছিলেন ‘আম্মা আমি ভালো আছি, চিন্তা করো না’। এরপর দুই একটি কথা বলার পর ফোনটি বন্ধ হয়ে যায়।
ফেনীর বিপ্লবের পরিবারে উৎকণ্ঠা: বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহর ইলেকট্রেশিয়ান ইব্রাহীম খলিল উল্যাহ বিপ্লবের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মমারিজপুর এলাকায় চলছে কান্নার রোল। অপহরণের খবর শোনার পর থেকে পরিবারে হতাশা ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্র জানায়, বিপ্লব গত প্রায় আট বছর আগে জাহাজে চাকরি নেন। অপহৃত জাহাজটি গত বছরের ২৯ নভেম্বর দক্ষিণ কোরিয়া থেকে ছেড়ে যায়। তিনি এমভি আবদুল্লাহতে ইলেকট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
বিপ্লবের বাবা আবুল হোসাইন ভূঞা বলেন, ‘চার ছেলে দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আমার কথা হয়। সোমালিয়ার জলদস্যু অপহরণ করে নিয়ে যাচ্ছে আমাদের কি হয় জানিনা। আমাদের জন্য দোয়া করবেন। তিনি তার ছেলের মুক্তির জন্য সরকারের সহযোগিতা চান।’

প্রায় এক মাস আগে স্বামী আজহার মিয়া মারা যান। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি হোমরায় বেগম। এরই মধ্যে ছোট ছেলে ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব সাগরে ডাকাতদের কবলে পড়েছে। এই শোকে ভেঙে পড়েছেন তিনি। কিছুক্ষণ পরপর ছেলেকে বুকে ফিরে পেতে আর্তনাদ করছেন। বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়া গ্রামের বাড়িতে গিয়ে তাকে ছেলের জন্য আর্তনাদ করতে দেখা যায়।

ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিরন ব্যাপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। মা হোমায়রা বেগম জানান, সোমবার বিকেলে আইয়ুব তার সাথে শেষবার কথা বলেছে। মঙ্গলবার অন্য ছেলেদের সাথেও কথা হয়েছে। কেউ তাকে কিছু জানায়নি। পরে রাতে তিনি নাতির কাছ থেকে শুনে মেজো ছেলেকে ফোন করে বিষয়টি জানতে চান।

ছেলে তাকে জানিয়েছে, আইয়ুবের জন্য চিন্তা না করতে। ভারত মহাসাগরে আইয়ুবদের জাহাজ সোমালিয়ান জলদস্যুরা অস্ত্র ঠেকিয়ে কব্জা করেছে। এসব শোনার পর থেকেই আর স্বাভাবিক অবস্থায় নেই তিনি। আইয়ুবের কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তার ছেলে কেমন আছে এসব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।