চুয়াডাঙ্গায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের সাথে ধাক্কা লেগে চলন্ত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ নামক স্থানে কুষ্টিয়ার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে জীবন (১৮) তার চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে হারদি বাজারে ঘুরতে যায়। ফেরার পথে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসমানপুর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হারদি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল হতে উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলহাজ্ব সৈয়দ ইমাম হাসান বাচ্চু ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি:
আলহাজ্ব সৈয়দ ইমাম হাসান বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে মঙ্গলবার (১২ মার্চ) সকালে ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুন্দরবন আবাসন প্রকল্প এন্ড বিল্ডার্স লিমিটেডের সৌজন্যে নগরীর আন্দিরঘাট এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুম আলহাজ্ব ইমাম হাসান বাচ্চুর সহধর্মিনী নাসিমা হাসান। এসময় সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডার্স লিমিটেড’র সিইও সৈয়দ ইসতিয়াক হাসান তানভীর, সৈয়দ ইরফাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিগত বছরের মতোনই এবারও পবিত্র রমজানের ১ম দিনে এমন আয়োজন করা হয়।
কালিগঞ্জে স্কুল শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চাকুরী দেওয়ার নামে প্রতারণা, ছাত্রীর সাথে অশালীন আচারণনহ বিবিধ অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ সুত্রে জানাগেছে, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক একজন চিহ্নিত প্রতারক ও বিশ্বাসঘাতক। সে উপজেলার মুড়াগাছা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন গোবিন্দকাটি গ্রামের গৌরচন্দ্র বিশ্বাস। তার পুত্রকে চাকুরী দেওয়ার নামে নগদ দু’লক্ষ টাকা গ্রহন এই শিক্ষক। কিন্তু চাকুরী ও টাকা ফেরত দুইটাই দেননি। উপরন্তু গৌরচন্দ্রকে নানাবিধ হুমকী ধামকী দিচ্ছে। এছাড়া ঐস্কুলের অভিভাবক সুরাত আলী অভিযোগ করেছেন তারসহ অন্যান্য ছাত্রীদের সাথে অশালীন মন্তব্য ও শ্লীলতাহানি করাসহ আপত্তিকর অঙ্গভঙ্গির। এতোকিছুর পরেও কাওকে তোয়াক্কা নাকরে ধরাকে সরাজ্ঞান করে চলেছেন তিনি। কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন কিছু বলতে গেলে মিথ্যা ও হয়রানির অভিযোগের ভয় দেখায় আব্দুর রাজ্জাক। এব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত ও মিথ্যা। আমাকে নিয়ে নানান অপ প্রচার চালিয়ে আসছে একটি চক্র।
কালিগঞ্জে যুবককে কুপিয়ে যখমের ঘটনায় মামলা করে বিপাকে বাদী
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে রোকনুজ্জামান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে যখম করার ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছে বাদী আব্দুল গনি মোড়ল। দুবৃত্তদের অব্যহত হুমকীতে ব্যাপক নিরাপত্তাহীনতায় উপজেলার রামনগর গ্রামের আব্দুল গনি মোড়ল ও তার ছেলে রোকনুজ্জামান। সুত্রে জানগেছে, গত সোমবার (১৯ ফেব্রুয়ারী) রাত আনুঃ ২ টার সময়ে পুর্ব পরিকল্পনা ভাবে জমি জবরদখল করতে থাকে রামনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাছুম ও বিল্লালসহ তাদের দোসররা। খবর পেয়ে গনি মোড়ল ও তার ছেলেরা বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে রোকনুজ্জামানকে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করে। তার পিতা আব্দুল গনি মোড়ল বাদী হয়ে আরিফ বিল্লাহ, মাছুম বিল্লাহ তাদের পিতা ইদ্রিস আলী শেখসহ ৬জনের নাম উল্লেখ পূর্বক মামলা দায়ের করে, মামলা নং ১১। থানা পুলিশ দ্রুত দুইজন আসামীকে আটক করে জেল হাজতে পাঠায়। তারমধ্যে মামলার ২ নং আসামী জামিন পেয়ে বাকী আসামীরা একত্রিত হয় বাদীসহ তার পরিবারের সদস্যদের নানাবিধ হুমকি দিচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মাহে রমজান উপলে নগরবাসীর প্রতি সিটি মেয়রের আহবান
খবর বিজ্ঞপ্তি
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুসলিম জাতির ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। মাসটিকে মহান আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য বিশেষ রহমতের মাস হিসেবে নির্ধারণ করেছেন। বিধায় ইহকাল ও পরকালের কল্যাণের জন্য সামর্থবান সকলের সঠিকভাবে রোজা পালন করা উচিত।
রমজানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সিটি মেয়র ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। পবিত্র রমজানে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।
কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
খবর বিজ্ঞপ্তি
১৩ মার্চ (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।
সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ, সকাল ১০.১৫ মিনিটে শোকর্যালি ও পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০.৪৫ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও স্মৃতিচারণ। এছাড়াও রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বাদ মাগরিব এতিমদের সাথে ইফতার ও নৈশভোজ।
খুবির অপরাজিতা হলে নবনির্মিত ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের নবনির্মিত ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ মার্চ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান অতিথি হিসেবে ফুলের মালা কেটে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সুস্থ থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ, সুস্থ মন একে অপরের পরিপূরক। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উন্নতি করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোসা: সাবিহা সুলতানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ বিভিন্ন হলের প্রভোস্ট, সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দ, উপাচার্যের সচিব, হলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৪ মার্চ
তথ্য বিবরণী
খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৪ মার্চ সকাল ১১টায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বয়স: অনুর্ধ্ব ১৮ বছর, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।
ঐদিন সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম। (৫০০ শব্দের মধ্যে)। খ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম। (৭০০ শব্দের মধ্যে লিখতে হবে)।
স্বহস্তে লিখিত রচনা আগামী ১৪ মার্চ দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।
১৭ মার্চ সকাল সোয়া নয়টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
খুলনায় জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৭ মার্চ সকাল সাড়ে আটটায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সোয়া নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সকাল ১০টায় জাতীয় অনুষ্ঠান বিটিভি’র সহায়তায় সরাসরি প্রদর্শন ও প্রচার করা হবে। ১৪-১৬ মার্চ পর্যন্ত সুবিধাজনক সময় শিশুদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ১৭ মার্চ সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
ঐদিন নগরীর গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনাসমূহ সজ্জিতকরণ, সড়ক ও সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হবে। সকাল নয়টায় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
উপজেলা পর্যায়েও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সাতক্ষীরায় মাহিন্দ্রা গাড়ি-ইঞ্জিনভ্যান সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় মাহিন্দ্রা গাড়ি ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কলারোয়ার থেকে মহিন্দ্রা গাড়িযোগে সাতক্ষীরার দিকে আসছিলেন মোস্তাফিজুর রহমান। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানের সঙ্গে মহিন্দ্রা গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খুলনা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দালালের কারাদন্ড
স্টাফ রিপোর্টার
খুলনা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দুমন কমিশন (দুদক)। অভিযানে সোহাগ মোল্লা ওরফে কোরবান নামে এক দালালকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে পরিচালকের কাছে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এই অভিযান চালায় দুর্নীতি দুমন কমিশন দুদকের খুলনা বিভাগীয় সমন্বিত জেলা কার্যালয়।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মে অভিযুক্ত বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যগুলো পাসপোর্ট অফিসের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অভিযানের সময় সোহাগ মোল্লা ওরফে কোরবান নামের এক দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।
এমপি সালাম মুর্শেদির বাড়ি নিয়ে রায় পিছিয়ে আজ
ঢাকা অফিস
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে রায় পিছিয়ে আজ বুধবার (১৩ মার্চ) দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য করেন।
এর আগে গত ১০ মার্চ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।
গত ৩ মার্চ বাফুফে সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে শুনানি শেষ হয়। এর আগে ২৯ ফেব্রুয়ারি শুনানিতে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছিলেন, রাজউকের ও দুদকের হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে গুলশানে সালাম মুর্শেদী যে বাড়িতে বাস করছেন সেটা রাষ্ট্রের সম্পত্তি। এই বাড়িতে তিনি এখন এক মুহূর্তও থাকতে পারেন না। ব্যারিস্টার সুমন বলেন, মানুষ অপহরণের মতো সালাম মুর্শেদী গুলশানের বাড়ি অপহরণ করে বাস করছেন। এই বাড়িতে তিনি প্রতি সেকেন্ড অবৈধভাবে বাস করছেন।
এ সময় হাইকোর্ট রাজউকের আইনজীবীকে প্রশ্ন রেখে বলেছিলেন, সেটেলমেন্ট কোর্টের অর্ডার ছাড়া এই সম্পত্তি কিভাবে সালাম মুর্শেদীর কাছে হস্তান্তর করা হলো?
গত বছরের ১ নভেম্বর সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে এ সম্পত্তি সম্পর্কিত সব কাগজপত্র ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) রাজউক, গণপূর্ত বিভাগ ও সালাম মুর্শেদীকে নির্দেশ দেন আদালত।
তারও আগে সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। রিটে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হতো ‘নামীদামি ব্র্যান্ডের’ আইসক্রিম
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করার এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকায় একটি বাসাবাড়িতে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ‘অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন নামীদামি ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।’
কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
রোজা ঘিরে ৯ সিদ্ধান্ত কেএমপি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার
রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা হয়েছে। সভায় বাজার স্থিতিশীল রাখাসহ ৯টি সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার দুপুরে কেএমপি ভবনে এ সভা হয়। এতে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখাসহ মূল্যনিয়ন্ত্রণ, অবৈধ মজুমদার ও কালোবাজারি বন্ধ করা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।
সভায় ৯টি বিষয়ে পুলিশ ও ব্যবসায়ীরা ঐকমত্যে পৌঁছান। সেগুলো হলো দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, পরিবহন খাতে (পণ্য ও যাত্রীবাহী) এবং আড়তে চাঁদাবাজি বন্ধ করা, ভেজাল পণ্য সরবরাহ ও বিক্রি থেকে বিরত থাকা, নিত্যপণ্য অবৈধভাবে মজুত না করা, বাজার অস্থির ও সিন্ডিকেট না করা এবং প্রতিটি দোকানে পণ্যের সরকারনির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা।
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। এ ছাড়া ছিলেন পুলিশ, র্যাব, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।
অভয়নগরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
তামিম আহমেদ মনির
পবিত্র মাহে রমজান সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ একটি মাস। সিয়াম সাধনার মধ্যদিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকেন। এই পবিত্র মাসে সকলেই মহান আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বিশেষভাবে প্রার্থনা করে থাকে। এদিকে
যশোরের অভয়নগরে কিছু অসাধু ব্যবসায়ী এই পবিত্র মাহে রমজান মাসকে পুঁজি করে খাদ্যদ্রব্য সহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় অতিরিক্ত মোনাফার লোভে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদেরকে মুল্য তালিকা প্রদর্শন ও পন্যের অতিরিক্ত মুল্য না নেওয়ার ব্যাপারে মৌখিকভাবে সতর্ক করা হয়।
জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা প্রতি পিচ কলা বিক্রি হতো ৪/৫ টাকা দরে। তবে হঠাৎ করেই সেই কলার দাম বৃদ্ধি পেয়ে ৭/৮ টাকা দরে দাঁড়িয়েছে। দাম বৃদ্ধির প্রতিযোগিতা শুধু কলাতেই সীমাবদ্ধ নেই। প্রতিটা নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যেই দাম বৃদ্ধি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। ১৮০ টাকা কেজি দরের পোল্ট্রি মুরগী এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। প্রতিকেজি শশা বিক্রি হচ্ছে ৯০ /১০০ টাকা কেজি দরে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার লাভলী বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, এসআই কামাল হোসেন প্রমুখ।
এ ব্যাপারে জানতে অভয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ বলেন, আমরা রমজানের প্রথম দিন বাজার মনিটরিং করে মৌখিকভাবে সতর্ক করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ সোহেল অক্সিজেন ব্যাংক মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, করোনাকালীন মহামারী থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষের কল্যানে বিভিন্ন ধরণের মানবিক কাজ করে যাচ্ছে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানে পথচারী ও কর্মজীবী মানুষের যাতে সঠিক সময়ে বাসায় পৌছাতে না পারলেও ইফতার করতে কোন প্রকার সমস্যা না হয়। সেজন্য শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের আয়োজনে শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচীর শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বাদআছর নগরীর রুপসা ট্রাফিক মোড়ে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মুন্সি নাহিদুজ্জামান, শাকিল আহম্মেদ, মো. আনিছুর রহমান, মো. সিরাজুল ইসলাম, মো. তরিকুল ইসলাম সুমন, হাবিবুল্লা বাহার, জাকিয়ার রহমান ওমান, আমিনুল ইসলাম শাওন, মো. রনি শিকদার, প্রণয় চৌধুরীসহ প্রমুখ।
পথচারী ও সাধারণ কর্মজীবী মানুষের মাঝে পুরা রমজান মাস ব্যাপি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ইফতার বিতরণ কর্মসূচী চলমান থাকবে।
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীরের প্রথম রমজানে এলাকার মুছাল্লীদের সাথে ইফতারী
ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম আরাজি ডুমুরিয়া শাহী জামে মসজিদে রমজানের প্রথম দিন নিজ গ্রামের মুছাল্লীদের সাথে ইফতারীতে অংশ নেন। ইফতারীর আগে দোয়া পরিচালনা করেন ওই মসজিদের ইমাম হাফেজ রুহুল আমীন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক এস কে বাপ্পী, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল হালিম, মসজিদটির মুয়াজ্জিন শহীদ গাজী, মাহাবুর শেখ, আছাব শেখ, মুজিবুর শেখ, মফিজুর রহমান শেখ, আবু মুছা গাজী, আব্দুর রহিম শেখ, ইলিয়াছ সরদার, মাহাতাব শেখ প্রমুখ।
কালিগঞ্জের হাট বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিঃ নিন্মবিত্তের নাভিশ্বাস
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হাট বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে নিন্মবিত্তের মানুষের নাভিশ্বাস। রমজানকে পূজি করে অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জনের ধান্দা। প্রয়োজন যথাযথ তদারকী ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। পবিত্র মাহে রমজানের প্রথমদিনেই উপজেলার কৃষ্ণনগর ও বাঁশতলা বাজারে বিগত দুই দিনের তুলনায় নিত্য পণ্যের দাম অনেকগুন বেড়েই চলেছে। এরপরেও সাধারণ মানুষ দুশ্চিন্তায় আরও মূল্য বৃদ্ধির আশঙ্কায়। রোজা সামনে রেখে বরাবরের মতো এবারও অতি মুনাফার প্রতিযোগিতা শুরু হয়েছে নিত্য পণ্যের বাজারে। সংকট না থাকলেও রোজাদারদের জন্য প্রয়োজনীয় প্রায় সব পণোর দাম এরই মধ্যে ব্যাপকহারে বেড়ে গেছে। সাধারণ মানুষের দাবী বাজার মনিটরিং জোরদার না করলে রোজার মাসে তাদের কষ্ট আরো দ্বিগুণ হবে।
কৃষ্ণনগর, ও বাঁশতলা বাজারে ঘুরে দেখাগেছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের মূল্য। এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। দিনমজুর সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। চাকরিজীবীরাও আয়ের সাথে ব্যয়ের যোগান দিতে পারছেন না। এদিকে দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগের পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমালেও এর কোন প্রভাব পড়ছে না তৃনশূল বাজারে।তিন থেকে চার দিনের ব্যবধানে তরিতরকারিসহ নিত্যপণ্যের দাম ৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি আলু ৩০/৩২ টাকা, পটল ৮০ টাকা, খিরাই ৮০/৯০ টাকা, কাঁচকলা ২৬/৩০ টাকা, প্যারিস ৩৪০/৩৭০ টাকা, পল্টি মুরগি ১৯০/২১০টাকা পাঙ্গাস মাছ ২২০ টাকা, পাকা কলা ৭০/৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাহিরে ছোলা, চিনি, মিছরি, ট্যাঙ, রূহ আফজাসবজি কিনতে আসা ক্রেতাগন বলেন, কয়দিন আগে সবজির দাম কম ছিল এখন রোজা শুরু হয়েছে আবার সকল নিত্য পণ্যের দাম বেড়ে গিয়েছে। আয়ের সাথে ব্যায় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। এক্ষেত্রে জরুরীভাবে বাজার মনিটরিং করার দাবী উঠেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ সচেতন মহলের মধ্যথেকে।
“রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের রান্না করা ইফতার বিতরণ”
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ২০১৬ সাল থেকে নিয়মিত রান্না করা ইফতার বিতরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার পহেলা রমজান শ্রীফলতলা ইউনিয়নের বাঁধাল হাফেজিয়া মাদ্রসাতে ১০০জন শিক্ষক ও শিক্ষর্থীদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা এছাড়াও মৈশাঘূনী গ্রামের ২০টি পরিবার এর মাঝে শুকনো ইফতার সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়। এছাড়াও খুলনা রেলওয়ে স্টেশনে ৫০জন ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। রান্না করা ইফতার বিতরণ শেষ রমজান পর্যন্ত চলমান থাকবে। পুরো কার্যক্রমে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন, সাবেক ইউপি সদস্য আয়েশা আক্তার রিপা, গৌরব বসু, প্রসেনজিৎ বোস, রিয়াল আহমেদ, মোঃ রাসেল, মোঃ আরমান ও প্রিতম।
রোজার প্রথম দিন চুয়াডাঙ্গায় স্বাভাবিক শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থী কম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পাঠদান চলেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। শিক্ষা প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারণে এমনটি হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম রোজার দিন শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই নগণ্য। রোজার কারণে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই সমাবেশ হয়নি।
মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ক্লাস করছে শিশু শ্রেণির ছাত্রছাত্রীরা।
প্রতিষ্ঠান প্রধানরা জানান, শিক্ষা প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত না জানানোর কারণে তারা শ্রেণি কার্যক্রম চালিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায় ২০৮ জন ছাত্রছাত্রীর মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে মাত্র ৩৬ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন জানান, রোজার কারণে মঙ্গলবার ছাত্রছাত্রীর উপস্থিতি খুবই কম। আদালতের আদেশ বিষয়ে তিনি জানান, যেহেতু আমাদের শিক্ষা অফিসাররা বিদ্যালয় খোলা রাখতে বলেছেন তাই আমরা বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছি।
চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ছাত্রী উপস্থিতি খুবই কম। ১০ম শ্রেণিতে দেখা যায় মাত্র ২০ জন উপস্থিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, ১০ম শ্রেণির ছাত্রী ১০১ জন; কিন্তু রোজার কারণে উপস্থিত হয়েছে মাত্র ২০ জন।
আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি কম। ছুটি নিয়ে বিভ্রান্তির কারণেই এমনটি হয়েছে বলে মনে করছি।
চুয়াডাঙ্গার ইকরা একাডেমি মাদ্রাসায় গিয়ে দেখা যায় শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মাদ্রাসার পরিচালক মুফতি কাসেমী জানান, আমাদের কওমি ঘরানার মাদ্রাসাগুলোর একটি অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশন ছুটি দেয়নি বলে আমরা রোজার মাসেও প্রতিষ্ঠান খোলা রেখেছি।
আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক জানান, যেহেতু আমাদের শিক্ষা বিভাগ থেকে নির্বাহী কোনো আদেশ পাইনি তাই, মাধ্যমিক বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য বলেছি।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বলেন, আমরা ছুটির ব্যাপারে নির্বাহী বিভাগ থেকে কোনো আদেশ পাইনি। এ কারণে বিদ্যালয় খোলা রাখার ব্যাপারে সবাইকে বলেছি। সরকারি সিদ্ধান্ত পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, আমরা বিভিন্ন কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছি। সরকারিভাবে কোনো আদেশ আমাদের হাতে না থাকায় রোজায় বিদ্যালয় ছুটি থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারিনি। এ কারণেই চুয়াডাঙ্গার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রোজার প্রথম দিনে স্বাভাবিক কার্যক্রম চলছে।
অপরিপক্ব পেঁয়াজ আগাম রসুন তুলে বিক্রি, কমছে ফলন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ভালো দাম পাওয়ায় পরিপক্ব হওয়ার প্রায় দেড় মাস আগেই খেত থেকে পেঁয়াজ তুলে বিক্রি এবং চুরির ভয়ে ২০-২৫ দিন আগেই রসুন তুলে বিক্রি করছেন কৃষকরা। এতে ফলন কম হবে বলে মনে করছেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার।
পবিত্র রমজান মাসে বাজার অনিয়ন্ত্রিত হওয়ার কারণে অধিক লাভের আশায় কৃষকরা অপরিপক্ব পেঁয়াজ ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।
অপরদিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর মাঠে দেখা যায় রসুন তুলতে ব্যস্ত কৃষক। অগ্রিম রসুন তোলার বিষয়ে জানালেন, প্রায় প্রতি রাতেই খেত থেকে রসুন চুরি হচ্ছে। যে কারণে ২০-২৫ দিন আগেই তুলে নিচ্ছেন রসুন।
চৌরঙ্গী বাজারে পেঁয়াজের হাটে সকাল ৮টার দিকে দেখা যায়- টন টন অপরিপক্ব পেঁয়াজ বিক্রি চলছে। এ সময় প্রায় দেড় মাস আগে খেত থেকে পেঁয়াজ তুলে বিক্রির বিষয়ে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে জানান, রমজান মাসে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় তারা অপরিপক্ব পেঁয়াজ বিক্রি করছেন। তাছাড়া কিছুদিনের মধ্যেই ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হবে- তখন আর ভালো দাম পাওয়া যাবে না।
পেঁয়াজ কিনতে আসা ব্যাপারীরা জানান, এ বছর পেঁয়াজের দাম অনেক বেশি। তাছাড়া রমজান মাসে এমনিতেই পেঁয়াজের দাম বেশি হয়; যে কারণে কৃষকরা অপরিপক্ব মুড়িকাটা পেঁয়াজ তুলে বিক্রি করছেন। ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে পেঁয়াজের দাম কমবে সে কারণেও অপরিপক্ব পেঁয়াজ তুলে বিক্রি করছেন।
অপরদিকে যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর মাঠে কৃষক তোফাজ্জেল মণ্ডল, মহিউদ্দিন ও সমিরকে মাঠ থেকে অপরিপক্ব রসুন তুলতে দেখা যায়। আগাম রসুন তোলার বিষয়ে তারা জানান, চোরের ভয়ে অপরিপক্ব রসুন তুলে বিক্রি করে দিতে হচ্ছে। প্রায় প্রতি রাতেই মাঠ থেকে রসুন চুরি হচ্ছে। চোরের উৎপাতে পরিপক্ব হওয়ার ২০ থেকে ২৫ দিন আগেই রসুন তুলে নিচ্ছেন। দামও ভালো পাওয়া যাচ্ছে। তিন হাজার সাতশ থেকে ৪ হাজার টাকা মণ দরে রসুন বিক্রি হচ্ছে বলে জানান। অপরিপক্ব হওয়ায় প্রতি বিঘা জমিতে ১২ মণের মতো রসুনের ফলন হচ্ছে। পরিপক্ব হলে প্রতি বিঘায় ১৬ থেকে ১৭ মন রসুন পাওয়া সম্ভব ছিল বলে জানান তারা।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাইসুল ইসলাম জানান, কৃষকরা অপরিপক্ব পেঁয়াজ তুলে ফেলছেন অধিক লাভের আশায়। এতে করে পেঁয়াজের ফলন কমে হচ্ছে। তারা উপসহকারীদের দিয়ে সব সময় কৃষকদের পরামর্শ দেন যেন পেঁয়াজ পরিপক্ব হওয়ার পরে উঠায়।
তিনি আরও জানান, অপরিপক্ব পেঁয়াজও খাওয়া যায়; যে কারণে চাষি বা সাধারণ ভোক্তা কারো সমস্যা হয় না। আর মাঠ থেকে রসুন চুরির বিষয়ে জানা নেই বলে জানান।
বরিশাল সমিতি’র উদ্যোগে দুস্থদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র পক্ষ থেকে পবিত্র মাহে রমযানে দুস্থ-অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১২ মার্চ (১ রমযান) মঙ্গলবার বেলা ২টায় খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডস্থ হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বিতরণ কর্মসূচির শুভ-উদ্বোধন করেন। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেনের ব্যবস্থাপনায় ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব এম এ সালাম। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, হাজী কল্যাণ ফাউন্ডেশনের নেতা আলহাজ্ব সরদার আবু তাহের, সমিতির নেতা এ্যাড. মুফতি শহিদুল ইসলাম, আলহাজ্ব হুমায়ুন কবির বালী, প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, হুমায়ুন কবির খান, জুয়েল হাওলাদার, মোঃ জাকির হোসেন, সাংবাদিক মামুন রেজা হাওলাদার, মোঃ ফারুক খান, লিটন হাওলাদার, কাজী জাহিদ প্রমুখ।
ঐতিহ্যগতভাবে সাধারণতঃ রমযানের ১ থেকে ৩ তারিখের মধ্যে বরিশাল সমিতি যথাযথ মর্যাদায় বড় আঙ্গিকে ইফতার মাহফিল আয়োজন করে থাকে। কিন্তু এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংক্ষিপ্ত পরিসরে আগামী ২৪ মার্চ (১৩ রমযান) রবিবার ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে রমযানের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় এক হাজার দুস্থ পরিবারে মাঝে ইফতার সামগ্রী এবং ২১ থেকে ৩০ রমযান পর্যন্ত ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বরিশাল সমিতির এ মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও তা অব্যহত রাখার আহ্বান জানিয়ে অন্যান্যদেরকেও এ ধরনের কাজে সামিল হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত অতিথি খুলনা সদর থানার ওসি মোঃ কামাল হোসেন খান পেশাগত সাফল্যে অতিসম্প্রতি পিপিএম পদকে ভূষিত হওয়ায় সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
শতবর্ষী বিদ্যাপীঠ খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে ৯ ও ১০ মার্চ দুদিন ব্যাপী ঋরৎংঃ ঝড়ঁঃয অংরধহ ঊীপযধহমবং ওহঃবৎহধঃরড়হধষ ঝবসরহবৎ ড়হ ওহফরধহ অৎঃং ধহফ খরঃবৎধঃঁৎব আয়োজিত হয়।
আমেরিকার ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব ইনটেগরাল স্টাডিজ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের পক্ষে সরকারি ব্রজলাল কলেজ খুলনার উদ্যোগে ভার্চুয়াল ও অফলাইন যৌথ মাধ্যমে ঔড়ঁৎহধষ ড়ভ ওহফরধহ ঝঃঁফরবং এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়্। সরকারি ব্রজলাল কলেজ, খুলনাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৩টি প্রবন্ধ সম্মেলনে উপস্থাপিত হয়। সেমিনার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোকসানা খানম ভারতীয় নাট্যকার অরুন্ধতী রায়ের ‘ঞযব এড়ফ ড়ভ ঝসধষষ ঞযরহমং’ এর উপর ‘খড়াব উবভুরহম নড়ঁহফধৎরবং ধহফ ওঃং ঈধঃধংঃৎড়ঢ়যব’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান কো-হোস্ট হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। উপাধ্যক্ষ প্রফেসর সমির কুমার দেব সফল অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন।
উক্ত সেমিনারে সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক সীমা চৌধুরী, সহকারী অধ্যাপক মো. মামুন সরদার, সহকারী অধ্যাপক মাহবুবা নাসরিন, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক মোসা. রাবেয়া খাতুন, প্রভাষক জয়দেব দত্ত, প্রভাষক মো. মতিউর রহমান, প্রভাষক আসমাউল হুসনাসহ ইংরেজি বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির কারিগরি সহায়তায় ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নিতিশ চন্দ্র শীল।
কপিলমুনি প্রেসক্লাবে অভিষেক ও সংবর্ধনা- ২০২৪ অনুষ্ঠিত
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
সাংবাদিকরা জাতির বিবেক। তাই বিবেকবোধ ও আত্মমর্যাদা যাতে না হারায় সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী ধারাবাহিক উন্নয়নকে পত্রিকার পাতায় তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের আহ্বান জানান। সোমবার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের কার্যকরী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খুলনা- ০৬ (কয়রা -পাইকগাছা) এর সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন। কপিলমুনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জিএম হেদায়েত আলী টুকুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়ার্দ্দার, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, হরিঢালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক শেখ বেনজির আহমেদ বাচ্চু, সদস্য সচিব গাজী মিজানুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, আ’লীগ নেতা সরদার মোজাফফর হোসেন ও এম মাহমুদ আসলাম। কোরআন তেলাওয়াত করেন ডাঃ আলহাজ্ব বি এম এ জব্বার, অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিএম আসলাম হোসেন, সাবেক সাঃ সম্পাদক এস এম আব্দুর রহমান ও ক্রীড়া সম্পাদক এইচ এম শফিউল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক, গীতিকার ও শিল্পী জিএম এমদাদ আলী, অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মিলন দাশ।
মহেশপুরে পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষে কৃষকের বাজিমাত
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ),
পরীক্ষামূলকভাবে ১২ শতক জমিতে রঙিন ফুলকপির চাষ করে সফল হয়েছেন ঝিনাইদহের মহেশপুরে উপজেলার পৌর এলাকা গাড়াবাড়িয়া গ্রামের কৃষক মো. মহাসিন খান। তার ক্ষেতে শোভা পাচ্ছে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি।
স্থানীয় বাজারেও বেশ সাড়া ফেলেছে রঙিন এই ফুলকপি। কৌতূহলবশত কিনছেন অনেকে, বিক্রিও হচ্ছে বেশি দামে। আশানুরূপ দাম পাওয়ায় মহসিন খান নিজেও খুশি। তাকে দেখে আশপাশের কৃষরাও রঙিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
তিনি বলেন, রঙিন ফুলকপি চাষে প্রথমে সাহস পাচ্ছিলাম না। লোকসানের ভয় ছিল। পরে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শে উদ্যোগী হই। প্রথমবারেই আমার সফলতা দেখে এখন অন্য কৃষকরাও উৎসাহ পাচ্ছে।
তিনি আরও বলেন, পর্যাপ্ত কৃষি জমি থাকলেও মাত্র ১২ শতক জমিতে কাজ শুরু করি। কৃষি অফিস থেকে পাওয়া প্রায় ১১৩০টি রঙিন ফুলকপির চারা লাগিয়েছিলাম। সবগুলোই ভালোভাবে বড় হয়েছে। ফুলকপির সাইজও বড় হয়েছে তবে একটু লাবিতে লাগানোর কারণে বাজার দাম তেমন পাচ্ছি না। আগামীতে কৃষি অফিসের সহযোগিতা অব্যাহত থাকলে ১বিঘা জমিতে শুধু রঙিন ফুলকপি চাষ করব।
গ্রামের আরেক কৃষক নবী উদ্দিন বলেন, মহাসিনের রঙিন ফুলকপির ক্ষেত দেখতে আসছেন অনেকে। কেউ-কেউ কিনে নিয়ে যাচ্ছেন। কেউ আবার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। আমাদের গ্রামে এ ধরনের সবজি চাষ এবারই প্রথম।
মহেশপুর পৌর উপ-সহকারী উত্তম কুমার বলেন, আমাদের কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী এবারই প্রথম রঙিন ফুলকপির চারা সংগ্রহ করে কৃষক মহাসিন খানকে দিয়েছি। তিনি ১১৩০টি চারা রোপণ করেছেন। পরীক্ষামূলক চাষে ফলন দেখে কৃষক খুশি। আশপাশের কৃষকরাও এ রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্ত(ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান বলেন, স্থানীয় একজন কৃষক রঙিন ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করায় আমরা পরীক্ষামূলকভাবে তাকে এটি করতে সহায়তা করেছি। এতে বাড়তি কোনও খরচ নেই। সাদা ফুলকপি চাষের মতই খরচ। তিনি আরও বলেন, রঙিন ফুলকপি পুষ্টিগুণ সম্পন্ন। বিশেষ করে- বেগুনি কালারের ফুলকপি যেগুলো, তা আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এটি দেখতে খুব সুন্দর, যে কারণে মাঠে দেখার জন্য অনেকেই ভিড় করছে। আবার অন্যান্য কৃষকরাও এটি চাষে আগ্রহী হচ্ছেন।
সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এসএম মহিদার রহমান, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানাকে নি:শর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জি এম সোহরাব হোসেন, মোঃ সাইফুল আযম খান মামুন, শেখ হাসান গফুর, মোঃ আমিরুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আবীর হোসেন লিয়ন, জাহিদ হোসাইন, মোঃ আতিকুজ্জামান, মোঃ আতিয়ার রহমান, শহিদুল ইসলাম শহিদ সহ ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।
পোল্ট্রি শিল্প মালিক সমিতির ইফতার ২৩ মার্চ ১২ রমজান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির বিকশিত পোল্ট্রি-ডেইরী শিল্পের বিরুদ্ধে দেশী-বিদেশী আগ্রাসনÑআমাদের করণীয় শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল আগামী ২৩ মার্চ ’২৩, ১২ রমজান বিকেল ৪টায় ময়লাপোতা মোড়ে সন্ধ্যা বাজারের ২য় তলায় আজমিরি কাচ্ছি কিচেন হোটেলে অনুষ্ঠিত হবে। সমিতির সকল উপদেষ্টা, সদস্যগণ ও আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
যশোরের শীর্ষ সন্ত্রাসী ২১ মামলার আসামি কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজাকে আটক করেছে র্যাব
বেনাপোল প্রতিনিধি
যশোরের শীর্ষ সন্ত্রাসী ২১ মামলার আসামি কিশোর গ্যাং প্রধান পিচ্চি রাজাকে (২৫) আটক করেছে র্যাব-৬ সদস্যরা। গতরাতে যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদাখালি থেকে আটক করা হয় তাকে।
আটক পিচ্চি রাজা শহরের রেলগেট কলাবাগানপাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটারগান, ৪ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ চাকু, একটি সাধারণ চাকু এবং একটি দা উদ্ধার করা হয়েছে
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৮ মার্চ যশোর শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রমজান হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর র্যাব আসামি আটকের তৎপর হয়। পিচ্চি রাজা ছিল এ হ্যথা কান্ডের প্রধান আসামী। র্যাব সদস্যরা এ পর্যন্ত পটকে শাওন ,ইবাদুল ,ট্যাটু সুমন, তুহিন সহ পিচ্চি রাজাকে আটক করেছে। এরা রমজান হত্যান্ডে দায় স্বীকার করেছে।
তিনি জানিয়েছেন, চারজনের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার রাতে সন্ত্রাসী পিচ্চি রাজাকে শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম দাদখালী এলাকা থেকে আটক করা হয়। মেজর সাবিক হোসেন জানিয়েছেন, আটক রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেখানো মতে শহরের চোরমারা দিঘিরপাড় এলাকা থেকে ওই আগ্নেয়ান্ত্র গুলি উদ্ধার করা হয়। মূলত রাজা রেলগেট পশ্চিমপাড়াসহ আশেপাশের এলাকায় শীর্ষ কিশোর গ্যাং প্রধান।
পিচ্চি রাজার বিরুদ্ধে যশোর কোতওয়ালী থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েল করেছে র্যাব।











































