Home Uncategorized পবিত্র রমজান মাস শুরু

পবিত্র রমজান মাস শুরু

59

মিলি রহমান।।

মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। গতরাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে আজ মঙ্গলবার মহিমান্বিত এই মাসের প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

দীর্ঘ এগারো মাসের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় এই রমজান। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবন ধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়। রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল। আল্লাহপাক ইবাদতপাগল বান্দাদের ক্ষমা করার জন্য সব আয়োজন করে রাখেন। এ মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় ৭০টি ফরজ আমলের সমপরিমাণ।

পবিত্র রমজান মাসে সারা দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদে খতমে তারাবির নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবেকদরে কোরআন খতমের জন্য সারা দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।