স্পোর্টস ডেস্ক।।
বিশ্বের বিভিন্ন লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে কার্লো আনচেলত্তির। বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করা এই কোচ ইংলিশ প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন চেলসি ও এভারটনের মতো ক্লাবকে। স্বভাবতই এই দুই লিগ সম্পর্কে ভালো ধারণা আছে তার। এবার দুই দলের প্রতিযোগিতার মাত্রাও বোঝালেন ইতালিয়ান এই কোচ।
রবিবার সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। এরপর সংবাদ সম্মেলনে দুই লিগের পার্থক্য টেনে তিনি বলেন, ‘এটা (দুইটি লিগ) আলাদা। এর মানে ভালো কিংবা খারাপ নয়। কৌশলগত দিক থেকে লা লিগা ইংলিশ লিগের চেয়ে অনেক ভালো। তবে খেলায় তীব্রতা ও ছন্দের কথা বললে ইংলিশ লিগকে এগিয়ে রাখতে হবে। তবে স্প্যানিশ দলগুলোর কৌশলগত দিক দিয়ে আগানো।’
চলতি মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় লা লিগার দলগুলোর ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। এরই মধ্যে উয়েফা কনফারেন্স লিগ থেকে বাদ পড়েছে রিয়াল বেটিস। যোগ্যতা অর্জন পর্বেই বাদ পড়েছে ওসাসুনা।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে সেভিয়া এবং রিয়াল সোসিয়েদাদ প্যারিস সেন্ট জার্মেইর কাছে পরাজিত হয়েছে। এখনো পর্যন্ত, রিয়াল মাদ্রিদই একমাত্র দল যারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভিলারিয়াল তাদের দ্বিতীয় লেগের খেলার অপেক্ষায় আছে।
লা লিগায়ও বর্তমানে দুরন্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। টানা ২২ ম্যাচে অপরাজিত দলটি। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে তারা। বর্তমানে রিয়ালের পয়েন্ট ৬৯। দুই নম্বরে এই মৌসুমে চমক সৃষ্টি করা জিরোনা।











































