খুলনাঞ্চল ডেস্ক।।
রাশিয়ার সরকারবিরোধী এক্টিভিস্ট অ্যালেক্সি নাভালনিকে রাজধানী মস্কোতে সমাহিত করা হয়েছে। একটি ধর্মীয় অনুষ্ঠানের পর শুক্রবার বিকেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এসময় সেখানে তার শত শত সমর্থক ও একাধিক পশ্চিমা দেশের রাষ্ট্রদূত জড়ো হয়েছিলেন।
এর আগে গত মাসে কারাগারে মারা যান নাভালনি। গত এক দশকে তিনি রাশিয়ায় পুতিনের সবথেকে বড় সমালোচকদের একজনে পরিণত হন। তার মৃত্যুকে স্বাভাবিক হিসেবে ঘোষণা করা হয়েছে মেডিকেল রিপোর্টে। এর আগে তিনি রাশিয়ার আর্কটিক সার্কেলের পোলার উলফ কলোনীতে কারাবন্দি ছিলেন। তার মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করেছে পশ্চিমা বিশ্ব।
তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন নাভালনির মা লিউডমিলা। তাকে সমাহিত করার আগে তার সমর্থকরা গির্জার ভিতরে তার খোলা কফিনের চারপাশে জড়ো হয়েছিলেন। এসময় সমর্থকরা রুশ সরকার ও প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে স্লোগান দেয়।











































