স্টাফ রিপোর্টার।।
গভীর প্রেম একে-অপরকে মায়াজালে বন্দি করে রাখে। মিলেমিশে একাকার হয়ে যায় দু’জনে। দিশাহারা জীবন যেন গুছিয়ে নিতে ইচ্ছা করে। এমনই এক প্রেমময় ঘোরলাগা গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। গানের শিরোনাম ‘বন্ধুয়ারে’। গানের কথা-সুরও তার করা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আগামীকাল এটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কক্সবাজারের জিরো পয়েন্টের একাধিক লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিওতে দর্শক দেখতে পাবে তানজীব সারোয়ার ও আফসানা চৌধুরী সিফার অন্যরকম এক অভিনয় রসায়ন।
গানটি প্রসঙ্গে তানজীব বলেন, আমি বরাবরই শ্রোতাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে একটি গান করার চেষ্টা করি। তাই আমার দৃঢ় বিশ্বাস যে, গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে। আর গানটির ভিডিওতে দর্শক-শ্রোতারা আমাকে পাবে নতুন রূপে। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখেই দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে। ইউটিউব চ্যানেলের পাশাপাশি ২রা মার্চ থেকে গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।











































