ঢাকা অফিস।।
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে দুই সন্তানের সঙ্গে মাসহ নোয়াখালী পৌরসভা, সদর এবং সেনবাগের ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার লাশগুলো গ্রামের বাড়িতে দাফনের পর সেখানে চলছে স্বজন হারানোর শোকের মাতম।
জুমার নামাজের পর নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড মাইজদীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়, মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির ব্যবসায়ী আশিক আহমেদের স্ত্রী নিহত নাজিয়া আক্তার (৩১), ছেলে আরাহান (৮) ও আদিয়ানের (৬) মৃতদেহ।
আশিক আহমেদের স্বজন মো. রাসেল জানান, ১৫-১৬ বছর ধরে ব্যবসার সুবাদে ঢাকায় থাকেন আশিক। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তিনি বেইলি রোডে একটি বাসায় ভাড়া থাকেন। কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে আশিকের দুই বন্ধু ঢাকায় এসেছেন। তাদের পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেতে বৃহস্পতিবার দুই সন্তানসহ মোট ৬ জন বেইলি রোডের ওই রেস্টুরেন্টে যান। তাদের সঙ্গে আশিকেরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আগুন লাগার আগ পর্যন্ত সেখানে যাননি আশিক। আগুন লাগার খবর পেয়ে আমরা আশিক ও নাজিয়ার মোবাইলে অনেকবার কল দিলেও তারা কেউ ধরেননি। পরে নিশ্চিত হওয়া গেছে আগুনে নাজিয়া ও তার দুই সন্তান দগ্ধ হয়ে মারা গেছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর জানান, একই পরিবারের তিনজনের লাশ বেলা পৌনে ২টার দিকে ঢাকা থেকে বাড়িতে আনা হয়। এরপর জানাজা শেষে বেলা আড়াইটার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অন্য দুজন হলেন সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের দত্তের বাড়ির তারেক আহমেদের স্ত্রী মেহরান কবির দৌলা (২৮) ও সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের দর্জিপাড়ার তাকিয়া বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে মোহাম্মদ আরিফুর রহমান আসিফ (২৪)।
তারেক আহমেদের স্বজন মো. শামীম জানান, তারেক ঢাকায় ব্যবসা করেন। তার স্ত্রী মেহরান কবির দৌলা আইএফআইসি ব্যাংকের আইটি বিভাগে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে দৌলা ছোট বোন মাহি ও তার এক বান্ধবীকে নিয়ে বেইলি রোডের রেস্টুরেন্টে গিয়েছিলেন। আগুন লাগার পর ছোট বোনের বান্ধবী ভবনের জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে পারলেও দগ্ধ হয়ে মারা যায় দৌলা ও মাহি। মাহির গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
সেনবাগের আসিফ ওই ভবনের আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। ৫ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ঢাকার শান্তিনগরে একটি গ্রিল ওয়ার্কশপে তিনি শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার দিন তিনি ওই ভবনের হোটেলে কাজ করার জন্য গিয়েছিলেন। নিহত আসিফের ফুফাতো ভাই মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসিফের লাশ বাড়ি আসার পথে, আমরা দাফনের প্রস্তুতি নিয়েছি। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।











































