স্পোর্টস ডেস্ক
দেড় মাসব্যাপী বিপিএল যজ্ঞের পর্দা নামছে আজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনাল ম্যাচটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের এই টুর্নামেন্টে মজেছে জার্মানির ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখও।
আজ শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করেছে বায়ার্ন। সেখানে একটি ছবিও জুড়ে দিয়েছে তারা। ব্যাট হাতে দলটির আক্রমণভাগের খেলোয়াড় হ্যারি কেইন। পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘এটি বিপিএল- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল ডে। এখানে হ্যারি কেইনের কোন দলে যোগ দেওয়া উচিৎ?’
এই পোস্টের নিচে মন্তব্য করে ভাসিয়ে দিচ্ছেন বাংলাদেশিরা। বরিশাল না কুমিল্লা; নিজেদের পছন্দ অনুযায়ী হ্যারি কেনকে দলে দেখতে চান তারা। অবশ্য পোস্টের সমালোচনাও করেছেন অনেকে। সামাজিক মাধ্যমে ক্লাবটির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ কিংবা প্রতিক্রিয়া বাড়ানোর লক্ষ্যে পোস্টটি দেওয়া হয়েছে বলেই মত তাদের।
ক্রিকেট নিয়ে এর আগেও কথা বলতে দেখা গেছে বায়ার্নকে। কয়েকদিন আগে তারা ফুটবলের সর্বকালের সেরা হিসেবে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও ক্রিকেটের সেরা হিসেবে বিরাট কোহলির নাম লিখেও একটি পোস্ট করে।
বায়ার্ন দলের মধ্যে ক্রিকেটের সঙ্গে কেইনেরই একটু যোগাযোগ আছে। কোহলির সঙ্গেও এর আগে দেখা গেছে তাকে। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তার প্রিয় দল। মঈন আলী ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গেও দেখা গেছে তাকে। ইংল্যান্ডের ‘দ্যা হান্ড্রেড’ ক্রিকেট টুর্নামেন্টে একবার তৎকালীয়ন টটেনহ্যাম সতীর্থ জেমস ডোহার্টির সঙ্গে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জেও মেতেছিলেন এই ফুটবলার।











































