স্পোর্টস ডেস্ক।।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ক্ষুরধার নেতৃত্ব তো ছিলই, ব্যাট হাতেও রানের বন্যা বইয়েছেন এই ওপেনার। হয়েছেন বিপিএলের দশম এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তামিম।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের কাইল মেয়ার্স। বল হাতে দারুণ ইকোনমিতে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটেও হাফ সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস খেলেন মেয়ার্স। অবশ্য, দলে যোগ দেওয়ার পর প্রায় প্রতি ম্যাচেই এমন পারফরম্যান্স দেখা গেছে কাইল মেয়ার্সের থেকে।
১৫ ম্যাচে ৩৫.১৪ গড় এবং ১২৭.১৩ স্ট্রাইকরেটে ৪৯২ রান করেছেন টুর্নামেন্টসেরা তামিম। রানের লড়াইয়ে শীর্ষে ওঠার দৌড়ে তামিমের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাওহীদ হৃদয়। এক ম্যাচ কম খেলা কুমিল্লার হৃদয় ৩৮.৫০ গড় এবং ১৪৯.৫১ স্ট্রাইকরেট নিয়ে করেছেন ৪৬২ রান। কে রানে শীর্ষে থাকবেন সেটি নিষ্পত্তি হয়েছে ফাইনাল ম্যাচেই। আজ হৃদয়ের চেয়ে বেশি রান নিয়েই মাঠে নামেন তামিম। তবে আগে ব্যাট করা হৃদয় ১৫ করলে ছাড়িয়ে যান তামিমকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বরিশাল অধিনায়ক ৩৯ রান করে আবার পেছনে ফেলেন হৃদয়কে।
বিপিএলে এবারই সবচেয়ে বেশি রানের দেখা পেয়েছেন তামিম। এর আগে সর্বোচ্চ ৪৭৬ রান করেছিলেন ২০১৬ সালে, চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। ২০১৯ সালে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করার পথে করেছিলেন ৪৬৭ রান।
বিপিএলের এক আসরে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ রান অবশ্য নাজমুল হোসেন শান্তর। এবার ব্যাটে রানের জন্য হাপিত্যেশ করা শান্ত আগের আসরেই করেছিলেন ৫১৬ রান। যেটি বিপিএলের এক আসরে সর্বোচ্চ। ৪৯১ রান করে তালিকার দুইয়ে মুশফিকুর রহিম। ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে এই রান করেছিলেন তিনি।











































