আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে কংগ্রেসের পর এবার আরেক বিরোধী দল সমাজবাদী পার্টি থেকেও নেতা-বিধায়করা যোগ দিতে শুরু করেছেন ক্ষমতাসীন দল বিজেপিতে। গতকাল মঙ্গলবার সমাজবাদী পার্টি থেকে পদত্যাগ করে বিজেপি-তে যোগ দিয়েছেন বিধানসভায় অখিলেশ যাদবের দলের চিফ হুইপ মনোজ কুমার পাণ্ডে।
এদিন উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং হিমাচল প্রদেশে রাজ্যসভা আসনের জন্য নির্বাচন হচ্ছে। নির্বাচনের দিন চিফ হুইপকে ভাঙিয়ে নিয়ে বিজেপি অখিলেশকে বড় ধাক্কা দিয়েছে।
বিধানসভায় ভোট দেয়ার ক্ষেত্রে হুইপ দেন দলের চিফ হুইপ। সেই চিফ হুইপকেই সমাজবাদী থেকে নিজেদের দিকে নিয়ে এসেছে যোগী আদিত্যনাথের দল। শুধু তাই নয়, বিধায়ক সংখ্যার হিসাবে উত্তরপ্রদেশে বিজেপি-র সাতটি আসনে জেতার কথা। সমাজবাদী পার্টির জেতার কথা তিনটি আসনে। কিন্তু বিজেপি এখানে আটজন প্রার্থী দাঁড় করিয়েছে।
সোমবার দুপুর নাগাদ স্পষ্ট হয়ে যায়, উত্তরপ্রদেশে অন্তত পাঁচজন সমাজবাদী পার্টির বিধায়ক বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছে। অখিলেশ জানান, তৃতীয় আসনে লড়াইটা ছিল সমাজবাদী পার্টির কাছে পরীক্ষা। সেই পরীক্ষা থেকে স্পষ্ট হয়ে গেছে, কারা কারা অনগ্রসর, দলিত, সংখ্যালঘুদের সঙ্গে আছেন, কারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।
সোমবার রাতে দলের বিধায়কদের নৈশভোজে ডেকেছিলেন অখিলেশ। উদ্দেশ্য ছিল, দলের সব বিধায়ককে সঙ্গে রাখা। কিন্তু সেখানে দলের মোট আটজন বিধায়ক যাননি। তারা বিজেপি-র দিকে ভোট দিলে তাদের অষ্টম প্রার্থীও জিতে যাবেন। এই ধাক্কাটাও অখিলেশকে দিতে চায় বিজেপি।
সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক চৌহান বিজেপিতে যোগ দিয়েছেন। তামিলনাড়ুর কংগ্রেস নেত্রী বিজয় ধরণী সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন। জব্বলপুরের মেয়র জগত সিং-ও রাহুল গান্ধীর দল ছেড়ে বিজেপি-কে বেছে নিয়েছেন।











































