Home আন্তর্জাতিক কলকাতায় তেলের ট্যাংকার উল্টে আগুন

কলকাতায় তেলের ট্যাংকার উল্টে আগুন

42

আন্তর্জাতিক ডেস্ক।।

পশ্চিমবঙ্গের কলকাতায় একটি তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, তেলের ট্যাংকারটি তীব্র গতিতে আসছিল। তার একটি টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি সামনে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা মারে ও উল্টে যায়। সঙ্গে সঙ্গে সেখানে তেল ছড়িয়ে পড়ে এবং ট্যাংকারে আগুন ধরে যায়।

রাস্তার পাশেই একটি বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। তবে সেই বাড়িতে কেউ ছিলেন না। নিচে একটি দোকান ছিল। সেই দোকান-সহ বাড়িতে আগুন ছড়িয়ে যায়। রাস্তা ও বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালেই এই ভয়ংকর ঘটনা ঘটে। বাড়িটি পরিত্যক্ত ছিল। সেখানে কেউ থাকতেন না। না হলে আরো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

দুর্ঘটনার পরই আশপাশের বাড়িগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বাড়ির বাইরে চলে আসেন। স্থানীয়দের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়।

প্রথমে দুইটি ফায়ার ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর আরো ৮টি দমকল সেখানে যায়। দুই ঘণ্টা ধরে চেষ্টা করার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তারপর ফোম ব্যবহার করা হয়।

পুলিশ জানিয়েছে, ট্যাংকারের চালক অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্যাংকারটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি পুলিশ। তারা জানান, আগুন লাগার পর সেন্ট্রাল অ্যাভিনিউ বন্ধ করে দেওয়া হয়। দমকলকর্মীরা তাদের কাজ শেষ করার পর তা আবার খুলে দেয়া হয়েছে।