Home কলাম স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশের পথে

স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশের পথে

9

-মো: মেহেদী হাসান

জনাব রফিক একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকুরি করেন। ছেলের জন্মদিন উপলক্ষে একটি উপহার ক্রয় করতে তিনি যখন নিউমার্কেটে যান, তখন প্রায় রাত দশটা। অনেক ঘুরে উপহার ক্রয় করে যখন দাম দিতে যাবেন, একটু বিপত্তিতেই পড়লেন জনাব রফিক। কারন, তার মানিব্যাগে যে কখন নগদ টাকা কমে গেছে তিনি তা খেয়ালই করেননি। বিপনিবিতানের বিক্রয়কর্মীরাও যখন তার দিকে বিরক্তির সাথে তাকানো শুরু করছে, ঠিক সে সময়ই তার মনে পড়লো যে তার মোবাইল ওয়ালেটে টাকা রয়েছে। বিক্রয়কর্মীরাও তাকে জানালো যে তাদের কাছে মোবাইল ওয়ালেটের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা রয়েছে। অবশেষে জনাব রফিক মোবাইল ওয়ালেটের মাধ্যমে তার বিল পরিশোধ করে হাফ ছেড়ে বাঁচলেন এবং মনে মনে স্মার্ট এ ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে ধন্যবাদ দিলেন। এরকম পরিস্থিতিতে জনাব রফিককে এর আগেও পড়তে হয়েছে। এইতো কিছুদিন আগে তার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে তাকে ফোন করে জানালো জরুরি ভিত্তিতে তাকে ইউনিভার্সিটির টিউশন ফিস পরিশোধ করতে হবে। জনাব রফিক তখন অফিসে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তার পক্ষে তখন ব্যাংকে যাওয়া প্রায় অসম্ভব। এ কথাটি মেয়েকে জানাতে সে তাকে বললো যে এজন্য ব্যাংকে যাওয়ার কোন প্রয়োজন নেই। তাদের বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস বা এমএফএস এর মাধ্যমে টিউশন ফিস পরিশোধের ব্যবস্থা রয়েছে। কিন্তু বিপত্তি বাধলো অন্য জায়গায়। তার মোবাইল ওয়ালেটে টিউশন ফিস পরিশোধের মত টাকা ছিল না। বিষয়টি সহকর্মী সেলিমকে জানাতে সে বললো যে এটা কোন সমস্যাই নয়। জনাব রফিক তার ব্যাংক একাউন্ট থেকে খুব সহজেই মোবাইল ওয়ালেটে মানি ট্রান্সফার করতে পারেন। অবশেষে সহকর্মী সোহেলের সহায়তায় জনাব রফিক মেয়ের টিউশন ফিস পরিশোধ করলেন।

মূলত, মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস বা এমএফএস একটি ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। এ ব্যবস্থাটি বর্তমানে এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যে তা আর্থিক লেনদেনের একটি বড় অংশ দখল করেছে। ২০১২ সালের দিকে একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এ ব্যাবস্থার সূচনা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি আমরা। সেজন্য একটি ইউনিফায়েড, নিরাপদ ও ক্যাশলেস আর্থিক লেনদেন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা অত্যাবশ্যকীয়। সে লক্ষ্যে কাজও করে যাচ্ছে বর্তমান সরকার। ন্যাশনাল ফাইন্যানশিয়াল ইনক্লুশন স্ট্রাটেজি ২০২১-২০২৬ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ১০ টি ব্যাংক এবং ০৩ টি সহায়ক কোম্পানি এই এমএফএস সার্ভিস দিচ্ছে। আগামীতে এ সংখ্যা আরও বাড়বে নি:সন্দেহে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন দিক হচ্ছে, এ সার্ভিসটি বাংলাদেশের গ্রামীন প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সিস্টেম ও অর্থনীতিতে অন্তর্ভুক্ত করতে পেরেছে। গ্রামীন প্রান্তিক জনগোষ্ঠী বা শহুরে স্বল্প আয়ের জনগোষ্ঠী, যারা সনাতন ব্যাংকিং পদ্ধতিতে অন্তর্ভুক্ত ছিল না, তারা এই এমএফএস সিস্টেমের মাধ্যেম ব্যাংকিং সিস্টেমের অন্তর্ভুক্ত হয়েছে যা, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বা এসডিজিতে ঘোষিত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে বেগবান করছে। অক্টোবর, ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে এমএফএস একাউন্টের সংখ্যা ছিলো প্রায় ২২ কোটি যা বাংলাদেশের জনসংখ্যা থেকেও অধিক এবং সারা বিশ্বের এমএফএস একাউন্টের ১১.৯৩ শতাংশ। ০১ বছর আগে এ সংখ্যা ছিল প্রায় ১৯ কোটি। অর্থাৎ ০১ বছরে এ সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে যা এ ব্যবস্থার জনপ্রিয়তাকে নির্দেশ করে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এমএফএস এর মাধ্যমে ২০২২ সালে যে পরিমান অর্থ লেনদেন হয়েছিল তার ৭.৮ শতাংশই লেনদেন হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে বাংলাদেশে ৩,৬৪৬ কোটি টাকা এমএফএসের মাধ্যমে লেনদেন হচ্ছে।

 

শুধু প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই নয়, এমএফএস সিস্টেমের মাধ্যমে বর্তমান সরকারের জনগনের দোরগোড়ায় সেবা দেয়ার যে প্রতিশ্রুতি তাও বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকার সোশ্যাল সেফটি নেট এর আওতায় যে সকল ভাতা প্রদান করা হয় তা এমএফএস এর মাধ্যমে পরিশোধের এক যুগান্তকারি সিদ্ধান্ত নেয়। ফলে, প্রান্তিক জনগন যেমন ঘরে বসেই তাদের মোবাইলের মাধ্যমে ভাতা পাচ্ছেন তেমনই এ কাজে স্বচ্ছতাও অনেকগুন বেড়ে গিয়েছে; কারণ, দরিদ্র জনগোষ্ঠীকে এখন আর দালালের খপ্পরে পড়তে হচ্ছে না।

মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিসের আর একটি উল্লেখযোগ্য দিক হলো প্রান্তিক নারীদের অংশগ্রহন। জিএসএমএ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ২০২৩ সালে। এ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের এমএফএস একাউন্টের ৪২ শতাংশই নারীদের। সুতরাং এমএফএস নারীদের কিছু মাত্রায় স্বাবলম্বী করে তুলছে এবং বাংলাদেশ যে আগামীতে একটি ক্যাশলেস অর্থনৈতিক লেনদেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে তা ধারনা করা যায়।

সম্প্রতি সরকার বাংলাদেশে এই প্রথম দু’টি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিয়েছে। ডিজিটাল ব্যাংক প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা থেকে আমাদেরকে ক্যাশলেস ব্যাংকিং এর পথে নিয়ে যাবে তা সহজেই অনুমেয়। তবে, একটি বিষয় আমাদের বিবেচনায় রাখতে হবে। তা হলো, বাংলাদেশের সাধারন মানুষের এ ধরনের প্রযুক্তিগত ব্যাংকিং বা অর্থনৈতিক লেনদেনের সক্ষমতা। গণমাধ্যমের পাতায় প্রায়শই বিভিন্ন প্রযুক্তিগত প্রতারণার খবর পাওয়া যায়। এ ধরনের প্রতারণার শিকার বেশির ভাগই সাধারন মানুষ। প্রযুক্তিগত ব্যাংকিং বা লেনদেনের প্রসারের সাথে সাথে এ ধরনের প্রতারক চক্র আরও সক্রিয় হতে পারে। এক্ষেত্রে দু’টি দিকে আমাদের মনোযোগ দিতে হবে। প্রথমত, সাধারন মানুষের মধ্যে প্রযুক্তিগত স্বাক্ষরতা বৃদ্ধি করতে হবে। ২০২২ সালে বাংলাদেশ শিক্ষা কমিশন এবং ইউনিসেফ যৌথভাবে একটি সমীক্ষা পরিচালনা করেছিল। এ সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৫-২৪ বছর বয়সীদের প্রায় ৮৫ শতাংশের যথাযথ ডিজিটাল স্বাক্ষরতা নেই। সুতরাং এটি ধারণা করা যায়, বয়্স্কদের মধ্যে এ হার আরও বৃদ্ধি পাবে। ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধি ছাড়া ডিজিটাল ব্যাংকিংসহ স্মার্ট বাংলাদেশের আরও অনুষঙ্গ বাধাগ্রস্ত হবে। দ্বিতীয়ত, সাধারন মানুষকে এ ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। সাধারন মানুষের মধ্যে এখনও প্রযুক্তিগত অনীহা কাজ করে। এটি দূর করতে পারলে বাংলাদেশ স্মার্ট অর্থনীতির পথে অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করা যায়।
-পিআইডি ফিচার/ লেখক: মো: মেহেদী হাসান, সিনিয়র তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা।