ঢাকা অফিস।।
বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৩৮ বছর পর রেকর্ড গড়েছে বাংলাদেশ। ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়ে বাংলাদেশের হাফেজ বশির আহমদ এই রেকর্ড গড়েন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে বশিরের শিক্ষক শায়েখ নেছার আহমাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
শায়েখ নেছার আহমাদ বলেন, পৃথিবীর কোনো দেশ ৩৮ বছরে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে তিনটি বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে দুবাই ও সৌদি আরবসহ অনেক দেশে প্রথম হয়েছে বাংলাদেশ।
নিজের ইচ্ছার কথা জানিয়ে হাফেজ বশির আহমদ বলেন, ‘বড় হয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কুরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করে মসজিদে হারামের ইমাম হতে চাই।’
গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। এতে অংশ নিয়ে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। এছাড়াও গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ বশির আহমদ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে জন্মগ্রহণ করেন। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।











































