Home জাতীয় আন্দোলন থামবে না: মান্না

আন্দোলন থামবে না: মান্না

38

খুলনাঞ্চল রিপোর্ট।।

সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ব্যাংক লোপাট ও অর্থ পাচারের অভিযোগ এনে আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সেখানে নাগরিক ঐক্যের সভাপতি এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এই সরকার একটা ডাকাত সরকার, লুটেরা সরকার, ভোট ডাকাত সরকার…এরা এখন ক্ষমতায় আছে। আমাদের দায়িত্ব আছে এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। এই প্রধান বিচারপতির বাসার সামনে সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কি আন্দোলন থামাতে পারবে?’

তিনি বলেন, ‘কালকে (বৃহস্পতিবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী বেরিয়েছেন। ওনারা মুক্তির পর কী বলেছেন?…গ্রেপ্তার করে, নির্যাতন করে আন্দোলনে ধ্বংস করতে পারবেন না, আন্দোলন চলবে।’

মান্না বলেন, ‘আমরাও বলি, আন্দোলন চলবে, আন্দোলন থামবে না, যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন হবে।’

ইসলামী ব্যাংকের মতোই নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘প্রতিষ্ঠিত’ গ্রামীণ ব্যাংক ‘দখলে’ও ক্ষমতাসীনরা পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেনে, ‘শাহজাহান ওমর বিএনপির লোক, নৌকা পাবেন। কারণ, এক ঘণ্টার মধ্যে উনি জামিন পান…এটা হচ্ছে হেডাম; এই রাষ্ট্র এই হেডাম দেখাবে।’

তিনি বলেন, ‘উনারা (সরকার) ভেবেছেন মামলা দিয়ে, জেলে ঢুকিয়ে, গুম করে, ভয় দেখিয়ে এই ক্ষমতা চিরস্থায়ী করে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাব, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব এবং এই সরকারের লাঠি-গুলি-হুমকি সমস্ত কিছুকে উপেক্ষা করে জনগণকে লড়াইয়ে উদ্ধুদ্ধ করব।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, জেএসডির কামাল উদ্দিন ভুঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান।