স্টাফ রিপোর্টার।।
টেলিভিশন, এসি, ফ্রিজসহ ৫০ ধরনের মালামালের হদিস না থাকায় খুলনা রেলস্টেশনের দায়িত্ব বুঝে নিচ্ছেন না নতুন মাস্টার মাসুদ রানা। মালামালের যথাযথ হিসাব না থাকায় দায়িত্ব বুঝিয়ে দিতে সদ্য অবসরে যাওয়া মানিক চন্দ্র সরকার একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
স্টেশন সূত্র জানায়, ২০১৭ সালে খুলনার স্টেশন মাস্টার হিসেবে যোগদান করেন মানিক চন্দ্র সরকার। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে। কিন্তু অদৃশ্য ক্ষমতাবলে সেসব অভিযোগ থেকে রেহাই পান তিনি। এরই মধ্যে ২০২৩ সালের ১৭ এপ্রিল অবসরে যান মানিক চন্দ্র সরকার।
অবসরের যাওয়ার পরপরই মানিক চন্দ্র সরকার দায়িত্ব বুঝে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এরপর স্টেশনে থাকা মালামালের তালিকা করে তা বুঝিয়ে দিতে যান বর্তমানে দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মাসুদ রানাকে। কিন্তু তিনি তখন মালামাল বুঝে নেননি। এরপর থেকে তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে রেলওয়ের বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠিও দিয়েছেন।
খুলনা রেলস্টেশনের সাবেক স্টেশন মাস্টার মো. আমিরুল ইসলাম বলেন, মানিক চন্দ্র সরকার যোগদানের পর খাতাপত্র ঠিক করতে না পেরে আমার সহায়তা নেন। কিন্তু বর্তমানে যিনি রয়েছেন তিনি কাগজপত্র না পাওয়ার কারণে দায়িত্ব নিতে চাইছেন না।
পশ্চিম রেলওয়ের স্টক ভেরিফায়ার অপূর্ব বিশ্বাস বলেন, কিছু মালামাল কমবেশি রয়েছে। তবে ঠিক কতটা তা তদন্ত শেষ না করে বলা যাচ্ছে না।
খুলনা রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, যে চার্জ পেপার মানিক চন্দ্র সরকার তৈরি করেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। স্টেশনের অনেক মালামাল কমবেশি রয়েছে। এ কারণে দায়িত্ব বুঝে নিতে পারছি না।
তবে অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন হয়ে গেছে। রেকর্ডে দুই-একটা ভুল হতে পারে। সবাই চেক করে নিক। তিনি অভিযোগ করেন, ১০ মাসের বেশি তিনি স্টেশনে ছিলেন না। এ সময়ে মালামাল খোয়া যেতে পারে।











































