মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চক্ষু ক্যাম্পের নামে রুগীদের সাথে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মনজুরুল ইসলাম(২৫)কে জরিমানা করেন।তিনি ডাক্তার পরিচয়ে কুষ্টিয়া বি.এম আই কেয়ারের চক্ষু চিকিৎসক হিসেবে চিকিৎসা দিতেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বি.এম আই কেয়ার নামে একটি প্রতিষ্ঠান এরশাদপুরে চক্ষু ক্যাম্প পরিচালনা করছে, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান ইউএনও স্নিগ্ধা দাস। এসময় দেখা যায় যিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, তিনি আসলে চিকিৎসক না। তিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাত্র। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ভুয়া চিকিৎসক মনজুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে স্নিগ্ধা দাস বলেন, চিকিৎসক না হয়েও তিনি চোখের মতো স্পর্শকাতর বিষয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। এটা মানুষের সঙ্গে প্রতারণা। তাই মনজুরুল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।











































