স্টাফ রিপোর্টার।।
খুলনায় সেই গৃহবধূর শরীরে মেডিকেল পরীক্ষায় মিলেছে গণধর্ষণের আলামত। পাওয়া গেছে স্পর্শকাতর অংশে কালসিটে দাগসহ একাধিক কামড়ের চিহ্ন। আর এই ধর্ষণের সময় গৃহবধূ যাতে শব্দ করতে না পারেন, সে জন্য তার ঠোঁটে শক্তিশালী আঠা (গ্লু) লাগিয়ে বন্ধ করা হয় মুখের আওয়াজ। চোখের পাতাতেও একই আঠা দিয়ে বন্ধ করা দেওয়া হয় দৃষ্টিশক্তি। এরপর হাত ও পা শক্ত রশি দিয়ে বেঁধে কয়েকজন দুর্বৃত্ত চালায় তার ওপর পাশবিক নির্যাতন। গা শিউরে ওঠা এমন নির্যাতনের পর গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানিয়েছেন, এমন নৃশংস নির্যাতনের আলামত তারা আগে কখনো দেখেননি।
খুলনার পাইকগাছা উপজেলায় ৪২ বছরের এক গৃহবধূর ওপরে গত রোববার রাতে ঘটানো হয়েছে এই নারকীয় নির্যাতন। এতেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। লুট করা হয়েছে তার বাড়ি। ঘটনার ২৪ ঘণ্টা পরে নিবিড় চিকিৎসায় রাখাবস্থায় ভিকটিমের জ্ঞান ফিরলেও রয়েছেন বাকরুদ্ধ। এখন অঝোরে ঝরছে তার চোখের পানি। ২০ বছর বয়সি সন্তান ও স্বামীর ডাকে সাড়া দিলেও ইশারার মাধ্যমে সামান্য অনুভূতি ব্যক্ত করছেন।
গত সোমবার সকালে তাঁকে চোখ ও মুখে শক্ত আঠা লাগানো এবং অচেতন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ঘরের মালামাল লুট ও ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে চিকিৎসকদের জানান তারা। রোববার রাতে প্রতিবেশীরা ওই গৃহবধূকে ঘরের মধ্য থেকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছিলেন। সোমবার বিকেল পযন্ত তার জ্ঞান ছিল না। তবে রাতে জ্ঞান ফিরলেও সকাল পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। গত মঙ্গলবার দুপুরের দিকে তিনি ইশারার মাধ্যমে কিছুটা কথা বলতে পেরেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ওসিসির সমন্বয়কারী চিকিৎসক সুমন রায় বলেন, ওই গৃহবধূর অবস্থা আগের চেয়ে উন্নতি হচ্ছে। ধীরে ধীরে তিনি স্বাভাবিক হয়ে উঠছেন। সোমবার দুপুরে ওই গৃহবধূকে ওসিসিতে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নমুনা সংগ্রহ করা হয়েছে। যেহেতু ওই রোগী শারীরিকভাবে অসুস্থ তাই তাকে আবার সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, গত রোববার রাত সাড়ে ৩টার দিকে ঘরের মধ্যে ওই গৃহবধূর গোঙ্গানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ওই গৃহবধূকে ঘর থেকে হাত-পা বাঁধা ও চোখ-মুখ আঠা দিয়ে আটকানো অবস্থায় উদ্ধার করেন।
গৃহবধূর স্বামী বলেন, তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাঁচামালের ব্যবসা করেন। প্রতি শনি ও বুধবার বাড়ি থাকেন। বাকি দিন বিভিন্ন হাটে হাটে ঘুরতে হয়। এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়েটি বড়, তাকে বিয়ে দিয়েছেন। অন্যদিকে ছেলেটি খুলনায় থেকে লেখাপড়া করে। রোববার রাতে ব্যবসার কাজে তিনি ছিলেন গড়াইখালী এলাকায়। রাত ৪টার দিকে তাকে ফোন করে ঘটনা জানানো হয়। তখনই বাড়ির উদ্দেশে রওনা হন। ভোর ৬টার দিকে বাড়ি এসে দেখেন আত্মীয়-স্বজন অ্যাম্বুলেন্স নিয়ে তার স্ত্রীকে খুলনায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তিনি এসেই তাতে উঠে খুলনায় চলে এসেছেন।
চোখে-মুখে ‘সুপার গ্লু’ দিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১।।
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে চোখে-মুখে সুপার গ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে রাড়ুলি গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
পাইকগাছা থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, বুধবার ভোরে রাড়ুলি গ্রাম থেকে আব্দুস সামাদ নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, গত রোববার রাতে তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা মই বেয়ে ছাদে উঠে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার স্ত্রীর চোখে-মুখে সুপার গ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয়। এছাড়া তারা কানের দুল ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।











































