Home খেলাধুলা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা ম্যানসিটির

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা ম্যানসিটির

44

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে সিটিজেনরা।

পার্কেন স্টেডিয়ামে শুরুতেই সিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে ম্যাগনাস ম্যাটসন স্বাগতিকদের সমতায় ফেরান। বিরতির আগে বার্নান্ডো সিলভা আবারো সিটিকে এগিয়ে দেন।

তবে জয় নিশ্চিতে সিটিকে স্টপেজ টাইম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ডি ব্রুইনের কাট-ব্যাকে ফিল ফোডেনের গোলে সিটির বড় জয় নিশ্চিত হয়। ইংলিশ চ্যাম্পিয়নরা এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো।

গ্রুপ পর্বে ম্যানচেস্টার ইউনাইটেড ও গ্যালাতাসারাইকে বিদায় করে শেষ ষোল নিশ্চিত করার পর গত দুই মাসে কোন ধরনের প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ খেলেনি কোপেনহেগেন। ড্যানিশ চ্যাম্পিয়নদের পারফরমেন্সে তাই ম্যাচ খেলার অভাব প্রথম থেকেই ছিল।

এই সুযোগে ১০ মিনিটে ফোডেনের পাস থেকে ডি ব্রুইনের লো ফিনিশ ধরার সাধ্য ছিল না স্বাগতিক গোলরক্ষক কামিল গ্রাবারার। এর আগে তার হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের মাঝে সিটির একটি ভুলে সমতায় ফেরে স্বাগতিকরা। এডারসনের বাজে ক্লিয়ারেন্সে বল চলে যায় কোপেনহেগেন মিডফিল্ডার মোহামেদ এলইউনুসির কাছে। তার শটটি ব্লক হয়ে গেলে ফিরতি বলে ম্যাটসন বল জালে জড়ান।

বিরতির ঠিক আগে ডি ব্রুইনের সহযোগিতায় সিলভা আবারো সিটিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কোপেনহেগেন গোলরক্ষক গ্রাবারা একে একে ডি ব্রুইন ও ডকুকে হতাশ করে দলকে বড় ব্যবধানের পরাজয় থেকে রক্ষা করেছেন।

স্টপেজ টাইমে হালান্ডের সঙ্গে দুইবার হেড-টু হেডে জয়ী হয়েছে গ্রাবারা। শেষ পর্যন্ত ইন-ফর্ম ফোডেনের কল্যাণে সিটি ইউরোপীয়ান প্রতিযোগিতায় তাদের অপরাজিত থাকার রেকর্ড ২১ ম্যাচে উন্নীত করলে। এটি এবারের মৌসুমে ফোডেনের ১৫তম গোল।