Home জাতীয় সড়ক-মহাসড়কে অবৈধ যানের দাপট

সড়ক-মহাসড়কে অবৈধ যানের দাপট

44

ঢাকা অফিস
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের দাপিয়ে বেড়াচ্ছে। এদের বেশিরভাগই আইন-কানুন মানে না। কোনো নিষেধাজ্ঞায়ও তারা কর্ণপাত করে না। মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ। চালকদের কোনো লাইসেন্সও নেই। এতকিছুর পরও তাদের থামানো যাচ্ছে না। এতে প্রতিনিয়তই দুর্ঘটনা বাড়ছে। সাধারণ মানুষও দুর্ভোগের শিকার হচ্ছেন। এমন অবস্থায় ভুক্তভোগী ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলছেন, এসব অবৈধ যানবাহনের লাগাম টানতে হবে। না হলে দুর্ঘটনায় প্রাণহানিসহ ক্ষতির মাত্রা আরো বাড়বে।

বিশেষ করে মাদারীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়কে এসব অবৈধ যানবাহনের আধিক্য দেখা গেছে। এ অঞ্চলে সরেজমিন দেখা গেছে, ইটভাটার মাটি, বালু ও ইট বহনকারী অনুমোদনবিহীন ট্রাক্টর (ট্রলি), মাহেন্দ্র এবং শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এতে একদিকে নষ্ট হচ্ছে সড়ক। অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় এ ধরনের অবৈধ যানবাহান চলাচল করলেও পুলিশ-প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবৈধ যানবাহনের মালিকরা পুলিশ-প্রশাসনকে নিয়মিত মাসোহারা দিয়ে এসব যানবাহন চালিয়ে নিচ্ছেন। এ কারণেই এসব অবৈধ যানবাহন বন্ধ হচ্ছে না। সাধারণ মানুষও দিনদিন অতিষ্ঠ হয়ে উঠছেন। অতি দ্রুত এসব অনুমোদনবিহীন বালু ও ইটবাহী মাহেন্দ্র, ট্রাক্টর এবং শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, গত বছরের ২৮ জানুয়ারি অবৈধ মাহিন্দ্রের ধাক্কায় মাদারীপুরের কালকিনিতে মো. নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামে এক আইনজীবীর সহকারী নিহত হন। একটি অবৈধ মাহিন্দ্র এসে পেছন থেকে নেছার উদ্দিনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি নিহত হন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা ও স্থানীয়রা সড়ক অবরোধ করেন এবং ঘাতক মাহিন্দ্রটি পুড়িয়ে দেন।

কয়েক মাস আগে ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম নামক স্থানে ইটবাহী নছিমনের ধাক্কায় নিহত হন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বারেক। শুধু মুক্তিযোদ্ধা বারেক ও নেছার নন- প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা। এরপরও পুলিশের নাকের ডগা দিয়েই চলছে এসব অবৈধ যানবাহন।

সরেজমিন আরো দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত কয়েকশ অনুমোদনবিহীন বালু ও ইটবাহী মাহেন্দ্র, ট্রাক্টর এবং শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি চলছে সড়ক-মহাসড়কে। অতিরিক্ত ওজনের মাটি, ইট ও বালু বহনের কারণে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

মাদারীপুরের স্থানীয় বাসিন্দা সামসুল হক জানান, মাদারীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত অবৈধ যানবাহন চলাচল করে। আমরা শুনেছি, এই অবৈধ যানবাহন থেকে ট্রাফিক পুলিশ নিয়মিত অবৈধ সুবিধা পেয়ে থাকে। যার কারণে অবৈধ যানবাহন বন্ধ করা যাচ্ছে না।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, মাদারীপুর পৌরসভার বিভিন্ন সড়কেও অবৈধ যানবাহন চলাচল করে। সেক্ষেত্রে পুলিশের ট্রাফিক বিভাগ পদক্ষেপ নিলে এই অবৈধ যানবাহনের পরিমাণ কমে আসত।

মাদারীপুর সদর ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, বিভিন্ন সড়কে অবৈধ যানবাহন চলাচল করে- এটা সত্য। তবে এক্ষেত্রে আমাদের করণীয় তেমন কিছুই নেই। আমাদের কাজ সড়ক নির্মাণ ও সংস্কার করা। অবৈধ যানবাহন চলাচল করলে সেটা পুলিশের দেখা উচিত।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ইটভাটার মাটি, বালু ও ইট বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাকায় কোটি কোটি টাকার সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। মারাত্মক শব্দদূষণ ও ধুলাবালির প্রভাব পড়ছে পরিবেশের ওপর। প্রাণহানির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সময় এসেছে এসব গাড়ির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান ডেইলি বাংলাদেশকে জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহনকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এদিকে, অবৈধ যানবাহন থেকে পুলিশের মাসোহারা গ্রহণের অভিযোগ অস্বীকার করেন পুলিশের এই কর্মকর্তা।