Home আলোচিত সংবাদ ‘পাবক’ পবিত্রকারিণী জ্ঞানদায়িনী সরস্বতী

‘পাবক’ পবিত্রকারিণী জ্ঞানদায়িনী সরস্বতী

50

বিজয় রঞ্জন চক্রবর্তী
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় শ্রী পঞ্চমী। বিশ্বের অগণিত বিদ্যার্থীর বাণী বন্দনায় এ তিথিটি উদ্যাপিত হয় বর্ণাঢ্য সমারোহে। ‘শ্রী’ শব্দের নানা রকম অর্থ আছে। যিনি হরিকে আশ্রয় করে আছেন তিনি শ্রী-লক্ষ্মী। আবার ‘শ্রী’ শব্দে বিত্ত, সম্পদ, কণ্ঠ, বাণী, ভারতী, বাক্ সরস্বতী প্রভৃতি অর্থ প্রতিপন্ন করে। যে চান্দ্রমাসের শুক্লা পঞ্চমীতে ‘শ্রী’ যুক্ত হয় অর্থাৎ কণ্ঠ, বাণী, বাক্ বা ভারতী যুক্ত হয়, সেটি শ্রী পঞ্চমী।

স্বরবাণী, বাক্ ও দেবী সরস্বতীরই নাম, শক্তি বা বিভূতি সমূহ। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা ও বন্দনা হয়। এ দিনটি সারস্বত সংযুক্ত বলে একে শ্রী পঞ্চমী বলে। শাস্ত্রে মাঘমাসের শুক্লা পঞ্চমীতে সারস্বতোৎসবের কথা বলা হয়েছে।/মাঘমাসিসিতেপক্ষেপঞ্চমী যা শ্রিয়প্রিয়া।
তস্যা পূবাহ্ন এবেহ কার্য: সারস্বতোৎসব- এই শাস্ত্র বচনানুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে লক্ষ্মী, সরস্বতী, মস্যাধার ও লেখনী পূজা করে সারস্বতোৎসক করতে হয়। দেবী সরস্বতী বাগদেবী। তিনি গদ্য-পদ্যময়ী ও বিদ্যাধিষ্ঠাত্রী দেবী। দেবী শুক্লবর্ণ, শুভ্র বসনা, চন্দ্রের শোভাযুক্তা ও বীণাপুস্তকধারিণী। শ্রুতিশাস্ত্রের মধ্যে তিনি শ্রেষ্ঠা। কবিদের ইষ্টদেবতা। তিনি সরস্বতী বা জ্যোতীরূপা সরস্বতী।

বেদে সরস্বতী জ্যোতির্ময়ী দেবী। আর্যরা ব্রহ্মাবর্ত নামক স্থানে উপনিবেশ স্থাপন করলে সে স্থানের নদী বিশেষের নাম হয় সরস্বতী। সরস্বতী দেবী নদীরূপে দেশকে উর্বরা করে। জলকে করে পবিত্র। দেশ অর্থ-সম্পদে সমৃদ্ধ হয়।
বাগদেবী রূপে তিনি মানুষের হৃদয়কে পবিত্র ও নির্মল করেন। তিনি যজ্ঞশালিনী ও অন্নদাত্রী। তিনি সুন্দর ও সত্যবাক্যের প্রেরণকর্ত্রী, সুবুদ্ধির উদ্বোধনকারিণী ও যজ্ঞের ধারণকর্ত্রী। তিনি মহাসমুদ্রের ন্যায় অসীম পরমাত্মার চিহ্নের দ্বারা প্রকাশমান। বিশ্বের নর-নারীর হৃদয়ে তিনি জ্যোতি সঞ্চার করেন। তাই বিদ্যার্থী তথা জ্ঞান সাধকদের তিনি আরাধ্য দেবতা।

দেবী সরস্বতী ‘পাবক’ পবিত্রকারিণী। বুদ্ধির দ্বারা তিনি অন্নোৎপাদনে সমর্থ। পাবকান : সরস্বতী বাজেভির্বা-জিনীবতী। যজ্ঞংবষ্টুধিয়াবসু :- ঋগবেদ ১/৩/১০ সত্যকর্ম ও শোভনবুদ্ধির প্রেরণদাত্রী বাগদেবী সরস্বতী। বিশাল জ্ঞানসমুদ্র দেবীর কৃপায়ই সৃষ্টি হয়েছে। কর্ম দ্বারা তিনি সকলকে চেতনা দান করেন।
মহে অর্ণ: সরস্বতীপ্রচেতয়তি কেতুনা। ধিয়োবিশ্বাবিরাজাতি। ঋগবেদ ১/৩/১২। অতুলনীয় দেবীর দান, তিনি কাউকে পুত্র দান করেন, আবার কাউকে অতুল বিভরের অধিকারী করেন। উজ্জ্বল বর্ণা এ দেবী পার্থিব এবং দিব্যধনের অধিকারিণী। বুদ্ধি প্রদায়িনী বাগদেবী সরস্বতী রোগ-শোক বিনাশিনী ও আরোগ্যকারিণী। পাপী-তাপী উদ্ধারের জন্য লীলা বিলাসে দেবী সরস্বতী নদীরূপে ভারত মাঝে প্রবাহিত হয়েছেন বলে ব্রহ্মবৈবর্ত পুরাণ পাঠে জানা যায়। শত সহস্র ধারায় প্রবহমান নদীর মতো দেবী সরস্বতীও এ পৃথিবীতে ভাষার শত সহস্র ধারায় রূপায়িত।

পৃথিবীর সর্বত্রই দেবীর অবাধগতি। জাতি-ধর্ম নির্বিশেষে পৃথিবীর মানব জাতি বাগদেবী সরস্বতীর অনুগ্রহ লাভে উৎসুক। পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণের মুখম-ল থেকে আবির্ভূতা দেবী সরস্বতীর শ্রীঅঙ্গের বর্ণ শ্বেতপদ্মের ন্যায়। তাঁর দেহের জ্যোতিতে কুন্দপুষ্প পরাজিত। তিনি সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী, বুদ্ধি ও বাক্যরূপা। সাধু ব্যক্তিগণকে দেবী স্মৃতি ও মেধা দান করেন।
পরমা প্রকৃতি দেবী সরস্বতীকে প্রথমে পূজা করেন ভগবান শ্রীকৃষ্ণ। পরে শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রহ্মামুনিগণ ও দেবগণ ভক্তিভরে দেবীর পূজা করেন। মর্ত্যভূমিতে সর্বপ্রথম দেবী সরস্বতীর পূজা করেছিলেন ঋষি যাজ্ঞবল্ক্য। ড: মহানামব্রত ব্রহ্মচারী তাঁর চণ্ডী চিন্তা গ্রন্থে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী- এই ত্রিশক্তির অপূর্ব বর্ণনা দিয়েছেন। চণ্ডী গ্রন্থের উত্তরচরিতের অধিষ্ঠাত্রী মহাসরস্বতী মহাপ্রকৃতির জ্ঞানশক্তির প্রকট প্রতিমা। তিনি পঞ্চাশৎ বর্ণমালা স্বরূপা। আচার্য শঙ্কর প্রপঞ্চসারতন্ত্রে সরস্বতীর ধ্যানে বলেছেন-পঞ্চাশটি বর্ণমালা দ্বারা সরস্বতীর মুখ, বাহু, পদ, কুক্ষি ও বক্ষোদেশ শোভিত।

তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ সরস্বতীকে পরমাত্মার অভেদ জ্ঞানে চিন্তা করার কথা বলেছেন- ‘আত্মাভেদেন ধ্যাত্বৈবং।’ মহাসরস্বতী ‘ত্রিজগদাধারভূতা গৌরীদেহ সমুদ্ভবা।’ তিনি শুম্ভাদি দৈত্যের বিনাশকারী।
শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিনে সকালেই পূজার কিছু বিশেষ উপাচার বা সামগ্রী যেমনÑ অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত কলম ও যবের শিষ, বাসন্তী রঙয়ের গাঁদা ফুল নিবেদন সমেত সরস্বতীর পূজা সম্পন্ন হয়। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াত-কলম রেখে পূজার প্রচলন থাকলেও বিংশ শতাব্দীর প্রথম দিকে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন শুরু হয়।

সম্প্রদায়গতভাবে ধর্মীয় পূজা অনুষ্ঠানের বাইরে সরস্বতী পূজার বিশেষ সামাজিক গুরুত্ব রয়েছে। পারিবারিক ম-পে ঘরোয়া আঙ্গিকে পূজার পাশাপাশি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা উদ্যাপনের ভেতর দিয়ে জ্ঞানের আরাধনা ও শুভ শক্তির আবির্ভাবের মেলবন্ধনে সূচিত হয় বাঙালী সংস্কৃতি ও প্রগতির বিকাশ। জ্ঞানের আরাধনার দেবী সরস্বতী পূজার দিনে শিক্ষালয়গুলোতে যে এক উৎসবমুখর ও শান্তির বাতাবরণযুক্ত নির্মল পরিবেশ তৈরি হয়, তা শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মনের সমস্ত কূপম-ূকতা দূর করে বৃহৎ জ্ঞান সমুদ্রে বিচরণের মুহূর্ত তৈরি করে দেয়।

জ্ঞান-জাতি-বর্ণ নির্বিশেষে সরস্বতী পূজা সকল মানুষের হিত কল্যাণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও কল্যাণমুখী শিক্ষায় উদ্ধুদ্ধ করে দেশের শ্রেষ্ঠ সন্তানদের মনে নির্মল জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত করে। যা একদিন তাঁদের মনের মলিনতা দূর করে ব্যবহারিক জীবনে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে বিদ্যার্থীদের আত্মপ্রতয়ী করে তোলে।

লেখক : পণ্ডিত, এমএ, বিএড, কাব্য-স্মৃতিতীর্থ
সিনিয়র শিক্ষক (অব:), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ