Home আলোচিত সংবাদ বাঁশের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

বাঁশের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

11

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা ও পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের তৈরি সাঁকাে। এই সাঁকো দিয়েই তারা ঝুঁকি নিয়ে বছরের পর বছর ধরে চলাচল করে আসছেন।

সাঁকোটির অবস্থান গাংনী উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে মাথাভাঙ্গা নদের ওপারে।

জানা যায়, নদের ওপর তৈরি ২০০ গজ সাঁকোটি তাদের নিজেদের উদ্যোগে তৈরি। এই সাঁকো দিয়ে গাংনী উপজেলার মানুষ বিভিন্ন প্রয়োজনে দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে যাতায়াত করেন। ওই অঞ্চলের মানুষও গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে আসেন এই সাঁকো ব্যবহার করেই।

এলাকাবাসী জানান, গাংনী উপজেলার মহাম্মদপুর ও দৌলতপুর উপজেলার নাজিবপুর, শ্যাম্পুর গ্রাম সংলগ্ন এই জায়গাটিতে একটি সেতু নির্মাণের জন্য তারা স্বাধীনতার পর থেকেই দাবি জানিয়ে আসছেন। দাবি পূরণে বিভিন্ন সময় তাদের আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

জানা যায়, মাথাভাঙ্গা নদের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে নিয়মিত চলাচল করেন নদ তীরবর্তী মহাম্মদপুর, হােগলবাড়িয়াসহ আশেপাশের ১০ গ্রামের মানুষ ৩০ হাজারের বেশি মানুষ। সেতুর অভাবে এই সাঁকো ব্যবহারের জন্য অনেককে অন্তত ১০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। ফলে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির পাশাপাশি আরো অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এসব গ্রামের বাসিন্দারা জানান, গ্রামগুলোতে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ইরি ধান। যানবাহনে করে চলাচলের সরাসরি কোনো পথ না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ধানসহ অন্যান্য ফসল, সবজি ও ফলমূল বাজারজাতকরণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন। তাই অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে বাজারমূল্যের চেয়ে কম দামে এসব পণ্য তাদের বিক্রি করতে হয়।
এলাকার ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ বলেন, এই এলাকায় একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু জনপ্রতিনিধিদের তা নিয়ে মাথাব্যথা নেই। প্রতিবার ইউপি ও সংসদ নির্বাচনের আগে প্রার্থীরা সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। কিন্তু তা আশ্বাসেই থেকে যায়।

গাংনীর মটমুড়া ইউপি চেয়ারম্যান সােহেল আহমেদ জানান, এখানে একটি সেতু নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে। এই নদীতে ব্রিজ নির্মাণের প্রক্রিয়া এগুচ্ছে। আশা করছি, এবার এলাকাবাসীর স্বপ্ন পূরণ হবে।