Home খেলাধুলা গোল করলেন সানজিদা জিতলেন সাবিনা

গোল করলেন সানজিদা জিতলেন সাবিনা

39

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দল কিংবা ঘরোয়া ফুটবল; লম্বা সময় ধরে সাবিনা খাতুন ও সানজিদা আক্তার লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছেন সতীর্থ হিসেবে। কিন্তু গতকাল তারা লড়েছেন একে অপরের বিপক্ষে। তাও ভিন দেশের মাটিতে। ভারতের নারী ফুটবল লীগে এদিন সাবিনার কিকস্টার্ট এফসি এবং সানজিদার ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব মুখোমুখি হয়। সেই লড়াইয়ে সাবিনার কিকস্টার্ট ৩-১ গোলে সানজিদার ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। ইস্ট বেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সানজিদা আক্তার। এদিন কিকস্টার্টের শুরুর একাদশে ছিলেন না সাবিনা খাতুন। বদলি হিসেবে নেমে গোল না পেলেও দারুন কিছু মুভ করেন এ বাংলাদেশি স্ট্রাইকার।
গতকালের ম্যাচটি অনুষ্ঠিত হয় কলকাতায়। ম্যাচের প্রথম মিনিটেই গোল আদায় করে সাবিনার দল।

কর্নার থেকে অরুনা হেড করে সফরকারী দলকে লিড এনে দেন। ৩১ মিনিটে কিকস্টার্ট ব্যবধান দ্বিগুণ করে। দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে স্বাগতিক ইস্ট বেঙ্গল। ৪৭ মিনিটে ইস্ট বেঙ্গলের প্রথম নারী বিদেশি খেলোয়াড় বাংলাদেশের সানজিদা দুর্দান্ত গোল করেন। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে সরাসরি গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন বাংলাদেশের এই পোস্টার গার্ল। গোলরক্ষক জায়গায় দাঁড়িয়ে লাফিয়েও বল স্পর্শ করতে পারেননি। সানজিদার গোলের পর ধারাভাষ্যকাররা অনেকক্ষণ তার প্রশংসা করেন। বাংলাদেশের ময়মনসিংহ থেকে তিনি উঠে এসেছেন। কলসিন্দুরের মেয়ে দুর্দান্ত ফুটবল খেলেন সবই উল্লেখ করেন তারা। দ্বিতীয়ার্ধের বাকি সময় সানজিদার কথাই ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলেছেন ধারাভাষ্যকাররা। নিজের দ্বিতীয় ম্যাচে এসে গোল পেলেন সানজিদা। তিন দিন আগে ইস্ট বেঙ্গলের জার্সিতে ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান উইমেন’স লীগে অভিষেক হয় তার। কাগজে-কলমে সাবিনার দল কিকস্টার্ট বেশ শক্তিশালী। ম্যাচের ৫৫ মিনিটে আরেকটি গোল করে ইস্ট বেঙ্গলকে ম্যাচ থেকে ছিটকে দেয় তারা। সাবিনা গোল না পেলেও ম্যাচে বল পায়ে বেশ কয়েকটি মুভ করেন। গোলের উৎস রচনা করেন। সাবিনার দল কিকস্টার্ট আট ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সানজিদার দল ইস্টবেঙ্গল মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির থেকে এক ধাপ উপরে।