স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেটার পেতে হলে উইকেটের মান আন্তর্জাতিক পর্যায়ের করতে হবে বলে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে রংপুর রাইডার্সের হয়ে চার ম্যাচ খেলেই দেশে ফিরে যান বাবর আজম। ঢাকা ত্যাগের আগে বাংলাদেশের উইকেটের মান বাড়ানোর পরামর্শ দিয়ে যান পাকিস্তানের তারকা।
বিপিএলে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, টি-টোয়েন্টির জন্য সেগুলো আদর্শ মনে করেন না বাবর আজম।
তিনি বলেন, ‘আমার মনে হয়, উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে। এখানে উইকেট কিছুটা কঠিন। দিনে এক রকম, রাতে অন্যরকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না, আবার ধারাবাহিক স্পিনও হয় না। মাঝে-মধ্যে মন্থর এবং নিচু হয়। তবে সব মিলিয়ে দলগুলো খুব ভালো।’
বাবর আরও বলেন, ‘দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি। রংপুরের হয়ে সামনেও খেলতে চাই আমি। তবে বিভিন্ন সময় আমাদের অনেক আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। এ সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।’
বাবর আরও বলেছেন, ‘সাকিব ভাই-ই সিনিয়র। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের যে সাকিব এই দলে খেলেন। তিনি ছেলেদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেন, এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে তিনি সব সময় ইতিবাচক ও হাস্যোজ্জ্বল থাকেন।’











































