ঢাকা অফিস।।
প্রগতিশীলতা চর্চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুনাম দেশজুড়ে। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা গর্ব করেই বলে থাকেন, ক্যাম্পাসে তারা অবাধে ও নিরাপদে রাত-দিন চলাফেরা করতে পারেন। অথচ ক্যাম্পাসে প্রায় প্রতিমাসেই কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আর ‘সেঞ্চুরি মানিকের’ কথা অনেকেরই জানা। ধর্ষণ সেঞ্চুরি উদযাপন নিয়ে মানিকের বিরুদ্ধে বড় আন্দোলনও গড়ে উঠেছিল। ১৯৯৮ সালের এ ঘটনায় শুরুতে টালবাহানা করলেও শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানিকসহ অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। একাধিক ধর্ষণের জন্য মানিক সেঞ্চুরিয়ান মানিক নামে কুখ্যাতি অর্জন করেন। পরবর্তীতে ইতালির প্রবাস জীবনে মানিক মারা যান বলে জানা যায়।
নানা ঘটনা প্রবাহের মধ্যে আবারো আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত শনিবার রাতে ঘুরতে আসা বহিরাগত এক দম্পতিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ডেকে নেয়া হয়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে ধর্ষকদের পালাতে সহায়তা করার জন্য গ্রেফতার করা হয়। আর মূল অভিযুক্ত আরেকজন পলাতক, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থী কিংবা অন্যদের জন্য কতটুকু নিরাপদ?
৬৯৭ একর ভূমিতে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ জঙ্গলে ঘেরা। অধিকাংশ সময়ই এসব জায়গা নিরিবিলি থাকে। এখানে আবার দর্শনার্থী কিংবা শিক্ষার্থীরা ঘুরতেও যান। ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন- গত কয়েক বছরে এমন বহু ঘটেছে বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা জানিয়েছে।
বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও সুইমিংপুল সংলগ্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এসব স্থানে নিরাপত্তাকর্মী নেই। মূলত, মারধর ও ভয়ভীতি দেখিয়ে বহিরাগতদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়া হয়। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার পাশাপাশি বহিরাগতরাও থাকেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও বহিরাগত নারীকে শারীরিক হেনস্তার ১০টিরও বেশি ঘটনা ঘটেছে। যার সব ঘটনায় শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও অধিকাংশই সময়েই পার পেয়ে যান অভিযুক্তরা।
আরো জানা গেছে, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই। গত তিন মাসেই বিশ্ববিদ্যালয়ে ছিনতাই, চুরি, মারধরসহ অন্তত ৫০টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বেশকিছু ধর্ষণকাণ্ডের ঘটনাও রয়েছে।
গত বছরের ৪ জুন রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নিজ কক্ষে বান্ধবীকে নিয়ে আড়াই ঘণ্টা অবস্থান করার অভিযোগ ওঠে জয়দ্বীপ দাস নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এরপর তদন্ত করে ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
২০২২ সালের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে প্রত্নতত্ত্ব বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযোগপত্রে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়। সেখানে ধর্ষণের পাশাপাশি তার বিরুদ্ধে ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও তোলা হয়।
২০১৮ সালে ৪৭তম ব্যাচের এক ছাত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’ করায় বিশ্ববিদ্যালয়ের ৪২তম আবর্তনের ছাত্র আল-আমিনকে প্রক্টরের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
এসব ঘটনার পেছনে প্রশাসনের দায়িত্বহীনতাকেও দায়ী করেন সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলছেন, বহিরাগতদের অবাধ প্রবেশ ও বিচরণ এবং যত্রতত্র ভ্রাম্যমাণ দোকানপাট গড়ে তোলায় এমন সংকট দেখা দিয়েছে। তবে প্রশাসনের দাবি, বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণের জন্য নানা উদ্যোগও নেয়া হচ্ছে। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে সেটি পরিপূর্ণভাবে সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ে চারদিকে সীমানা প্রাচীর না থাকায় সাভার-আশুলিয়া থেকে বিপুলসংখ্যক বহিরাগত অবাধে প্রবেশ করেন। বিশেষত শুক্র ও শনিবারসহ ছুটির দিনগুলোতে বহিরাগতদের প্রবেশ বেড়ে যায়। এসব দিনগুলোতেই বেশি নিরাপত্তাহীনতায় থাকেন শিক্ষার্থীসহ ক্যাম্পাসের অন্য অংশীজনরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রধান ফটক এবং জয় বাংলা ফটকে দলে দলে বহিরাগত প্রবেশ করছেন। তাদের বেশিরভাগই পরিবার নিয়ে আসেন এবং বড় একটা অংশ উঠতী বয়সী তরুণ-তরুণী। এর বাইরে কিছু বখাটে তরুণকে বাইক নিয়ে শো-ডাউন করতেও দেখা যায়। প্রধান ফটকে নিরাপত্তা প্রহরীরা তাদের কারো কারো পরিচয় জিজ্ঞাসা করে ফেরত পাঠান, তবে বেশিরভাগই ক্যাম্পাসে প্রবেশ করেন। কারণ ঢাকা-আরিচা মহাসড়কের পাশের অংশটুকুতে যে প্রাচীর আছে তা উচ্চতায় খুবই কম এবং কয়েকটি ফটকে নিরাপত্তা প্রহরী নেই। এর বাইরে গেরুয়া থেকে মনপুরা এলাকা পুরোপুরি অরক্ষিত। বহিরাগতরা এসব এলাকা দিয়ে বেশি প্রবেশ করেন।
সন্ধ্যা হলেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, স্কুল ও কলেজ মাঠ, মনপুরা এবং শান্তিনিকেতন এলাকায় মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। এসব জায়গাকে তারা নিরাপদভাবে মাদক সেবনের জন্য মনে করেন। তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আসেন। তাদের সঙ্গে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরও দেখা যায়।
সরেজমিন দেখা যায়, কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করছেন। কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই এসেছেন সাভার-আশুলিয়া এলাকা থেকে। এসব বহিরাগতের ভাষ্যমতে, ক্যাম্পাসে পুলিশের ভয় না থাকায় তারা মাদক সেবনের জন্য নির্ভয়ে এসব জায়গা বেছে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতাও তেমন একটা দেখা যায় না।
নিরাপত্তা শাখার ভাষ্যমতে, যারা মাদক সেবন করেন তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচিত। বহিরাগতদের কিছু বলতে গেলে ঐ শিক্ষার্থীরা বাধা দেন। শিক্ষার্থীরাই তাদের আশ্রয় দেন।
বেড়েছে চুরি-ছিনতাই:
নিরাপত্তা শাখার তথ্যমতে, গত কয়েক মাসে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বহিরাগত তিনজন দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন- এমন অভিযোগে গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে পরিবহন চত্বর এলাকা থেকে তাদেরকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। বহিরাগতদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ সময় সেখানে নিরাপত্তা শাখার কর্মীরা উপস্থিত হন।
গত ১৯ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে এক মোবাইল মেকানিককে তুলে আনা হয়। ঐ ব্যক্তির কাছ থেকে তিনটি মোবাইল ফোন ছিনতাইসহ ৬০ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্ণব ও সিটি ইউনিভার্সিটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রোমিও রাজুকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে আটক করে মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে গত দুই মাসে অন্তত ১০টি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অপরাধীদের শনাক্ত করা যায়নি।
অপরিকল্পিত দোকানপাট:
বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে ২০টির অধিক স্থায়ী খাবারের দোকান গড়ে উঠেছে। এর বাইরে প্রতিদিনই বিভিন্ন স্থানে শতাধিক ভ্রাম্যমাণ খাবারের দোকান বসে। এসব দোকানে বিকেল থেকে উপচেপড়া ভিড় শুরু হয়। এসব দোকানকে কেন্দ্র করে বহিরাগতদের প্রবেশ বেড়ে যায়। বহিরাগতদের দ্বারা নিরাপত্তা প্রহরী নির্যাতনের শিকারও হয়েছেন। তাদের অবাধে প্রবেশ এবং নানা অপ্রীতিকর কাজে বাধা দিলে বিভিন্ন সময়ে নিরাপত্তা প্রহরীরা মারধরের শিকার হন।
সর্বশেষ গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে কিছু বহিরাগত গাড়ি নিয়ে প্রবেশ করতে চাইলে বাধা দেন নিরাপত্তা প্রহরীরা। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ঐ গাড়ির চালক একজন নিরাপত্তা প্রহরীকে মারধর করেন। এর আগে গত ৩০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা প্রহরী মো. জাকারিয়াকে মারধর করেন বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড কোর্সের শিক্ষার্থী দিপ্ত দেবনাথ।
অপর্যাপ্ত নিরাপত্তাপ্রহরী:
নিরাপত্তা শাখার তথ্যমতে,বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯০ জন নিরাপত্তা প্রহরী রয়েছেন। এছাড়া ৯২ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকেন। তাদেরকে পালাভিত্তিক ভাগ করে দায়িত্ব দেওয়া হয়। একই সময়ে পুরো ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে পারেন ৪০ থেকে ৫০ জন নিরাপত্তা প্রহরী। প্রয়োজনের তুলনায় এই সংখ্যা অপ্রতুল। পরিপূর্ণ নিরাপত্তার জন্য আরো ৫০ জন নিরাপত্তা প্রহরী দরকার। বিশ্ববিদ্যালয়ে কোনো নারী নিরাপত্তা প্রহরী নেই। যে কারণে নারীঘটিত অপরাধগুলোতে নিরাপত্তা শাখা ব্যবস্থা নিতে পারে না।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন ডেইলি বাংলাদেশকে বলেন, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্তসংখ্যক নিরাপত্তা প্রহরী নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং অন্তত একজন নারী নিরাপত্তা কর্মকর্তা এবং একাধিক নিরাপত্তা প্রহরী দেওয়ার জন্য বারবার আবেদন করেছি। ইদানীং ক্যাম্পাসে বহিরাগতদের উপচেপড়া ভিড় থাকে, যারা নানা অপকর্ম করে। তাদেরকে ক্যাম্পাসে বসবাসরতরা আশ্রয় দেয়। তখন আমাদের কিছু করার থাকে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, মূলত বন্ধের দিনগুলোতে ক্যাম্পাসে বহিরাগতদের অধিক হারে প্রবেশ বেড়ে যায়। ফলে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। সামনের দিনগুলোতে বহিরাগতদের নিয়ন্ত্রণে আরো কঠোর হতে হবে। কোন প্রক্রিয়ায় কীভাবে বহিরাগত নিয়ন্ত্রণ করা যায় সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।
অন্যদিকে, গত শনিবার রাতের ধর্ষণকাণ্ডের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ও অস্থায়ী দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ধর্ষণে অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। ক্যাম্পাস বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, অছাত্রদের আবাসিক হল থেকে বের হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। তারা বের না হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় একটি চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে।
ঐ কমিটিতে রয়েছেন- অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক ছায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক আফসানা হক এবং ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব-উজ-জাহিদ।











































