Home খেলাধুলা কিউরেটরদের নয়, কন্ডিশনকে দুষছেন সুজন!

কিউরেটরদের নয়, কন্ডিশনকে দুষছেন সুজন!

42

স্পোর্টস রিপোর্টার

মিরপুর শেরেবাংলার উইকেটে রান হয় না- এই অভিযোগ পুরোনো। ধারণা করা হচ্ছিল চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেট পর্বে হবে রানবন্যা। কিন্তু না, বাস্তবতা এবার ভিন্ন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ দলীয় রান ৪ উইকেট হারিয়ে ১৯৪ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই পর্বে নিজের প্রথম ম্যাচে দারুণ শুরুর পর তাদের এখানে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়েছে বিভীষিকাময়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় দলটি। বলার অপেক্ষা রাখে না একেবারেই বিপরীত চিত্র। সিলেট পর্বে মোট ২০ ম্যাচ মাঠে গড়িয়েছে। ৮ ম্যাচে ১৫০ এর নিচে রান হয়েছে। কোনো ম্যাচেই রান ২শ’ ছাড়ায়নি।

 

অন্যদিকে কাল থেকে ফের বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। তার আগে উইকেট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। চার-ছক্কার লড়াই বলে পরিচিত টি-টোয়েন্টি ফরম্যাটে দর্শকরা রান দেখতেই ছুটে আসেন মাঠে। সেখানে উইকেটের এমন চিত্র আসরের প্রতি বরাবরই আগ্রহ হারানোর বড় একটি কারণ। এবারো তার ব্যতিক্রম নয়। তাহলে কি কিউরেটররাই ব্যর্থ হচ্ছেন! তবে এজন্য দুর্দান্ত ঢাকার কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন দুষছেন দেশের ওয়েদার ও কন্ডিশনকে। তিনি বলেন, ‘আমি আসলে কিউরেটরদের দোষ দিতে চাই না। কন্ডিশন যেমন ছিল, উইকেট যেমন ছিল, তা আসলে ভালো উইকেট পারমিটও করছিল না। রাতের খেলা এত কুয়াশা থাকলে তো একটু কঠিন, না? কুয়াশার মাঝে ক্রিকেট খেলাটা বেশ কঠিন আসলে। সিলেটে খেলার আগের দিন বৃষ্টি হয়েছে। কাভার দিয়ে উইকেট ঢাকতে হয়েছে। এরপর সারা দিন মেঘলা ছিল, খেলার আগেই কাভার সরেছে। এতক্ষণ কাভার থাকলে উইকেটে ময়েশ্চার থাকবেই। স্পিন করবে, বল থেমে আসবে, এটা খুবই স্বাভাবিক।’

বিপিএলের আগের বেশ কয়েকটি আসরই মাঠে গড়িয়েছে ফেব্রুয়ারি-মার্চের দিকে। তবে গেল কয়েক বছর ধরেই ডিসেম্বর ও জানুয়ারিতে আয়োজন হচ্ছে বিপিএল। মূলত সূচি পরিবর্তনের কারণেই উইকেট ভালো হচ্ছে না বলে দাবি সুজনের। কারণ এই সময়টা বৃষ্টি না হলেও শীতের কারণে থাকে প্রচণ্ড কুয়াশা। এ নিয়ে তিনি বলেন, ‘আগে বিপিএল খেলা হতো মার্চে, তখন সূর্য থাকতো, উইকেট শুকনো থাকতো। এখন যেহেতু শীতে খেলা হচ্ছে, আমাদের কন্ডিশনও এই সময় একটু কঠিন থাকে। এবার তো কুয়াশা বেশি ছিল, মাঝে ঠাণ্ডাও ছিল বেশি। যার ফলে যেভাবে আশা করা হচ্ছিল, তেমন উইকেট হয়নি। তবে গ্রাউন্ডস কমিটির চেষ্টা ছিল ভালো কিছু করার। উইকেট যে শক্ত নয় তা না, কিন্তু কন্ডিশনের কারণে এমন হয়েছে আসলে।’ উইকেটে রান না হওয়াতে চিন্তার কারণ আছে। তবে সুজন মনে করেন ঢাকায় উইকেটে রান হবে। কারণ কুয়াশার প্রভাব কমে এসেছে। তিনি বলেন, ‘কনসার্ন তো একটু থাকাটা স্বাভাবিক। রানে থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আবারো বলি ক্লাস ইজ পার্মান্যান্ট, ফর্ম ইজ টেম্পোরারি। ফর্মে অনেক সময় থাকা হয় না, কন্ডিশনটাকেও মাথায় রাখতে হবে, এটা তো ব্যাটারদের জন্য বোলারদের মতো সহজ না! আমরা যখন বিশ্বকাপ খেলবো, তখন ব্যাটারদের জন্য রান করা সহজ হবে, কারণ ওখানে ফ্ল্যাট উইকেট থাকবে। আমি মনে করি এখান থেকে রানে ফেরাটা জরুরি। খেলা ঢাকায় আসছে, চমৎকার রোদ আছে, আশা করছি এখানে ভালো উইকেট হবে, ব্যাটাররা নিজেদের মেলে ধরবে। যারা রান করছে না আমার মনে হয় তারা রানে ফিরবে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে সিরিজ থাকবে, সেখানেও একটা সুযোগ থাকবে। আমি অতটা চিন্তিতও না। আমার বিশ্বাস এই প্রত্যেকটা ছেলের মধ্যে এবিলিটিটা অনেক ভালো আসলে।’

 

নাঈম শেখ চিনতে পারছে না নিজেকেই!
সুজনের দল দুর্দান্ত ঢাকা আসরে এখন পর্যন্ত পেয়েছে একটি জয়। একের পর এক ম্যাচ হেরেই চলছে। দলের ব্যাটসম্যানরা রান করতে পারছে না। বিশেষ করে ওপেনারা এনে দিতে পারছে না ভালো শুরু। আসরের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একমাত্র জয়ে বড় অবদান ছিল ওপেনার নাঈম শেখের। কিন্তু তিনিও ব্যর্থ। সুজন বেশ অবাক তার পারফরম্যান্সে। এই তরুণ ওপেনারকে নিয়ে তিনি বলেন, ‘নাইম শেখের ব্যাপারটা এই ছেলেটার মধ্যে এত বেশি এবিলিটি, ও হয়তো নিজেও বুঝে কিনা আমি জানি না। যে ছেলে ২১ বলে ৪২ রান করতে পারে, পরের ম্যাচে আবার সোজা বলে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়, আমি জানি না ওর ভাবনায় কী চলে। খেলা শেষে ও হয়তো বুঝে যে, কাজটা আমার ভালো হয়নি। এই ম্যাচিউরিটি, আমাদের ব্যাটারদের উইকেট রিড করার যে ম্যাচিউরিটি, যে এই উইকেটে কতো রান করলে আমরা সেফ, এই উইকেটে কীভাবে ব্যাট করলে আমরা ১৪০ চেজ করতে পারবো, এই বিষয়গুলো যত তাড়াতাড়ি ধরতে পারবো, তত দ্রুত মঙ্গল। এখন কিন্তু নাইম শেখ আর ইয়াং প্লেয়ার না। অনেক দিন ধরে বাংলাদেশ দলের সঙ্গে খেলছে। এই ছোট ছোট বিষয়গুলো ওর ক্যারিয়ারের জন্যই তো হুমকিস্বরূপ!