Home খেলাধুলা গিলের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে ভারত

গিলের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে ভারত

45

স্পোর্টস ডেস্ক

শুভমান গিলের সেঞ্চুরিতে বিশাখাপত্তম টেস্টের লাগাম ভারতের হাতেই। সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে করতে হবে ৩৯৯ রান।

ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ৩৮৭ রানের বেশি তাড়া করে জেতার নজির নেই। ইংল্যান্ডের সবচেয়ে বেশি ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড অবশ্য ভারতের বিপক্ষেই।

বিশাখাপত্তমে জিততে এজবাস্টনের সেই রেকর্ড ভাঙতে হবে বেন স্টোকসের দলকে। বাজবল যুগে রান তাড়ায় ইংলিশরা নির্ভীক হলেও রোববার দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে যাওয়া ভারত কঠিন এক চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে ইংরেজদের।

সেই চ্যালেঞ্জের মুখে পড়ে এক উইকেটে ৬৭ রান নিয়ে তৃতীয়দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য আরও ৩৩২ রান দরকার ব্রিটিশদের। ২৭ বলে ২৮ রান করা বেন ডাকেটকে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২৯ রানে অপরাজিত জ্যাক ক্রুলির সঙ্গে ক্রিজে আছেন রেহান আহমেদ।

এর আগে ভারতের দ্বিতীয় ইনিংসের হাইলাইটস ছিল গিলের তৃতীয় টেস্ট শতক। জেমস অ্যান্ডারসনের জোড়া ছোবলে ৩০ রানের মধ্যে দুই ওপেনার রোহিত র্শমা ও যশস্বী জয়সওয়ালের বিদায়ের পর তৃতীয় উইকেটে শ্রেয়াস আয়ারের (২৯) সঙ্গে ৮১ রানের জুটি গড়েন গিল।

এরপর পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেলের (৪৫) সঙ্গে ৮৯ রানের জুটি গড়া গিলকে ১০৪ রানে থামান শোয়েব বশির। ভারতের সংগ্রহ আড়াইশ ছাড়ায় অশ্বিনের (২৯) ব্যাটে টম হার্টলি চারটি ও রেহান নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস ৩৯৬।

ইংল্যান্ড প্রথম ইনিংস ২৫৩।

ভারত দ্বিতীয় ইনিংস ২৫৫ (গিল ১০৪, শ্রেয়াস ২৯, অক্ষর ৪৫, অশ্বিন ২৯। হার্টলি ৪/৭৭, রেহান ৩/৮৮, অ্যান্ডারসন ২/২৯)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৬৭/১ (ক্রুলি ২৯*, ডাকেট ২৮, রেহান ৯*। অশ্বিন ১/৮)।