Home আঞ্চলিক সবজিতে স্বস্তি, মাছ-ডিম-পেঁয়াজে আগুন

সবজিতে স্বস্তি, মাছ-ডিম-পেঁয়াজে আগুন

42

স্টাফ রিপোর্টার
খুলনায় সবজির বাজারে স্বস্তির বাতাস বইলেও উত্তাপ ছাড়াচ্ছে মাছ-ডিম ও পেঁয়াজের দাম। নানা অজুহাত দেখিয়ে এসবের দাম বাড়ানোয় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

নগরীর সোনাডাঙা ট্রাক টার্মিনাল পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে অন্য বারের চেয়ে বেশি শীতকালীন সবজি আসছে। ফুলকপি, শিম, বাঁধাকপি, বিটকপিতে বাজার সয়লাব হয়ে গেছে। প্রায় সব সবজিতে কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে।
এ বাজারের পাইকারি বিক্রেতা সোহরাব হালদার জানান, এখন শীতের শেষ সময়। এরপর আর সবজির স্বাদ খুব বেশি থাকবে না। ক্রেতার আগ্রহও কমে যাবে। সবজির দাম কমবে। কৃষকরা দ্বিতীয় পর্যায়ে রোপণ করা সবজি উত্তোলন করার চেষ্টা করছেন।

নগরীর গল্লামারী বাজারে দেখা যায়, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, বিটকপি ৩০ টাকা, শিম ৩০-৩৫ টাকা, বরবটি ৪০ টাকা, লাল বিটকপি ৫০ টাকা, কচু ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, টমেটো ৩০ টাকা, লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এসব সবজিতে ১০-১৫ টাকা বাড়তি ছিল।

নগরীর জোড়াকল বাজারে দেখা যায়, ৫০০ গ্রামের রুই মাছ ২০০ টাকা, এক কেজির সাইজের ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টেংরা ৪০০-৮০০ টাকা, পারশে মাছে ৪৫০-৬০০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা, শোল মাছ ৬০০ টাকা, আর সবচেয়ে প্রয়োজনীয় চিংড়ি মাছ ৬০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বাজারের মাছ বিক্রেতা নিয়ামত জানান, বাজারে এখনও আশপাশের এলাকার মাছ আসছে। তবে দাম অনেক বেশি।

বাজারে আসা গৃহবধূ জেসমিন নাহার বলেন, সবজি বাজারে দাম পড়ে গেলেও মাছের বাজার দিন দিন বেড়ে চলেছে। মাছের দাম বেড়ে যাওয়ায় পরিমাণে কম কিনতে হচ্ছে।