খুলনাঞ্চল রিপোর্ট
যত্রতত্র অবৈধ সংযোগ ও মানহীন বিদ্যুৎসামগ্রী ব্যবহারের কারণে দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। প্রতিনিয়তই মৃত্যুর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যায়। আবার কর্তৃপক্ষের অবহেলাও চোখে পড়ে। বর্ষা এলে এই দুর্ঘটনা আরো বাড়ে। কয়েক বছর ধরেই এমনটি দেখা যাচ্ছে। গত কয়েকদিনে রাজধানীসহ ও দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুতায়িত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
এমন অবস্থায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মানহীন সামগ্রী বিক্রি বন্ধ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সবার মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিষেজ্ঞরা।
জানা গেছে, খোলা ও লিকেজ তারের মাধ্যমে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। আবার মানহীন ওয়্যারিং, ঘরে আর্থিং না থাকা, সঠিকভাবে ফিটিংস না করা, ওয়্যারিং মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া, কর্তৃপক্ষের অবহেলা ও বাড়িঘরের কাছে দিয়ে যাওয়া নাড়িভুঁড়ির মতো পেঁচানো বিদ্যুতের তারের কারণে দুর্ঘটনার হার বাড়ছে।
নোয়াখালীর বেগমগঞ্জে ৩ শ্রমিকের মৃত্যু:
গত ১ ফেব্রুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুতায়িত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঐদিন দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবির চেয়ারম্যানের বাড়ির সামনে মাটিতে পাইপ পাইলিংয়ের কাজ করতে গিয়ে ঐ তিন নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
জানা গেছে, আবির চেয়ারম্যানের বাড়ির সামনে একটি ব্যক্তি মালিকানা ভবনের প্রথম ধাপের কাজ শুরু হয়। সকাল ৯টার দিকে পাঁচ শ্রমিক আরেকজন ঠিকাদারের অধীনে সেখানে পাইলিংয়ের কাজ করতে যান। দুপুর ১২টার দিকে দুইজন শ্রমিক পার্শ্ববর্তী দোকানে নাশতা করতে যান। তখন অপর তিন শ্রমিক দোকানে না গিয়ে পাইপ পাইলিংয়ের কাজ করতে থাকেন। একপর্যায়ে তারা মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুলতে গেলে উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লায় শিশুর কবজি বিচ্ছিন্ন:
গত ১ ফেব্রুয়ারি কুমিল্লায় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে আবদুল্লাহ নামে সাত বছর বয়সী এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। নগরের তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। শিশু আবদুল্লাহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার বাসিন্দা ও চকবাজারের ব্যবসায়ী মো. শামীমের ছেলে। শিশুটিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-ও আহত হয়েছেন।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমেদ বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি মর্মান্তিক। এখানে বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা নেই। বিদ্যুতের লাইনটি অনেক আগের। মূলত ভবনটি বিদ্যুতের তার ঘেঁষে নির্মাণ করা হয়েছে। আমরা ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইনটি বন্ধ করে দিয়েছিলাম। পরে দুর্ঘটনার শিকার শিশুটির হাত বিদ্যুতের তার থেকে উদ্ধার করা হয়।
ময়মনসিংহের নান্দাইলে একই পরিবারের চারজনের মৃত্যু:
গত বছরের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। মৃতরা হলেন- ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬৫) এবং দুই মেয়ে ফাইজা (৬) ও আনিকা (৪)।
স্থানীয়দের বরাতে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ জানান, নিজ বসতঘরে জামাল অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মেয়ে ফাইজা ও আনিকা ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছেলে ও নাতনিদের বাঁচাতে আনোয়ারা বেগম দৌড়ে গিয়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।
মিরপুরে জলাবদ্ধ সড়কে চারজন নিহত:
গত বছরের ২১ সেপ্টেম্বর রাতে বৃষ্টির মধ্যে ঢাকার মিরপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনাটি সারাদেশে তুমুল আলোচিত হয়।
ডিএমপির মিরপুর মডেল থানার তৎকালীন ওসি মোহাম্মদ মহসীন বলেন, প্রবল বৃষ্টিতে ঐ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
এত মৃত্যুর পরও বেখবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। থেমে নেই অবৈধ সংযোগও। এছাড়া রাজধানীজুড়ে রয়েছে তারের জঞ্জাল। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ঝুলে থাকা তার সরানোর কাজ করলেও প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। বিশেষজ্ঞরা বলেন, রাজধানীর বস্তি ও ফুটপাতের অধিকাংশ সংযোগই অবৈধ।
সার্বিক বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ডেসকোর সম্পূর্ণ অবৈধ লাইন থেকে এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকে। বিভিন্ন বস্তিতে মাটির নিচ দিয়ে অবৈধ লাইন থেকে এমনটা হয়। বৃষ্টির পানির সঙ্গে বিদ্যুৎ লাইনের লিক হওয়ার ফলে দুর্ঘটনা ঘটে। তবে ঠিকমতো সংযোগ দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবার সঙ্গে কথা বলা হয়েছে। তারা তো কোনো নিয়ম মানছে না।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক মোরশেদ আলম খান বলেন, আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে বিভিন্ন বাসায় বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। তবে সব জায়গায় এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মানুষের নিরাপত্তার জন্য অনেকগুলো প্রকল্প হাতে নেয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্ট করা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা যাওয়াটা খুবই দুঃখজনক। যখনই আমরা বৃষ্টি বা ঝড়ের আভাস পাচ্ছি তখনই সবাইকে সচেতন করা হচ্ছে। লাইন ছিঁড়ে যাওয়াটা দুর্ঘটনা ছাড়া তেমন কিছুই না।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) পরিচালক মো. কাওসার আমির আলী বলেন, আমরা বস্তিতে ১০টি ঘরের জন্য একটি লাইন ও মিটার দিই। ঐ ১০টি পরিবার একসঙ্গে লাইনটি ব্যবহার করে। আমাদের দায়িত্ব সংযোগ দেওয়া মিটার পর্যন্ত। ভেতরের বিষয় আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। স্থাপনার কারণেই তাদের লাইন দুর্বল থাকে। আমরা ধারণা করছি, ঐসব লাইন ছিঁড়ে বা লিক হয়ে বিদ্যুতায়িত হয়। আর আমাদের প্রতিষ্ঠানের কেউ যদি অবৈধ সংযোগ দেওয়ায় যুক্ত থাকে, তাহলে প্রমাণসাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যুতায়িত হলে তাৎক্ষণিক করণীয়:
বহু ঘটনা রয়েছে যে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পাশের মানুষটি তাকে বাঁচাতে গিয়ে নিজেও আক্রান্ত হয়েছেন। অগ্নিকাণ্ড এবং দুর্যোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ বলেছেন, বৈদ্যুতিক দুর্ঘটনায় সবচেয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। এতে আক্রান্ত ব্যক্তি বিদ্যুৎ সংযোগ থেকে আলাদা হয়ে যাবেন। কিন্তু সংযোগ বন্ধ করা সম্ভব না হলে কোনোভাবেই নিজে খালি হাতে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করা যাবে না। পায়ে জুতো বা স্যান্ডেল পরে, শুকনো কাঠের টুকরো, বাঁশ, রাবার দিয়ে তৈরি কোনোকিছু দিয়ে, দূরত্ব বজায় রেখে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে হবে। কিন্তু কোনোভাবেই ধাতব এবং ভেজা কিছু ব্যবহার করা যাবে না। এর কোনো কিছুই করা সম্ভব না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ অফিসে খবর দেওয়া উচিত।
সহজ কিছু প্রাথমিক চিকিৎসা:
‘ক্রিটিকাল কেয়ার এবং ইমারজেন্সি মেডিসিন’ বিশেষজ্ঞ ডা. রাগিব মনজুর বলেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে মাথা ঠান্ডা রাখা জরুরি। আক্রান্ত ব্যক্তির শরীর পুড়ে গেলে, হার্টের সমস্যা হলে, অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে না নেয়া পর্যন্ত তাকে বালিশ ছাড়া মাটিতে একপাশে কাত করে শুইয়ে দিতে হবে। শরীরের কাপড় ঢিলা করে দিতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শরীরে রক্তসঞ্চালন বাড়াতে মালিশ করে দেওয়া যেতে পারে। জিহ্বা উল্টে গেছে কিনা পরীক্ষা করুন, উল্টে গেলে আঙুল দিয়ে তা সোজা করে দিন।
বিদ্যুৎ সংযোগে যেসব সতর্কতা দরকার:
বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ বলেন, অসতর্কতার কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা বেশি ঘটে। প্রায়ই কাটা বিদ্যুতের তার পড়ে থাকে বিভিন্ন জায়গায়। বিদ্যুতের তার, সুইচ এবং সংযোগের জন্য দরকারি অন্যান্য যন্ত্র নিয়মিত পরীক্ষা করা, ত্রুটি থাকলে তা সারিয়ে নেয়া, দরকার হলে তার বা সুইচ ইত্যাদি বদলে ফেলার অভ্যাস করতে হবে। বিদ্যুতের তার টেপ দিয়ে জোড়া লাগানোর প্রবণতা বন্ধ করতে হবে। ঘরে যত্রতত্র মাল্টি-প্লাগ ব্যবহার করা উচিত নয়। ঘর যেন স্যাঁতসেঁতে না থাকে এবং বিদ্যুতের উৎসের কাছাকাছি ভেজা কিছু না থাকে- সেটি নিশ্চিত করতে হবে। অন্য কোথাও থেকে অবৈধ সংযোগ নেয়ার ফলে প্রচুর দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ জোড়া দেওয়া তার বৃষ্টিতে ভিজে যায়। মানসম্পন্ন তার ও বৈদ্যুতিক সরঞ্জাম কিনতে হবে। যত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হবে- সেই চাপ নেয়ার উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করতে হবে। প্রায়ই দেখা যায় কোনো ভবন তৈরির পর ইচ্ছেমত এসি ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী বসানো হচ্ছে- যা বিদ্যুতের লোড বাড়িয়ে দেয়। কোনো সমস্যা হলে বিদ্যুৎ সংযোগ নিজেই বন্ধ হয়ে যাবে- এমন অটোমেটিক সার্কিট ব্রেকার এবং মেইন সুইচ থাকা খুবই জরুরি। সবসময় আর্থিং করা থাকতে হবে।
বিদ্যুৎ আইন, ২০১৮-এ যা আছে-
বিদ্যুৎ চুরির দণ্ড:
(১) কোনো ব্যক্তি বাসগৃহ বা কোনো স্থানে ব্যবহারের উদ্দেশে বিদ্যুৎ চুরি করিলে অনধিক তিন বছর কারাদণ্ড অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন।
(২) কোনো ব্যক্তি শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করিলে অনধিক তিন বছর কারাদণ্ড অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন।
বিদ্যুৎ অপচয় করিবার দণ্ড:
কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিদ্যুৎ অপচয় করিলে বা বিদ্যুতের সরবরাহ ঘুরাইয়া দিলে অথবা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিবার উদ্দেশে কোনো বিদ্যুৎ সরবরাহ লাইন বা পূর্তকর্ম কাটিয়া দিলে বা ক্ষতিগ্রস্ত করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অন্যূন এক বছর এবং অনধিক তিন বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।
অবৈধ, ত্রুটিযুক্ত বিদ্যুৎ সরবরাহ করিবার দণ্ড:
(ক) সরবরাহ এলাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ করিলে বা কোনো বিদ্যুৎ লাইন বা পূর্তকর্ম স্থাপন করিলে;
(খ) এই আইন বা বিধির কোনো বিধান লঙ্ঘন করিলে বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিলে; অথবা
(গ) ত্রুটিযুক্ত বিদ্যুৎ লাইন স্থাপন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত লাইসেন্সি অথবা অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিরা অনধিক এক বছর কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।











































