স্টাফ রিপোর্টার
খুলনায় এক দিনের ব্যবধানে এশিয়ান নার্সিং কলেজের দুই ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে সুজাতা মন্ডল এবং শনিবার (ফেব্রুয়ারি) রাতে সীমা খাতুন নামের দুই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তারা দুই জনই নগরীর শেখপাড়া এলাকার পৃথক দুটি বাড়িতে ভাড়া থাকতেন।
মারা যাওয়া সুজাতা মন্ডলের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার আমিরপুর গ্রামে। তার বাবার নাম শ্যামল কান্তি মন্ডল। তিনি এশিয়ান নার্সিং কলেজে বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সীমা খাতুন ছিলেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি জেলার তেরখাদা উপজেলায়।
এদিকে, একই প্রতিষ্ঠানের দুই ছাত্রীর মৃত্যুতে অন্য সহপাঠীরা মুষড়ে পড়েছেন। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সুজাতা মন্ডল কলেজের পাশে শেখপাড়া প্রধান সড়কের হাসিবুর রহমানের বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। শুক্রবার তার ঘর থেকে মোবাইল ফোন কলের শব্দ আসছিল। কিন্তু, কেউ ফোন ধরছে না দেখে পাশের ঘরের বাসিন্দা সুজাতার কক্ষের দরজার ছিদ্র দিয়ে উঁকি দেন। তিনি ঘরের সিলিংয়ে সুজাতার মরদেহ ঝুঁলতে দেখে স্থানীয় কাউন্সিলরকে জানান। কাউন্সিলর সোনাডাঙ্গা থানাকে জানান। পরে দুপুরে পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
সহপাঠীরা জানান, বৃহস্পতিবার সুজাতা কলেজে যাননি। প্রতিবেশীরা জানান, বুধবারের পর থেকে সুজাতাকে ঘরের বাইরে দেখা যায়নি। তিনি একাই ওই ঘরে ভাড়া থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে সুজাতা ছিলেন সবার বড়।
সোনাডাঙ্গা থানার এএসআই আশিকা রেজা বলেন, ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে থাকা মরদেহটি কিছুটা ফুলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, বুধবার বিকেলে অথবা রাতেই তিনি আত্মহত্যা করেছেন। দীর্ঘ সময় মরদেহ ঝুলন্ত অবস্থায় থাকায় শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেখপাড়া হাজি ইসমাঈল ক্রস রোডের আমির মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন সীমা খাতুনসহ আরও ৪ ছাত্রী। গতকাল বৃহস্পতিবার সবাই বাড়ি চলে যাওয়ায় সীমা একাই বাড়িতে ছিলেন। প্রতিবেশীদের সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টায় পুলিশ ঘরের ফ্যান ঝুলানোর হুকে ঝুলন্ত অবস্থায় সীমার মরদেহ উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার এসআই আবদুল হাই বলেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। শুনেছি ৩ মাস আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছিল। স্বামীর নাম আজিম।
এ বিষয়ে এশিয়ান নার্সিং কলেজের কারও বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফাহিমা নূর লুবনার ব্যক্তিগত নম্বরে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, দুই জনই সুইসাইড নোটে লিখেছে, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে দুটি ছাত্রীই যেহেতু একই প্রতিষ্ঠানের, এ ঘটনায় প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা আমরা তদন্ত করছি। এছাড়া একজনের প্রেমের সম্পর্কের কথাও শোনা যাচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবার যদি কোনো মামলা করতে চাই তাহলে মামলা নেওয়া হবে।











































