Home আঞ্চলিক ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে জমে উঠেছে চারদিনের ফুল উৎসব

ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে জমে উঠেছে চারদিনের ফুল উৎসব

90

বেনাপোল প্রতিনিধি।।
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালিতে জমে উঠেছে চারদিনের ফুল উৎসব।
ফুল উৎসবের শেষ দিনে আজ শনিবার হাজার হাজার ফুল প্রেমী মানুষের ভড়ি ছিল চোখে পড়ার মত। অধিকাংশ ফুল প্রেমীরা তাদের পরিবার পরিজন নিয়ে আসে ফুল উৎসবে। গত বুধবার বিকেলে গদখালীর পানিসারা হাড়িয়া ফুল মোড়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

শনিবার ফুলমেলা পরিদর্শনে আসেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য তৌহিদুজ্জামান তুহিন। তিনি এদিন কৃষি উদ্যোক্তাদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষ ঝিকরগাছাকে চেনেন গদখালির ফুলের রাজ্যের কারণে। তাই গদখালিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেগুলো তিনি করবেন।

বক্তৃতা শেষে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের কাছ থেকে গ্রাম বাংলার ঐতিহ্য এই জিনিস ক্রয় করেন। আজ ৩ ফেব্রুয়ারি এই ফুল উৎসব শেষ হবে। এবারের মেলায় ফুলচাষী, ব্যবসায়ী ও দর্শনার্থীরা অংশ নিচ্ছেন। মেলায় ১৪টি স্টলে এ অঞ্চলের বিভিন্ন পণ্য ব্র্যান্ডিং করা হয়। ফুলের পাশাপাশি এখানকার স্টলে পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার নকশি কাঁথা, গ্রাম বাংলার পিঠা, গোলাপের তৈরি সাবান, গোলাপের ডাল দিয়ে তৈরি নানা অলঙ্কার ও খেজুরের পাতা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র। ফুল মেলাকে কেন্দ্র করে উৎসবে মেতেছেন এ অঞ্চলের ফুলচাষি ও দর্শনার্থীরা। ফুলক্ষেতকে নবরূপে সাজানো হয়েছে। প্রতিটি ফুল শেডকে একেকটি স্টলে রূপান্তর করা হয়েছে। এ মোড়ে অবস্থিত রেস্টুরেন্টগুলোকেও ফুলক্ষেতের আদলে রূপ দেওয়া হয়েছে। এখানে সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে ফুলের সাথে ছাতার পার্ক। ফুলের সাথে সাথে লাইন দিয়ে থাকা ছাতা মানুষকে মুগ্ধ করছে। হাজার হাজার মানুষ ভিড় করছেন এখানে ছবি তোলার জন্য। বাবলুর রহমান নামে একজন ফুল চাষি জানান, ফুল উৎসবকে কেন্দ্র করে নতুন করে সেজেছে ফুলের রাজ্য গদখালী-পানিসারা এলাকা। ফুল উৎসবকে কেন্দ্র করে নতুন করে প্রতিটি ঘরে ঘরে উৎসবে মেতেছে।
সোমাইয়া খাতুন নামে আরেক ফুল চাষি বলেন,‘এই মেলা আমাদের ফুল চাষিদের মিলনমেলায় পরিণত করেছে। আমরা চাই প্রতিবছর এমন মেলা আয়োজন করুক প্রশাসন।’

ফুল বিক্রেতা রুবল রহমান বলেন, অন্যবারের তুলনায় এবার লোক বেশি হওয়ার কারণে ফুল বিক্রি অনেক বেশি তাই তারা তৈরি করে পারছেন না ফুলের মালা।
ঝিনাইদহ থেকে আসা লিজা খাতুন বলেন, তিনি ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে জানতে পারেন গদখালী একটি ফুলের রাজ্য। এই রাজ্য তিনি নিজের চোখে দেখতে পেরে খুবই আনন্দিত। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। জীবনে প্রথম তিনি এত ফুল একসাথে দেখে আনন্দে আত্মহারা হন।

১৯৮২ সালের দিকে রজনীগন্ধ্যা চাষের মাধ্যমে গদখালী-পানিসারা এলাকায় ফুল চাষ শুরু হয়। বর্তমানে এখানকার প্রায় ৬ হাজার ফুল চাষি ১২০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে রজনীগন্ধ্যা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্রমল্লিকাসহ ১২ ধরনের ফুল চাষ করে থাকেন। দেশের মোট চাহিদার প্রায় ৭০ ভাগ ফুল যশোরের গদখালী থেকে সরবরাহ করা হয়। দেশের গন্ডি পেরিয়ে যশোরের ফুল রফতানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বেশ দেশে।