ঢাকা অফিস।।
টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠে বানানো হয়েছে বেশ কিছু চৌবাচ্চা। এখানকার পানি দিয়ে অজু, গোসল এবং রান্নাবান্না সারেন মুসল্লিরা। তার সঙ্গেই রয়েছে খাবার পানির পাইপ। তবে ইজতেমার প্রথম দিন উভয়টিতেই ছিল তীব্র পানির সংকট। পাইপে খাবার পানি না পেয়ে নোংরা চৌবাচ্চার তলানিতে জমে থাকা পানি খেতে হয়েছে অনেক মুসল্লিকে। এতে তাদের ডায়রিয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মুসল্লিরা বলেছেন, বুধবার থেকেই পানির কষ্টে আছেন তারা। পাশাপাশি অস্থায়ী হোটেলগুলোতেও বিক্রি হচ্ছে নিম্নমানের খাবার। এসব বিষয়ে কর্তৃপক্ষের তেমন তৎপরতা নেই বলে মুসল্লিদের অভিযোগ। তবে এসব দুর্ভোগ সয়েই ইজতেমায় অংশ নিয়েছেন লাখ লাখ মুসল্লি।
গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব। প্রায় দুই বর্গকিলোমিটার আয়তনের মূল শামিয়ানার নিচে তিল ধারণের ঠাঁই নেই। বৃহস্পতিবার রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান।
জুমার নামাজ আদায়ের জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্রোত নেমে আসে ইজতেমা ময়দানে। আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মানুষের ঢল নামে।
মূল মঞ্চ থেকে প্রচার হচ্ছিল হেদায়েতের বাণী। জুমার নামাজ উপলক্ষে কিছু সময়ের জন্য লাখ লাখ মুসল্লির এ বিশাল জমায়েত যেন থমকে যায়। পিনপতন নীরবতা নেমে আসে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার ময়দানে। কাকরাইল মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়েরের ইমামতিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসলমান আদায় করেন পবিত্র জুমার নামাজ।
বেলা ১১টার পর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়কসহ আশপাশের সব রাস্তা ও খোলা জায়গায় মুসল্লিরা জুমার নামাজের জন্য বসে পড়েন। ইজতেমা ময়দানের মিডিয়াবিষয়ক সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, জুমার নামাজে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
গতকাল ফজরের নামাজের পর পাকিস্তানের প্রখ্যাত আলেম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আহমদ বাটলারের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। উর্দু ভাষার এ বয়ানকে তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করে শোনান মাওলানা নূরুর রহমান। সকাল ১০টার পর থেকে তালিম করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। জুমার নামাজের পর হেদায়াতি বয়ান পেশ করেন জর্ডানের জিম্মাদার শেখ ওমর খতিব। আসরের পর বয়ান করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা যোবায়ের। মাগরিবের পর বয়ান মঞ্চে আসেন ভারতের আহমেদ লাট। বাংলায় তরজমা করেন মাওলানা ওমর ফারুক।
মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা আশপাশের রাস্তা ও গলিতে জুমার নামাজে শরিক হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় খুতবা শুরুর আগেই। অগণিত মুসল্লি মহাসড়কে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন। এ সময় দু’দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মূল প্যান্ডেলের বাইরেও নিজ উদ্যোগে শামিয়ানা তৈরি করে আশ্রয় নেন মুসল্লিরা।
৪৩টি দেশের ১ হাজার ৫৬৯ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন। বিদেশিদের আগমন অব্যাহত রয়েছে। বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসহ সুপেয় ঠান্ডা ও গরম পানি এবং রান্নার জন্য গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, সুদান, নাইজেরিয়া, আফ্রিকা, মালয়েশিয়া, ইয়েমেন, ইন্দোনেশিয়া, সোমালিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, শাদ, লিবিয়া, ইতালি, ইরান, ইরাক, কুয়েত, কাতার, পাকিস্তান, সৌদি আরব, মিসর, কানাডা, পানামাসহ বিভিন্ন দেশের মুসলমান বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন বলে বিদেশি মেহমান ক্যাম্প সূত্র জানায়।
বিদেশি মেহমানের সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি মেহমানদের জন্য পৃথক বিদেশি নিবাস নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
পানির তীব্র সংকট
ইজতেমার মাঠের ভেতর জুমার নামাজের আগে কয়েকটি চৌবাচ্চায় পানির সংকট দেখা দেয়। পানি সংকটের কারণে অনেক মুসল্লি চৌবাচ্চার নিচে থাকা ময়লা পানি দিয়ে অজু ও গোসল সেরেছেন। অনেককে এই পানি খেতে হয়েছে।
ইজতেমার মাঠে ইব্রাহিম মিয়া ময়লা পানি দিয়ে অজু করছিলেন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টা থেকেই পানি সংকট দেখা দিয়েছে। পানির পাইপ দিয়ে পানি কম আসছে। যতটুকু পানি পাওয়া যাচ্ছে তাতে ময়লা ভাসছে। এতে খুব সমস্যা হচ্ছে।
আরেক মুসল্লি নজরুল ইসলাম বলেন, সকালে চৌবাচ্চায় পর্যাপ্ত পরিমাণ পানি ছিল। বেলা ১১টার পর থেকে সংকট দেখা যায়। পানি যা ছিল তার মধ্যে ময়লা-আবর্জনা। ময়লা পানি দিয়েই অজু করেছি। পানির জন্য রান্নাবান্নার কাজে সমস্যা হচ্ছে।
অনেক মুসল্লি জানান, দুই দিন থেকেই পানির সংকট চলছে। তবে ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার জুমার নামাজের দিন। ইজতেমায় আগত মুসল্লিরা অজু করছেন। শুক্রবার জুমার নামাজের আগে অনেক মুসল্লি গোসল করেছেন। এ কারণে নামাজের আগে কিছুটা পানির সংকট দেখা দিয়েছে। ইজতেমায় পানির পাম্পের কোনো সমস্যা হয়নি।
ভ্রাম্যমাণ হোটেলে অস্বাস্থ্যকর খাবার
ইজতেমাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতসহ ইজতেমা মাঠের আশপাশে বসেছে মৌসুমি হোটেল-রেস্টুরেন্ট। এতে বিক্রি হচ্ছে মুখরোচক খাবার। এসব খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন মুসল্লিরা।
ইজতেমা ময়দানের আশপাশ ঘুরে দেখা যায়, টঙ্গী চেরাগআলী, মিলগেট, আব্দুল্লাহপুর, টঙ্গী বাজার ও কামারপাড়া রোডে এসব খাবারের দোকান বসছে। এসব দোকান ও হোটেলে লোকজনের ভিড় লেগেই আছে। একজন খাবার শেষ করে উঠতে না উঠতেই আরেকজন বসে পড়েন। হোটেলের তরকারিগুলোতে তেল ও মসলা ছাড়া আর কিছুই দেখা যায় না। খাবারের ওপর নেই ঢাকনা।
তাবলিগ জামাতের মুসল্লি আমিনুল ইসলাম বলেন, আমাদের জামাতে খাবার রান্না করা হয়। সেখানেই খাবার খাই। তবে সাথি নিয়ে বাইরে এলে আমরা হোটেলের খাবার কিনে খাই। বাইরের হোটেলগুলোর খাবারের মান খুবই খারাপ। ভালো মানের হোটেল না থাকায় মুসল্লিরা এসব খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন।
আলমগীর হোসেন নামে আরেক মুসল্লি বলেন, একটি কাজে ময়দান থেকে সকালে বের হয়েছিলাম। কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে। ইজতেমা মাঠের পাশে রহমত হোটেলে খাবার খেয়ে নিয়েছি। খাবারের মান একটুও ভালো না। প্রচুর তেল ও মসলা দিয়ে তরকারি রান্না করেছে।
ইজতেমা ময়দানের পাশে স্টেশন রোড এলাকায় হাজী বিরিয়ানি হাউসের মালিক দেলোয়ার হোসেন জানান, তিন দিন আগে তারা এটি চালু করেছেন। তাঁর দাবি, এখানে কোনো বাসি খাবার বিক্রি করা হয় না।
বিশ্ব ইজতেমায় নিয়োজিত স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। কোনো ধরনের অনিয়মের খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও দুই মুসল্লির মৃত্যু
মতিউর রহমান ও এখলাছুর রহমান নামে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় পাঁচজনের মৃত্যু হলো। শুক্রবার ভোরে মতিউর রহমানের ময়দানে শ্বাসকষ্ট হলে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে। নেত্রকোনা সদর উপজেলার স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে এখলাস উদ্দিন বার্ধক্যজনিত সমস্যার কারণে মারা যান। এর আগে ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হয়।











































