ক্রীড়া প্রতিবেদক
দুর্দান্ত জয়ে দশম বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপরেই যেন খেই হারিয়েছে দলটি। টানা তিন ম্যাচ হেরে হ্যাটট্রিক করে তামিম ইকবালের দল।
শনিবার সিলেট পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১০ রানে হেরেছে বরিশাল। এমন হারের পেছনে ভূমিকা রেখেছে বরিশাল ব্যাটসম্যানদের স্লো রানরেট। সৌম্য সরকার ও মুশফিকুর রহিমরা স্ট্রাইক রোটেট করে খেলতে পারেননি। এমনকি তামিমও ৩৩ রান করেছেন ৩০ বলে।
এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজও জানিয়েছেন ম্যাচ হারের পেছনে স্লো রানরেটের ভূমিকার কথা। তার মতে, টি-২-তে বেশি রান করতে হলে কোনো ওভারেই রিল্যাক্স হয়ে খেলা যাবে না। তাই হারের জন্য বরিশাল অলরাউন্ডার ব্যাটারদের ওপরই দায় দিয়েছেন।
মিরাজ বলেন, ‘টি-২০তে বেশি রান করতে গেলে প্রত্যেক ওভারে রান-রেট ঠিক রাখতে হবে। আমরা ১৯৪ রান চেজ করতে নেমেছি, সাড়ে ৯ করে লাগে ওভারে। এখানে (টি-২০) কোন ওভারে রিল্যাক্সে খেলা যাবে না। প্রথম ৬ ওভারে আমরা যেভাবে খেলেছি, ২০ ওভার পর্যন্ত ওভাবে খেলতে হবে। এভাবে না খেললে রান-রেট বেড়ে যাবে।’
ছোট ছোট ভুলগুলোর জন্যই এই পরাজয় বলে মন্তব্য মিরাজের, ‘ওরা (চট্টগ্রাম) মাঝখানে দুটো ওভার ভালো বোলিং করেছে। ওই সময় তিনটা উইকেটে চলে গেছে আমাদের। উইকেটও পড়েছে, আবার রান-রেটও বেড়েছে। একটা সময়ে আমাদের ১৪ করে রান লাগতেছিল। ওটা যদি ১০/১১ বা কাছাকাছি থাকতো, তাহলে হয়তো আমাদের জন্য সহজ হত। আমরা ১০ রানে হেরেছি, একটা ওভার বেশি রান হতেই পারে। উইকেটটা ভালো। আমাদের ছোট-ছোট যে ভুলগুলো ছিল এজন্য আমরা হেরে গেছি।’











































